গ্রাউন্ড জিরোয় ফুল আর সিক্ত নয়নে স্বজনদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ১৭ বছর আগে সন্ত্রাসী হামলায় হারিয়েছেন প্রিয় স্বজনদের। কিন্তু এখনো তাঁদের স্মৃতি তরতাজা। ১১ সেপ্টেম্বর তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে গ্রাউন্ড জিরোতে এলেন স্বজনেরা।  প্রথম আলো
প্রায় ১৭ বছর আগে সন্ত্রাসী হামলায় হারিয়েছেন প্রিয় স্বজনদের। কিন্তু এখনো তাঁদের স্মৃতি তরতাজা। ১১ সেপ্টেম্বর তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে গ্রাউন্ড জিরোতে এলেন স্বজনেরা। প্রথম আলো

বিশ্ব বাণিজ্য কেন্দ্রের (ডব্লিউটিসি) সেই ভয়াবহ হামলার বর্ষপূর্তি ছিল ১১ সেপ্টেম্বর। এদিন গ্রাউন্ড জিরোর চারপাশে দাঁড়িয়ে সকাল থেকে নিহতদের নামগুলো পড়ছিলেন স্বজনেরা। দুজন করে দাঁড়াচ্ছিলেন মাইকের সামনে। পড়ছিলেন নাম। অনেক নাম পড়া শেষে নিজের স্বজনের নামটি উল্লেখ করছিলেন। এরপর অন্য একটি মাইকের সামনে দাঁড়িয়ে যাচ্ছিলেন অন্য দুজন। তারাও একইভাবে পড়ছিলেন পরবর্তী নামগুলো। শেষ নামটি অর্থাৎ স্বজনের নামটি উচ্চারণ করার পর তাঁর সম্পর্কে বলছিলেন দু-এক কথা। সে সময় কারও কারও গলা কেঁপে উঠছিল। কেউ কিছুক্ষণ চুপ থেকে কান্না লুকাচ্ছিলেন। কেউ ভেতর থেকে উঠে আসা কান্না লুকানোরও চেষ্টা করেননি, কেঁদেছেন। যারা শুনছিল, তারাও সে সময় বাকরুদ্ধ।

এই যে কালো রঙের এক অসীম শূন্যতা তৈরি করা হয়েছে এবং অবিশ্রাম জলধারা এসে সিক্ত করে চলেছে এই শূন্যতাকে, তাতে মনে হয় নিহতদের প্রতি এ যেন জীবিত মানুষের ভালোবাসার স্রোত।
সাদা-কালো-বাদামি—সব বর্ণের মানুষই ঘোষণা করছিলেন নাম। তাদের নানা বয়স। শত কথার মাঝে এঁদেরই একজনের একটি কথা আমার মনে গেঁথে গেল। স্বজনকে স্মরণ করে তিনি বললেন, ‘তোমার অর্জনের চেয়ে তোমার হাস্যোজ্জ্বল মুখটি অনেক বেশি প্রিয় আমার।’ মনে পড়ে গেল বাংলা ভাষায় পড়া একই ধরনের একটি উক্তি ‘তোমার সৃষ্টির চেয়ে তুমি যে মহৎ’। আর মনে হলো, পৃথিবীর যে দেশেই থাকুক না কেন মানুষ, যেভাবেই ভাবুক না কেন, তাদের ভাবনার মূল সুর একই রকম।
২০০১ সালের এই দিনটি পৃথিবীকে ফেলেছিল এক মহা পরীক্ষায়। একদল সন্ত্রাসী চারটা উড়োজাহাজ ছিনতাই করে চারটি স্থাপনা ধ্বংস করার চেষ্টা করে। এর মধ্যে বিশ্ববাণিজ্য কেন্দ্রের দুটি টাওয়ার ধ্বংস করতে পারে তারা। ২০ হাজার গ্যালন জ্বালানি পেটে এনে এরা ঢুকে গিয়েছিল টুইন টাওয়ারের পেটে। জ্বালানি থেকে যে তীব্র গরম সৃষ্টি হয়েছিল, তাতে ধসে পড়েছিল ভবন দুটো। পেন্টাগনে নির্দিষ্ট স্থানে আঘাত হানতে পারেনি তৃতীয় উড়োজাহাজ। কিন্তু অল্প হলেও ক্ষতিগ্রস্ত হয়েছিল ভবনটি। চতুর্থ উড়োজাহাজ নিউজার্সি থেকে আকাশে উড়ার পর ছিনতাই হয়। যাত্রীরা ছিনতাইকারীদের প্রতিরোধের চেষ্টা করে বলে সেটি পেনসিলভানিয়ার শ্যাংকসভিলে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়েছিল। আমেরিকা সন্ত্রাসের শিকার হয়েছে—দিকে দিকে রটে গিয়েছিল এই কথা?
