গ্রীষ্ম মৌসুম কাটছে উৎসব-আনন্দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাডসন ও ইস্ট রিভারে শো টাইম মিউজিকের নৌ-ভ্রমণ
হাডসন ও ইস্ট রিভারে শো টাইম মিউজিকের নৌ-ভ্রমণ

আমেরিকায় কনকনে ঠান্ডার পর এসেছে বসন্ত। গ্রীষ্মের মিষ্টি রোদে এখন আমেরিকার আবহাওয়া বেশ দারুণ। এ দেশে উৎসবপ্রিয় বাঙালিদের বেশির ভাগ অনুষ্ঠান হয়ে থাকে এই মৌসুমে। তাই এখন উৎসব-আনন্দে সময় কাটছে প্রবাসী বাংলাদেশিদের। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে থাকছে সাংস্কৃতিক-সামাজিক একাধিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসীরা উপভোগ করছেন দেশীয় সংস্কৃতি। এরই মধ্যে এসে গেছে রোজা। ফলে শুরু হয়েছে অন্যরকম ব্যস্ততা।
আমেরিকায় আবার উৎসব আয়োজনে এগিয়ে আছে নিউইয়র্ক। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কসে সপ্তাহের প্রতি শনি ও রোববার থাকছে কয়েক ডজন অনুষ্ঠান। পথ মেলা, গান মেলা, বৈশাখী আয়োজনসহ বিভিন্ন সংগঠনের অভিষেক নিয়েই সময় পার করছেন আয়োজক ব্যক্তি ও সংগঠন।
চলতি মাসেই নিউইয়র্কে বেশ কয়েকটি আলোচিত অনুষ্ঠানের আয়োজন ছিল। ৭ মে শো টাইম মিউজিক উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজন করে বৈশাখী উৎসব। স্থানীয় শিল্পীরা এতে সংগীত পরিবেশন করেন।
১৩ মে জ্যাকসন হাইটসের পিএস ৬৯ অডিটরিয়ামে (পাবলিক স্কুল) আয়োজন করা হয় প্রথম আলো-মুক্তধারা শিশু কিশোর মেলা। এতে আমেরিকায় বসবাসরত শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। ১৪ মে জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে আয়োজন করা হয় হুমায়ূন মেলার। এতে যোগ দেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সংগীতের মূর্ছনা ছড়ান বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খান, সেলিম চৌধুরী, চন্দনা মজুমদার, প্রবাসের জনপ্রিয় সংগীতশিল্পী শাহ মাহবুব, কৃষ্ণা তিথি, রোকসানা মির্জা। উপস্থাপনায় ছিলেন শামসুন নাহার। মেলায় নেচে-গেয়ে আনন্দ করেন প্রবাসীরা। একই দিন জ্যাকসন হাইটসের পিএস ৬৯ অডিটরিয়ামে (পাবলিক স্কুল) প্রকৃতি নিউইয়র্ক আয়োজন করেছিল রবীন্দ্রজয়ন্তীর।
সবচেয়ে বেশি অনুষ্ঠান ছিল ১৯, ২০ ও ২১ মে। এর মধ্যে ২১ মে নিউইয়র্কে ছিল আধা ডজনের বেশি অনুষ্ঠান। ১৯ মে জ্যাকসন হাইটসের পিএস ৬৯ (পাবলিক স্কুল) উদ্বোধন হয় আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার। মুক্তধারা আয়োজিত উৎসব এবং মেলায় ঢাকা, কলকাতা ও নিউইয়র্কের লেখক, কবি ও সাহিত্যিকেরা যোগ দেন। তিন দিনের মেলায় বইপ্রেমীদের ভিড় আর ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। একই দিন জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে আয়োজন করা হয় নারায়ণগঞ্জ জেলা সমিতির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যার।
২০ মে ব্রুকলিনে আয়োজন করা হয় দেশ ও প্রবাসের শিল্পীদের নিয়ে ‘বাংলার গান’ অনুষ্ঠানের। ব্রুকলিনের অ্যাভিনিউ সির পাবলিক স্কুল ১৭৯ মিলনায়তনে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলে অনুষ্ঠান। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন। বাংলার গান অনুষ্ঠানের আয়োজক নুরুল আমিন। সংগীত পরিবেশন করেন রোকসানা মির্জা, সেলিম চৌধুরী, শাহ মাহবুব, রানু নেওয়াজ, কৃষ্ণা তিথীসহ বাংলাদেশ থেকে আসা ও প্রবাসী শিল্পীরা। একই দিন ছিল শো টাইম মিউজিক অ্যান্ড প্লের হাডসন অ্যান্ড ইস্ট রিভারে নৌভ্রমণ। এতে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
