গোল্ডেন বাংলাকে হারিয়ে চ্যাম্পিয়ন ঈগলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঈগলস ক্রিকেট ক্লাবকে শেডস অব ভিশনের পক্ষ থেকে পাঁচ হাজার ডলারের চেক দেওয়া হয়

এনওইয়াইবিসিএলের পরিচালনায় নিউইয়র্ক-বাংলাদেশ টি-২০ লিগের ফাইনালে গোল্ডেন বাংলা ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ঈগলস ক্রিকেট ক্লাব।

৩ অক্টোবর লিগের ফাইনালে টসে জিতে গোল্ডেন বাংলা ক্রিকেট ক্লাব শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রান করে। গোল্ডেন বাংলার ব্যাটসম্যান মো. জাফর রাফি সর্বোচ্চ ৩৭ ও সুমন বারী ৩০ রান করেন। ঈগলসের স্পিনার মাসুদ ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ২ উইকেট।

জয়ের জন্য ১১৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ঈগলস ক্রিকেট ক্লাবের অলরাউন্ডার ফয়সালের অর্ধশতকে মাত্র ১২ দশমিক ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান টপকে যায়। ঈগলসের ফয়সল আহমদ মাত্র ৩৩ বলে ৬৭ রান করেন। যার মধ্যে ছিল ৮টি ছক্কা ও দুটি চার। গোল্ডেন বাংলার পক্ষে মো. নাজু ও জনি নেন ১ উইকেট। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফয়সাল আহমদ।

এই ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঈগলস ক্রিকেট ক্লাবকে শেডস অব ভিশনের পক্ষ থেকে পাঁচ হাজার ডলারের চেক দেওয়া হয়। রানার আপ গোল্ডেন বাংলা ক্রিকেট ক্লাবকে দুই হাজার ডলারের চেক প্রদান করে সিলেট ফার্মেসি।

এ ছাড়া ইয়ুথ চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে কোর অ্যান্ড ক্রেডিট ও ইমিগ্রান্ট এল্ডার হোমের পক্ষ থেকে দেওয়া হয় এক হাজার ডলার। সেমিফাইনালের দুই দলকেও দেওয়া হয় এক হাজার ডলার।

এদিকে করোনাকালে সফলভাবে এই ক্রিকেট টুর্নামেন্ট শেষ করার জন্য স্পনসর, মিডিয়া পার্টনার আওয়াজবিডিকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান এনওইয়াইবিসিএলের প্রেসিডেন্ট সারওয়ার চৌধুরী।

ফাইনাল খেলার ধারাভাষ্য ও অনুষ্ঠান উপস্থাপনা করেন শাহ আহমদ। পরিচালনা করেন এনওইয়াইবিসিএলের ডিরেক্টর ও ট্রেজারার ওয়েছ আহমদ, মেহরাজ মাসুদ, শামস হুদা এবং মাকসুদুর রহমান।