বেলা ৩টার দিকে মেমোরিয়ালটা উন্মুক্ত করে দেওয়া হলো সাধারণ মানুষের জন্য। আমরা দেখতে পেলাম, স্বজনদের রেখে যাওয়া ফুলগুলো। কালো দেয়ালটির ওপরে কি বিচিত্রভাবে সাজানো আছে সে ফুল! মেমোরিয়ালটি গড়ে তোলা হয়েছে টুইন টাওয়ার যেখানে ছিল, সে জায়গাটায়। এ যেন কালো এক শূন্যতা। নিচের দিকে গড়িয়ে পড়ছে পানি। বাইরের দেয়ালটায় হামলায় নিহত প্রত্যেকটি মানুষের নাম লেখা আছে।
চারপাশের একটি দিক খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য, যেন নামগুলো ছুঁয়ে দেখতে পারে, স্পর্শ করতে পারে। বাকি অংশ একটি রশি দিয়ে আলাদা করে রাখা হয়েছে। কোনো স্বজন যদি শ্রদ্ধা জানাতে আসেন, তাহলে এই অংশ দিয়ে তিনি ঢুকবেন।
এখানে কোনো স্লোগান নেই, কারও বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারিত হচ্ছে না। দর্শকেরা ছবি তুলছেন, স্থির হয়ে তাকিয়ে থাকছেন মেমোরিয়ালের দিকে। শোক যে কত বড় শক্তি হতে পারে, সেটা বোঝা যাচ্ছিল উপস্থিত মানুষজনকে দেখে। আমরা যখন নিহতদের নাম শুনছিলাম, তখন একই পরিবারের কয়েকজনের নামও শোনা যাচ্ছিল একটু পর পর। ওরা হয়তো টুইন টাওয়ারে গিয়েছিল বেড়াতে। বুঝতেও পারেনি, এই ভ্রমণই পৃথিবীতে শেষ ভ্রমণ হবে তাদের।
লাল গোলাপ ছিল অনেক। ছিল হলুদ, গোলাপিসহ নানা রঙের ফুল। আর জাতির সংহতি বোঝানোর জন্য ফুলের পাশে ছিল জাতীয় পতাকা। বেশ কয়েকটি হলুদ-লাল ফুলের পাশে কোনো স্বজন একটি ক্যাপ রেখে গেছেন। দেখে মনটা মোচড় দিয়ে উঠল। জেমস স্ট্রেইনি, বাদাগলিয়াক্কা, পল অ্যাডওয়ার্ড জেফারসন বা এ রকম কোনো নাম হবে এই টুপির মালিকের। একই সঙ্গে নামগুলো থাকায় শনাক্ত করা গেল না।
আকাশি একটি বোর্ডে লেখা ছিল, ‘ভিজিটরস আর ইনভাইটেড টু টাচ দ্য মেমোরিয়াল নেমস প্যানেলস’। বলাবাহুল্য, এই লোভনীয় সুযোগ সবাই নিচ্ছে। জাদুঘরের দিকটিতে একজন নারী এসে কিছু কথা বললেন প্রহরী মেয়েটির সঙ্গে। রশির বাঁধন সরিয়ে তাঁকে ঢুকতে দেওয়া হলো। তিনি হেঁটে গেলেন তাঁর কাছের মানুষটির নামের কাছে। কাগজে জড়িয়ে আনা ফুল রাখলেন নামের পাশে। দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। তারপর বেরিয়ে এলেন।