২১ মে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজার অদূরে বাংলাদেশ মেলার আয়োজন ছিল। কমিউনিটি অ্যাকটিভিস্ট আবদুল কাদের এই মেলার আয়োজন করেন। একই দিন জ্যামাইকায় আয়োজন করা হয় জ্যামাইকা হিল পার্টনারশিপ স্ট্রিট ফেস্টিভ্যাল জ্যামাইকা হিলস পথ মেলা)। এতে মূলধারার রাজনীতিকসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংগীত পরিবেশন করেন রাহাত মুক্তাদিরসহ প্রবাসী জনপ্রিয় শিল্পীরা। একই সময়ে সুসান বে অ্যান্থনি স্কুলে আমেরিকান-বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্স (এবিবিএ) আয়োজন করে বাংলার মেলার। এতে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী রিজিয়া পারভীনসহ প্রবাসী শিল্পীরা।
একই দিন জ্যাকসন হাইটসে পিএস ৬৯ (পাবলিক স্কুলে) ছিল আন্তর্জাতিক বাংলা উৎসব ও বই মেলার সমাপনী অনুষ্ঠান। ওই দিন বাংলা সাহিত্যের দুই বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে নিয়ে একটি নিরিক্ষামূলক অনুষ্ঠান ‘এক হাতে বাজে অগ্নিবীণা কণ্ঠে গীতাঞ্জলি’ অনুষ্ঠানের আয়োজন ছিল জ্যাকসন হাইটসের পিএস ১৪৯ পাবলিক স্কুল মিলনায়তনে। অনুষ্ঠানের আয়োজন করে শতদল।
২২ মে উডসাইডের কুইন্স প্যালেসে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘গান মেলা’। ২২ মে উডসাইডের কুইন্স প্যালেসে সংগীতশিল্পী তানভীর শাহীন এ গান মেলার আয়োজন করেন। এতে প্রথমবারের মতো নিউইয়র্কে এক মঞ্চে সংগীত পরিবেশন করেন ‘পাগল মন’ খ্যাত কিংবদন্তি শিল্পী দিলরুবা খান ও তাঁর মেয়ে শিমুল খান। ‘গান মেলা’য় দর্শক মাতিয়ে রাখেন পপসংগীতশিল্পী জানে আলম, চন্দনা মজুমদার, মাকসুদ ও ঢাকা এবং উত্তর আমেরিকার জনপ্রিয় বাংলাদেশি সংগীতশিল্পী শাহ মাহবুব ও রানো নেওয়াজ।
উত্তর আমেরিকার অন্যান্য শহরের প্রবাসী বাংলাদেশিরাও মেতেছিলেন উৎসব আনন্দে। ১৭ মে নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে মনোজ্ঞ বাংলাদেশি সংগীতসন্ধ্যা ও মেলার আয়োজন করা হয়। আটলান্টিক সিটির জর্জিয়া অ্যাভিনিউর সেন্ট মাইকেল গির্জার মিলনায়তনে ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী জানে আলম, দিলরুবা খান ও শিমুল খান। শিল্পীরা ফোক ও সুফি ঘরানার গান পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন।
কানাডার বৃহত্তম শহর টরন্টোর বাংলাদেশি-অধ্যুষিত এলাকার একটি প্যাভিলিয়নে সম্প্রতি বাংলা পত্রিকা বাংলা মেইল আয়োজন করে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’। বরাবরের মতো এবারও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উৎসবে ভিড় করেন। তৃতীয় বাংলাদেশ ফেস্টিভ্যালের উদ্বোধন করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান। ভার্জিনিয়ার আলেক্সান্ড্রিয়া বাংলা স্কুলে বর্ণমালা শিক্ষাঙ্গন ২০ মে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করে। এতে নাচ, গান, যাত্রা ও নাটক পরিবেশিত হয়। অনুষ্ঠানে লতিফ সরকার, অরুণা বিশ্বাস, মোমেনা চৌধুরী ও লিনা সংগীত পরিবেশন করেন।
উৎসব-আনন্দ ব্যস্ততা প্রসঙ্গে বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিক বলেন, ‘বাংলাদেশিরা সব সময় উৎসবপ্রিয়। প্রবাসে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন। একটু সময় পেলেই আয়োজন করেন উৎসবের। প্রবাসী বাংলাদেশিরা তা উপভোগ করেন, গ্রীষ্মকাল এলেই উৎসবে কাটে প্রবাসীদের। এটাই আমাদের পাওয়া।’