গ্রাহকদের বিনা মূল্যে করোনার ভ্যাকসিন দেবে রাইট এইড
যুক্তরাষ্ট্রের ফার্মেসি চেইন স্টোর রাইট এইড দেশজুড়ে তাদের গ্রাহকদের বিনা মূল্যে করোনার ভ্যাকসিন দেবে।
২৫ নভেম্বর গ্রাহকদের কাছে পাঠানো এক বার্তায় রাইট এইড জানিয়েছে, ভ্যাকসিন বাজারে আসার সঙ্গে সঙ্গেই তাদের এ কর্মসূচি শুরু হবে। গ্রাহক আগে থেকেই দুই দফা ভ্যাকসিন গ্রহণের জন্য নিজেদের নাম তালিকাভুক্ত করে রাখতে পারবেন।
সিডিসির সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে রাইট এইড ভ্যাকসিন বিতরণ করবে। করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ ভাইরাসে সংক্রমিত হয়ে যুক্তরাষ্ট্রে একদিনে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর সংবাদ নিয়ে থ্যাংকস গিভিং উৎসব শুরু হয়েছে।
কোভিড-১৯ ভাইরাসকে মোকাবিলার জন্য সারা বিশ্বের মানুষ ভ্যাকসিনের অপেক্ষায় আছে। এর মধ্যে একাধিক সফল ভ্যাকসিন বাজারে চলে আসবে যেকোনো দিন। মার্কিন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের শেষ থেকে ভ্যাকসিন সবাইকে দেওয়ার কাজ শুরু করা হবে। এ নিয়ে প্রতিটি নগরীতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রাইট এইড জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের সব ফার্মেসিতে গ্রাহকদের বিনা মূল্যে এ ভ্যাকসিন দিতে আগাম প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে।