মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। সেগুলোর মধ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো টুকরো খবর

লিবার্টারিয়ান প্রেসিডেন্ট পদপ্রার্থী, নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সাবেক গভর্নর গ্যারি জনসনকে একসময় গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল। ভাবা হয়েছিল, ট্রাম্প ও হিলারিকে যাঁরা পছন্দ করেন না, আর তাঁদের সংখ্যাই বেশি, তাঁরা হয়তো এই জনপ্রিয় সাবেক রিপাবলিকান গভর্নরকেই ভোট দেবেন। একপর্যায়ে তিনি ভোটারদের ১৪ শতাংশের সমর্থন আদায়ে সক্ষম হন। কিন্তু এই মুহূর্তে তাঁর সমর্থন রয়েছে মাত্র ২ বা ৩ শতাংশ ভোটারের।
জনসনের এই পতনের প্রধান কারণ আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে তাঁর জ্ঞান-বুদ্ধি নিয়ে সন্দেহ। তার প্রমাণ তিনি নিজেই বেশ কয়েকবার দিয়েছেন।
কয়েক সপ্তাহ আগে জনসনকে সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত আলেপ্পো শহরের কথা জিজ্ঞেস করা হয়েছিল। উত্তরে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘আলেপ্পো আবার কী? সপ্তাহ দুয়েক আগে তাঁকে নিজের পছন্দের কোনো বিদেশি রাজনীতিকের নাম করতে বলা হয়েছিল। জনসন কোনো নাম মনে করতে পারেননি। সর্বশেষ দিন দুয়েক আগে গার্ডিয়ান পত্রিকার এক সাংবাদিক লাসভেগাসে জনসনের মুখোমুখি হন সাক্ষাৎকারের জন্য। করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিয়ে জনসন তাঁকে বলেন, ‘আমি হচ্ছি একজন আস্ত গবেট। সত্যি বলছি, সারা জীবনেও আমার মতো এমন মহামূর্খের সন্ধান তুমি পাবে না।’