গ্রিনকার্ড আবেদনকারীদের ‘পাবলিক চার্জ’ চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের প্রথম পদক্ষেপ হচ্ছে গ্রিনকার্ড পাওয়া। এ দেশে প্রতিবছর প্রায় পাঁচ লাখ নতুন অভিবাসীকে এই কার্ড দেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড আবেদনকারীদের জন্য নতুন করে ‘পাবলিক চার্জ’ চালুর উদ্যোগ নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও ইমিগ্রেশন সার্ভিসেসে (ইউএসসিআইএস) সম্প্রতি দেওয়া তথ্যমতে, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড আবেদনকারীদের জন্য নতুন সম্পদ এবং স্বাস্থ্য ‘পাবলিক চার্জ’ পরীক্ষা আবার বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে। করোনাভাইরাসের কারণে গত জুলাইয়ে আদালতের একটি আদেশে গ্রিনকার্ড আবেদনকারীদের জন্য নতুন সম্পদ ও স্বাস্থ্য পাবলিক চার্জ আইনটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরে অন্য আদালত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পাবলিক চার্জ নির্দেশনা কার্যকর করতে প্রশাসনকে অনুমতি দিয়েছে। অবশ্য উচ্চ আদালতের নির্দেশে নিউইয়র্ক রাজ্যে পাবলিক চার্জ স্থগিত রাখা আছে।

এই আইন বাস্তবায়ন হলে অভিবাসীদের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। ইমিগ্রেশন পলিসি ইনস্টিটিউটের মতে, সম্প্রতি গ্রিনকার্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে কমপক্ষে ৬৯ শতাংশ অভিবাসীর অন্তত একটি নেতিবাচক পাবলিক চার্জ ফ্যাক্টর ছিল। ফলে বহু অভিবাসী গ্রিনকার্ড পাওয়া থেকে বঞ্চিত হতে পারে।

নতুন এই নিয়মের কারণে গ্রিনকার্ডে যেসব অভিবাসীর জন্য সমস্যা হয়ে উঠতে স্বার্থকে আঘাত করতে পারে এমন কারণের মধ্যে রয়েছে—

এক. যাদের বয়স ১৮ বছরের নিচে বা ৬১ বছরের ওপরে।

দুই. যাদের স্বাস্থ্যবিমা নেই বা স্বাস্থ্যগত সমস্যা আছে।

তিন. যাদের বর্তমানে কোন চাকরি নেই বা ফুলটাইম পড়াশোনা করছে না।

চার. দারিদ্র্যসীমার ২৫০% বা পাঁচজনের পরিবারের জন্য ৭৬ হাজার ৭০০ ডলার আয় না থাকা।

পাঁচ. ইংরেজি ভাষা ঠিকমতো বলতে না পারা।

ছয়. ক্রেডিট কার্ডে অতিরিক্ত ঋণ থাকা, গাড়ির লোন বা বাড়ির মর্টগেজ থাকা।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে যারা গত ২৪ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করেছেন, কিন্তু গ্রিনকার্ডের জন্য অনুমোদন পাননি, তাদেরও ভবিষ্যতে নির্দিষ্ট কিছু সরকারি সুবিধার ওপর নির্ভর করার সম্ভাবনা নেই, তা প্রমাণ করতে হবে। তা না হলে তাদের গ্রিনকার্ড পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।