গ্রীষ্মের বিদায়ে তবু আক্ষেপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের কড়কড়ে রোদ মাখানো, মন পাগল করা আনন্দের জোয়ারে ভেসে বেড়ানোর দিনের স্মৃতিমাখা গ্রীষ্মকাল চলে যাচ্ছে। শীত আসছি আসছি করছে। শীতের আগাম বার্তা দিতে গাছেরা ঝরাচ্ছে পাতা
নিউইয়র্কের কড়কড়ে রোদ মাখানো, মন পাগল করা আনন্দের জোয়ারে ভেসে বেড়ানোর দিনের স্মৃতিমাখা গ্রীষ্মকাল চলে যাচ্ছে। শীত আসছি আসছি করছে। শীতের আগাম বার্তা দিতে গাছেরা ঝরাচ্ছে পাতা

এক শৌখিন লোক শখ করে দামি একটি পাঞ্জাবি কিনল। বেশ কয়েক বছর পরার পর দেখল, হাতের দিকে কয়েক জায়গায় পাঞ্জাবিটি ছিঁড়ে গেছে। দরজির কাছে গেলে পরে সে দুই হাতসহ বাড়তি জায়গা ছেঁটে ফতুয়া বানিয়ে দিল। চলে গেল আরও কয়েক মাস। পুরোনো বলে ফেলে না দিয়ে নিজেই কেটেছেঁটে বানাল স্যান্ডো গেঞ্জি। মনে মনে বেশ তৃপ্তি নিয়ে ভাবল, দামি পাঞ্জাবির জন্য ব্যয় করা টাকা নিশ্চয় এবার উশুল হলো। নিজের হাতে বানানো গেঞ্জিটিও একসময় এমন পুরোনো হলো, তা আর পরার মতো নয়। সামনে–পেছনে ছিঁড়ে একবারে নেকড়ার মতো প্রায়।
তারপরও ভদ্রলোক ভাবছেন, এত দামের কেনা পাঞ্জাবিটির আজ কী হাল! কত কষ্ট করে কামানো পয়সা দিয়েই না কেনা হয়েছিল পাঞ্জাবিটা। তখনই মাথায় একটা বুদ্ধি এল। পরিষ্কার পাকা বারান্দায় ছেঁড়া গেঞ্জিটি জড়ো করে আগুন দিয়ে পুড়িয়ে নিলেন। এরপর ধীরেসুস্থে সময় নিয়ে পোড়া গেঞ্জির ছাই বাঁ হাতের তালুতে নিয়ে এলেন পুকুরঘাটে। বেশ খানিকটা সময় নিয়ে গেঞ্জির পোড়া ছাই দিয়ে ভালো করে দাঁত মেজে মুখভর্তি পানি নিয়ে কুলি করে বললেন, এতগুলো টাকা কি না, শেষ পর্যন্ত জলেই গেল!
নিউইয়র্কের কড়কড়ে রোদ মাখানো, মন পাগল করা আনন্দের জোয়ারে ভেসে বেড়ানোর দিনের স্মৃতিমাখা এবারের গ্রীষ্মকাল গেল। শীত আসছি আসছি করছে। আবহাওয়ার মতিগতি বেশি ভালো ঠেকছে না। দুদিন আগে বেশ ভালো ঠান্ডার ছোঁয়া দিয়ে যেন জানান দিয়ে গেল, এই এলাম বলে।
সারা গ্রীষ্মের সময় পুরো শহরে চলল হইচই আনন্দের ফুলঝুরি। হলো শহরের উপকণ্ঠে দলবেঁধে পিকনিকে যাওয়া। কিংবা শহরতলির কোনো পার্কে, নয়তো হাডসনের পাড়ে হলো আনন্দ সমাবেশ। সবাই মিলে পুরো দিন হইচই করে কাটানো। সবই বেশ জোরেশোরে হয়ে গেল এই গ্রীষ্মে, আনন্দের ঘাটতি মোটেই ছিল না।

পুরো সময় শহরের এখানে–সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিড়। বইমেলায় নির্মল আনন্দ সোপানের সিঁড়ি বেয়ে সবার উল্লাসের ছোটখাটো চিত্রমালা। তার সবই তো একে একে ঘটে গেল এই গ্রীষ্মে। পুরো ছুটিতে কেউ কেউ গেলেন নায়াগ্রা জলপ্রপাতের কুয়াশা বৃষ্টির ছোঁয়া পেতে। কেউ আবার খানিকটা আগ বাড়িয়ে ঘুরে এলেন কানাডার কয়েকটি শহরে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো টরন্টো, মন্ট্রিয়েল, হ্যামিলটন নয়তো অটোয়া শহর।
