গ্রীষ্মকালীন ইন্টার্নশিপের আবেদন এখনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোমতো পড়াশোনা করে সুন্দর ভবিষ্যৎ গড়া প্রত্যেক শিক্ষার্থীরই স্বপ্ন। কিন্তু সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে অনিশ্চিত ও দীর্ঘযাত্রায় অনেক শিক্ষার্থীই দ্বিধাদ্বন্দ্বে ভোগে। কোন বিষয় পড়তে নিজের কাছে ভালো লাগে, কোন বিষয়ে পড়াশোনা করে ভবিষ্যতে ভালো করা যাবে, এ নিয়ে দোটানায় ভুগে অনেক শিক্ষার্থীই। ছাত্রাবস্থা থেকেই শিক্ষার্থীদের কোন বিষয় পড়তে ভালো লাগে, কর্মসংস্থানের পরিবেশ সম্পর্কে জানা এবং সর্বোপরি ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে তোলার খুবই কার্যকরী মাধ্যম হচ্ছে গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ।

গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ নানা রকমের হয়ে থাকে। কিছু প্রোগ্রাম থেকে শিক্ষার্থীদের উপার্জন করার সুযোগ থাকে, আবার কিছু প্রোগ্রাম বিনা বেতনে এবং স্বেচ্ছাসেবামূলক। সব বয়সের ও শ্রেণির শিক্ষার্থীদের জন্যই ইন্টার্নশিপ খুবই সহায়ক। কিন্তু উচ্চ মাধ্যমিক ও কলেজের শিক্ষার্থীদের জন্য তা সবচেয়ে সহায়ক বলে ধারণা করা হয়। কেননা উচ্চ মাধ্যমিকে ইন্টার্নশিপ করার ফলে কলেজে ওঠার পর শিক্ষার্থীরা কোন বিষয়ে পড়াশোনা করবে, তার সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে ওঠে। আবার কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা আগে থেকেই কর্মসংস্থানের পরিবেশ, এর সঙ্গে মানিয়ে নিতে নিজে উপযুক্ত কিনা, সে সম্পর্কে বুঝতে পারে।

গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ অর্থ উপার্জনের মাধ্যম ছাড়াও শিক্ষার্থীদের অভিজ্ঞতা সঞ্চয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। ইন্টার্নশিপ করার ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে কী কী কাজ করতে হতে পারে, কর্মক্ষেত্রে কাজের চাপ, দায়িত্ব নেওয়া, কারও তত্ত্বাবধানে কাজ করা ইত্যাদি বিষয়ে অধ্যয়নরত অবস্থায়ই অভিজ্ঞতা সঞ্চার করতে পারে। ইন্টার্নশিপ করার ফলে চাকরির আবেদনের সময় যাদের আগে কাজের অভিজ্ঞতা আছে, তারা অন্যান্য আবেদনকারী থেকে অনেক এগিয়ে থাকবে। স্ব স্ব কর্মক্ষেত্রে আগে থেকেই নেটওয়ার্ক বৃদ্ধির মোক্ষম সুযোগ তৈরি করে ইন্টার্নশিপ।

গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ সাধারণত মে থেকে আগস্ট মাস পর্যন্ত হয়ে থাকে। নভেম্বর-ডিসেম্বর থেকেই এসব ইন্টার্নশিপের আবেদন শুরু হয়ে যায়। কিন্তু না জানার ফলে হোক কিংবা আলস্যের কারণে হোক, অনেক শিক্ষার্থীই এসব সুযোগ সম্পর্কে জানার আগেই আবেদন করার সময় ফুরিয়ে যায়। যার ফলে অনেক শিক্ষার্থীই এসব সুযোগ হাতছাড়া করে থাকে। একটু সচেতন হয়ে নভেম্বর মাস থেকে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট, চাকরি খোঁজার ওয়েবসাইট যেমন—ইনডিড, গ্লাসডোর ইত্যাদিতে নজর রাখলেই অনেক ইন্টার্নশিপের বিজ্ঞাপন চোখ পড়বে।

অন্যদের কাছ থেকে নিজেকে এগিয়ে নেওয়ার এত এত সুযোগ থাকতে শুধু অজ্ঞতার জন্য পিছিয়ে থাকলে চলবে না। উচ্চ মাধ্যমিক বা হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য কয়েকটি উল্লেখযোগ্য ইন্টার্নশিপ হলো—এয়ার ফোর্স রিসার্চ লাইব্রেরি স্কলার প্রোগ্রাম, জিও–সায়েন্স ব্রিজ প্রোগ্রাম, মাইক্রোসফট হাই স্কুল ইন্টার্ন প্রোগ্রাম, আর্মি এডুকেশনাল আউটরিচ প্রোগ্রাম, মেডিকেল ইন্টার্নশিপ, ফাইন্যান্স ইন্টার্নশিপ, ইনফরমেশন টেকনোলজি ইন্টার্নশিপ, নিউইয়র্ক কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি’স হাই স্কুল ইন্টার্নশিপ প্রোগ্রাম, প্ল্যান্ট জিনোম রিসার্চ ইত্যাদি। এ রকম আরও অসংথ্য ইন্টার্নশিপের সুযোগ রয়েছে।

গ্রীষ্মে ঘরে বসে না থেকে নিজেকে ভবিষ্যতের জন্য গড়ে তোলার এ রকম সুযোগ শিক্ষার্থীদের হাতছাড়া করা উচিত নয়। শ্রেণিশিক্ষক, একাডেমিক কাউন্সিলর, পরিচিত মানুষজন থেকে এখনই খোঁজ রাখা উচিত, গ্রীষ্মে ইন্টার্নশিপের জন্য কী কী এবং কোথায় এই সুযোগ রয়েছে। এখন থেকেই আবেদন শুরু করে নিজেকে প্রস্তুত রাখতে হবে।