গ্রিনব্লাটের পদত্যাগে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় আশঙ্কা

যুক্তরাষ্ট্রে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জ্যাসন গ্রিনব্লাট পারিবারিক কারণে নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁর স্থান নিতে যাচ্ছেন আভি বারকোভিৎস। বুধবার ট্রাম্প এক টুইট বার্তায় এ কথা ঘোষণা করেন। গ্রিনব্লাটের পদত্যাগে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা।
গ্রিনব্লাট ছিলেন ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসার আইনজীবী। ৩০ বছর বয়সী বারকোভিৎস ট্রাম্প-জামাতা জ্যারেড কুশনারের ব্যক্তিগত সহকারী। একটি পত্রিকা লিখেছে, বারকোভিৎসের কাজ ছিল কুশনারের জন্য কফির কাপ এগিয়ে দেওয়া। গ্রিনব্লাটের মতো তারও কূটনীতিতে কোনো অভিজ্ঞতা নেই।
গ্রিনব্লাটের পদত্যাগের ফলে আকাশ ভেঙে পড়ার মতো কোনো ঘটনা ঘটছে না। তবে জ্যারেড কুশনার ট্রাম্পের হয়ে ‘শতাব্দীর সেরা শান্তি পরিকল্পনা’ বাস্তবায়নের যে উদ্যোগ নিয়েছিলেন, তাতে বড় রকমের বাধা পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। কুশনার ও গ্রিনব্লাট যে শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন, তার রাজনৈতিক অংশ আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করার কথা। তার আগে কেন এই পদত্যাগ, সে বিষয়টি অনেকের মনে দ্বিধার সৃষ্টি করেছে।
এ বছর জুন মাসে বাহরাইনে এক ‘ওয়ার্কশপের’ মাধ্যমে কুশনার তাঁর শান্তি পরিকল্পনার অর্থনৈতিক অংশ প্রকাশ করেছিলেন। সেখানে একাধিক আরব রাষ্ট্র অংশ নিলেও ট্রাম্প প্রশাসনকে পক্ষপাতদুষ্ট অভিযোগ করে সে বৈঠকে অংশ নেয়নি ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ২০১৭ সালের ডিসেম্বরে ট্রাম্প প্রশাসন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়ার পর থেকে প্যালেস্টাইন কর্তৃপক্ষের সঙ্গে তাদের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়।
কুশনার জানিয়েছিলেন, বাহরাইন বৈঠকের মাধ্যমে তিনি প্যালেস্টাইনের অর্থনৈতিক উন্নয়নের জন্য ৫০ বিলিয়ন ডলার অনুদান ও ঋণ সংগ্রহে সক্ষম হবেন। সে কথা বাস্তবায়িত হয়নি। মধ্যপ্রাচ্য সংকটের রাজনৈতিক সমাধানের রূপরেখা না জানা পর্যন্ত সেখানে বিনিয়োগে আগ্রহী খুব বেশি কাউকে পাওয়া যায়নি। এই পরিকল্পনার বিষয়ে ইসরায়েলে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডেনিয়েল কুর্টজার মন্তব্য করেছিলেন, ‘পরিকল্পনাটি এতই কাঁচা যে আমি কোনো কলেজছাত্রকে তার জন্য সি মাইনাসের বেশি দিতাম না।’
এ অবস্থায় এ মাসের কোনো একসময় শান্তি পরিকল্পনার রাজনৈতিক রূপরেখা প্রকাশের জন্য অনেকে অপেক্ষায় ছিলেন। কিন্তু তা প্রকাশের প্রাক্কালে গ্রিনব্লাটের পদত্যাগ এই পরিকল্পনার ভবিষ্যৎ নিয়ে সন্দেহের জন্ম দিয়েছে। প্যালেস্টাইন কর্তৃপক্ষের একজন মুখপাত্র খালেদ এলজিন্দি অবশ্য বলেছেন, গ্রিনব্লাটের যাওয়া-আসায় খুব একটা কিছু আসে-যায় না। ট্রাম্প প্রশাসন যে শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করছিল, তার আদৌ কোনো ভবিষ্যৎ ছিল না।
গ্রিনব্লাটের জায়গায় বারকোভিৎসের মতো সম্পূর্ণ অনভিজ্ঞ একজনকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূতের দায়িত্ব দেওয়ায় কেউ কেউ একে মধ্যপ্রাচ্য শান্তি প্রশ্নে ট্রাম্পের আগ্রহ হারানোর ইঙ্গিত বলে মনে করছেন। ওবামা আমলে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত মার্টিন ইন্ডুক এক টুইট বার্তায় লিখেছেন, এর ফলে পদটির গুরুত্ব আগের মতো আর থাকবে না।