গোলাপগঞ্জ সোসাইটির ভোটার তালিকা নির্বাচন কমিশনে হস্তান্তর

নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটি নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা ও গঠনতন্ত্র হস্তান্তর করা হয়েছে।
১৫ ডিসেম্বর জ্যামাইকার একটি রেস্টুরেন্টের মিলনায়তনে কার্যকরী পরিষদ ও নির্বাচন কমিশনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সংগঠনের নির্বাচনের জন্য ভোটার তালিকা ও গঠনতন্ত্র আনুষ্ঠানিক ভাবে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়।
ভারপ্রাপ্ত সভাপতি শেখ আতিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলিম আহমদের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনের ইশতেহার, নমিনেশন ফি ও নির্বাচন প্রক্রিয়ার বিধান নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করে তা অনুমোদন করা হয়।
সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্যানেলের মাধ্যমে নমিনেশন জমা দিতে হবে। নিউইয়র্কের স্টেটে বসবাসকারী সংগঠনের সদস্য হতে হবে। ভোটার তালিকায় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তির নাম থাকতে হবে অর্থাৎ নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির বৈধ সদস্য হতে হবে। সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ প্রার্থীর আমেরিকায় বসবাসের বৈধতা থাকতে হবে। প্রার্থীকে নমিনেশন ফিসহ দুই কপি ছবি, একজন প্রস্তাবকারী ও দুজন সমর্থনকারীর স্বাক্ষরসহ নমিনেশন ফরম পূরণ করে প্যানেলের মাধ্যমে জমা দিতে হবে। সভাপতি ও সাধারণ সম্পাদক ৪০০ ডলার, সম্পাদকীয় পদ ২০০ ডলার, সদস্য ১০০ ডলার করে নমিনেশন ফি নির্ধারণ করা হয়। সর্বমোট ৩৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
২৫ বুধবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত নির্বাচন কমিশন ১৫৩-৩৩ হিলসাইড অ্যাভিনিউয়ে একটি রেস্টুরেন্টের মিলনায়তনে নমিনেশন জমা নেওয়া হবে।
প্রধান নির্বাচন কমিশনার ওহিদুর রহমান, কমিশনের সদস্য ফরহাদ আহমদ চৌধুরী ও আবদুল ওয়াদুদ চৌধুরী, কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে এবাদ চৌধুরী, আবদুল মুমিত চৌধুরী, সৈয়দ সেলিম, ফয়সল আহমদ, ওয়াহিদ পারভেজ, নুর উদ্দিন, সাবেরা চৌধুরী, রাফাত চৌধুরী, মিছবাহ আহম, জাহেদ জরিফ, ইমরান আহমদ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার ওহিদুর রহমান, ফরহাদ আহমদ চৌধুরী, আবদুল ওয়াদুদ চৌধুরী ঐতিহ্যবাহী গোলাপগঞ্জবাসীর সংগঠনের নির্বাচনে দলমত-নির্বিশেষে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
গোলাপগঞ্জবাসীকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন—শেখ আতিকুল ইসলাম, এবাদ চৌধুরী, হেলিম আহমদ, আবদুল মুমিত চৌধুরী, ফয়সল আহমদ, সৈয়দ সেলিম ও ওয়াহিদ পারভেজ।