গ্যাসবিহীন পঁয়ত্রিশ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ চুলোয় আগুন দেখে ভাবতেও অবাক লাগে দীর্ঘ পঁয়ত্রিশ দিন এই চুলোয় কোনো রান্না হয়নি। গ্যাসের গন্ধ টের পাওয়ার সঙ্গে সঙ্গে ন্যাশনাল গ্রিডকে (গ্যাস সাপ্লাই কোম্পানি) কল করি, তারা কালবিলম্ব না করে চলে আসে এবং কিছু পরীক্ষা করে লিক শনাক্ত করে গ্যাস সরবরাহ সংযোগ বন্ধ করে দেয়। আমাদের বলে লাইসেন্সধারী প্লাম্বার ডেকে গ্যাসলাইন মেরামত করে ন্যাশনাল গ্রিডকে জানাতে। পরে তারা পরীক্ষা করে আবার গ্যাস সংযোগ করে দেবে।

তারপর শুরু হলো লাইসেন্সধারী প্লাম্বার খোঁজা। ক্রইসলিস্ট ঘেঁটে পাওয়া গেল লাইসেন্সধারী প্লাম্বার। আলাপে জানলাম, গ্যাস লাইনের কাজ তাঁর কাছে নস্যি। তবে তাঁর মজুরি একটু বেশি। যাক দর-কষাকষি করে একটা সিদ্ধান্তে আসা গেল।

পরদিন ওরা তিনজন এলেন। চুক্তিপত্র প্রস্তুত। কাজ শুরুর আগেই পঞ্চাশ শতাংশ পরিশোধ করার দাবি। চুক্তিপত্র দেখে অগাধ বিশ্বাস রেখে তাঁকে অর্ধভাগ পরিশোধ করা হলো। না করেও উপায় নেই! আমাদের দৈনন্দিনের স্নানাহারের ব্যাপার।

তৎক্ষণাৎ কাজ শুরু করে দিলেন তাঁরা। ঘণ্টা দু-এক কাজ করেই বলল, গ্যাস লিকের সমাধান হয়েছে। এখন শুধু ন্যাশনাল গ্রিডের সঙ্গে যোগাযোগ করে গ্যাস লাইন খুলতে হবে। বলেই আবার টাকার দাবি করে বসল। বাকি অর্ধেকের এক-তৃতীয়াংশ পরিশোধ করতে হবে। না হলে তারা গ্যাস সাপ্লাই কোম্পানিকে কিছু বলবে না। উপায়ান্তর না দেখে টাকা দেওয়া হলো। না হলে গ্যাস তো আসবেই না বরং যে টাকা দেওয়া হয়েছে সেটাও গচ্চা। শুরু হলো প্রতীক্ষার পালা। যত দিন যায়, তত আমাদের ভোগান্তি বাড়ে। এদিকে বিকল্প ব্যবস্থায় গোসল ও রান্নার কাজ চলতে লাগল। সুহৃদরা সহানুভূতিপূর্ণ যুক্তি দেখিয়ে সান্ত্বনা দিলেন। আমার মেয়ের ছুটির দিনে অনেক কিছু রান্না করে করে পাঠাল।

প্রতিদিন প্লাম্বারের সঙ্গে যোগাযোগ। কিন্তু কোনোভাবেই আশান্বিত হওয়া গেল না। ন্যাশনাল গ্রিডের সঙ্গে যোগাযোগ করে জানলাম, আমার বর্ণিত নাম ও লাইসেন্স নম্বরের কোনো ইনফরমেশন তাঁদের কাছে নেই। বুঝে গেলাম আমার টাকাগুলো জলে গেছে।
ভুয়া প্লাম্বারের পাল্লায় পড়ে প্রতারিত হয়েছি। অগত্যা অন্য প্লাম্বার ডেকে সবকিছুর সমাধান করতে হলো। এখন ভাবছি প্রতারক প্লাম্বারকে আইনের আওতায় এনে কীভাবে বিচারের সম্মুখীন করা যায়। টাকা ফেরত পাই বা না পাই সেটা বড় কথা নয়, কথা হচ্ছে আমার এই পরিস্থিতি যেন অন্য কোনো বাঙালির না হয়।