আড়াই হাজারের বেশি নামের ভিড়ে আমি তখন বাঙালিদের নাম খুঁজছি এবং সমবেত মানুষের ভিড়ে কোনো বাঙালির নাম খুঁজে পাব কিনা, সংশয় ছিল। কিন্তু পেলাম। প্রথমে দেখলাম শাকিলা ইয়াসমিনের নাম। শাকিলার ‘এ’-এর ওপর একটি লাল ফুল। তার পাশেই নুরুল এইচ মিয়ার নাম। এ নামের ওপরও কয়েকটি গোলাপ ফুল ছড়িয়ে দেওয়া। মনে হলো, কিছুক্ষণ আগেই তাদের কোনো স্বজন হয়তো ফুল দিয়ে স্মরণ করে গেছেন তাঁদের। বেশ কয়েকজন বাঙালি মারা গিয়েছিলেন এদিন। আমি একটি মেয়ের কথা জানি, যার জন্ম হয়েছিল টুইন টাওয়ারের ঘটনায় ওর বাবা নিহত হওয়ার পর।
মোহাম্মদ সাদেক আলী, সাব্বির আহমেদ, মোহাম্মদ সালাউদ্দীন চৌধুরী, আবু কাসেম চৌধুরীর নামও খুঁজলাম। কিন্তু হাজারো নামের ভিড়ে সে সব নাম দেখতে পেলাম না।
একটা অদ্ভুত আবহ তৈরি হয়েছিল মেমোরিয়াল ঘিরে। নানা বর্ণের, নানা ধর্মের, নানা বয়সের মানুষ এসেছিল এখানে। একটি শিশুকে দেখলাম, মায়ের কাছ থেকে জেনে নিচ্ছে ইতিহাস, তারপর হাতে থাকা ফুলটি রাখছে মেমোরিয়ালের দেয়ালে খচিত একটি নামের ওপর। নীল টি-শার্ট পরা এক তরুণ একটি টেডি বিয়ার রাখল সেই কালো দেয়ালে। তারপর রাখল সেই মেয়েটির ছবি। মেয়েটির একটি সনদ এবং ফুলের পাশাপাশি রাখল মেয়েটির গলায় পরার কার্ডটি। কার্ডটি দেখে বোঝা গেল, মেয়েটি কাজ করত আমেরিকান এয়ারলাইনসে। অ্যান ওং বুঝি মেয়েটির নাম। রবার্ট ‘ববি’ হিউজেসের হাস্যোজ্জ্বল একটি ছবি আর লাল ফুল রেখে গেছে কেউ তাঁর খোদাই করা নামের ওপরেই। কেউ একজন লিখেছে একটি কবিতা, দেয়ালে টানিয়ে রেখেছে। কবিতার প্রথম পঙ্‌ক্তিগুলো এ রকম—

ফর জয়সি অ্যান কারপেরেতো
ফরেভার ইন আওয়ার হার্ট
৯-১১-১৮
হেভেনস র‍্যাথ
ইট’স বিন রেইনিং ফর টু ডেইজ স্টেইট
অ্যান্ড এ হ্যারিকেন ইজ ব্রিউয়িং
ইটস অ্যাস দো দ্য হেভেনস নোউজ ইউ আর গন
অ্যান্ড জাস্ট স্টিল ক্রাইং জাস্ট লাইক আস
ইটস বিন সেভেনটিন ইয়ার্স অ্যান্ড ইটস স্টিল ফিল লাইক ইয়েস্টার ডে।’

আরেকটি কাপড় দেখে মন সিক্ত হয়ে ওঠে। একটি শিশু রেখে গেছে সেই কাপড়ের টুকরোটি। সেখানে লেখা, ‘গ্র্যান্ডপা, আই লাভ ইউ: স্টিভি।’ একপাশে মার্কিন পতাকা, একপাশে ফুল।
১১ সেপ্টেম্বর জাদুঘরটি বন্ধ ছিল। দুদিন ধরেই বৃষ্টি পড়ছিল। টিপটিপ বৃষ্টি একসময় থেমেও গিয়েছিল। নিউইয়র্কে যদিও হ্যারিকেনের আঘাত লাগবে না, তবুও পার্শ্ববর্তী রাজ্যে ঝড় হবে বলে এখানকার সূর্যটাও কিছুদিনের জন্য বিদায় নিয়েছে। যেন মনে হচ্ছে, নাইন ইলেভেনে প্রকৃতিও যেন এই মানুষদের স্নেহচ্ছায়া দিচ্ছে।