শহরের এখানে–সেখানে আয়োজন হলো নানা মেলা পার্বণের। বিদেশের মাটিতে লাল পাড়ের নকশার শাড়ি পরে তরুণীদের বৈশাখের আমেজে পুলকিত হওয়া। ছোট ছোট ছেলেমেয়েদের কলকাকলিতে ভরে উঠেছিল মেলার প্রাঙ্গণ। দেশি খাবারের দোকানে লম্বা লাইন দিয়ে প্রবাসীরা নিলেন নানান জাতের পিঠাপুলির স্বাদ। বাদ পড়েনি চটপটি আর ফুচকার ঝাল–টক–মিষ্টির না ভোলা স্বাদ।
আধুনিক এই শহরের বাঙালি অধ্যুষিত নানা স্থানে আয়োজিত পথমেলায় দেশের বরেণ্য শিল্পীরা গাইলেন গলা খুলে। মেলায় যোগ দেওয়া হাজার হাজার সংগীতপিপাসু উপভোগ করেছেন তাঁদের পরিবেশনা। পাশাপাশি নিউইয়র্কের স্থানীয় শিল্পীরা কাটালেন ব্যস্ত সময় গানে গানে এসব প্রাণের উৎসবে। গ্রীষ্মের এই সময়ে কেউ কেউ আবার পরিবার-পরিজন নিয়ে চলে গেলেন নিজ রাজ্যের পরিসীমা ছাড়িয়ে ফ্লোরিডা, নয়তো ক্যালিফোর্নিয়ার শান্ত নীল ঝকঝকে সৈকতের নোনা জলে গা ভেজাতে। সন্তানদের সঙ্গে করে নিয়ে গেলেন ডিজনিল্যান্ডে। আনন্দে ভাসলেন নানা গতি আর বৈচিত্র্যপূর্ণ রাইডে চড়ে। আপন সন্তানদের এই আনন্দমাখা তৃপ্তিপূর্ণ মুখাবয়ব দেখে চোখের কোণ বুঝি ভিজে উঠল বার কয়েক!
জর্জ লেকের শান্ত সরোবরে নৌকাভ্রমণে কাটালেন বিমুগ্ধ সন্ধ্যা। মাঝারি আকারের লঞ্চে বসে ডিনার খেতে খেতে উপভোগ করলেন লেকের বুকে দিনের শেষ ক্ষণের আবির মাখানো নানান রঙের খেলা। গ্রীষ্মের পুরো সময়ের সব কটি সপ্তাহান্তে পরিবার নিয়ে মজার মুহূর্তগুলো পার করলেন নগরীর আশপাশে নয়তো হাডসনের পাড়ের নানা স্পটে বেড়াতে গিয়ে। পেনসিলভানিয়ার আমিষ পল্লি, নাহয় কানেকটিকাটের সবুজ অরণ্যে খুঁজতে গেলেন মুক্ত বাসনার স্বাদ।
উপভোগ করলেন দুটো ধর্মীয় বড় উৎসব। একটি ঈদুল আজহা, অন্যটি দুর্গাপূজা। ঈদের দিনটি ছিল রুপালি রোদে স্নাত ঝকঝকে উজ্জ্বল একটি দিন। এ যেন নিমেষে মন ভালো করার অসম্ভব সুন্দর একটি দিন! মানবতার কল্যাণে ত্যাগের মহিমায় প্রতিটি মোমিন মুসলমান হলেন আরও বেশি মঙ্গলকর্মের জন্য অঙ্গীকারবদ্ধ। সচেষ্ট হলেন মনের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা পশুবৃত্তিকে সমূলে উৎপাটিত করার বাসনায়।
দুর্গাপূজায় ছিল পুরো বাসন্তিক আমেজ। ছেলেমেয়েসহ সবাই করলেন অপরিসীম আনন্দ। সহজ করে বলতে গেলে বলতে হবে নিউইয়র্কের এই আনন্দলোকের আমেজে ভরপুর এবারের গ্রীষ্মকে সব স্তরের নিউইয়র্কবাসী চূড়ান্তভাবে উপভোগ করলেন। প্রতিটি উজ্জ্বল আর সুখময় সেরা চিত্তসুখের ক্ষণকে নিংড়ে রস বের করে গ্রহণ করলেন চিরন্তন গ্রীষ্মের অমোঘ বিলাস। না দিলেন কোনো ছাড়, না করলেন কোনো আপস। চিত্তসুখানন্দে গাইলেন আনন্দ অভিলাষের গান। খুঁজে পেলেন অপরূপ রৌদ্রোজ্জ্বল নিউইয়র্কের গ্রীষ্মকে। উপভোগ করলেন নিজের মতো করে।
এত কিছুর পরও কিনা এই নগরীর কোনো কোনো মানবসন্তান হয়তো আক্ষেপ আর আফসোস করে বলে উঠবেন, এবারের গ্রীষ্ম মৌসুমটি কবে এল আর গেলই বা কবে, টেরই পেলাম না। তাই এবারের গ্রীষ্মে কোনো আনন্দই করতে পারলাম না। মনে হলো গ্রীষ্ম মৌসুমটি বুঝি জলেই গেল!