আরেকটি ৯/১১ হামলার পরিকল্পনার দায়ে সন্দেহভাজন তিনজনকে তিনটি ভিন্ন দেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এক বছরের বেশি সময় আগে হওয়া একটি মামলার তদন্তে এ ষড়যন্ত্রের বিষয়টি প্রথম সামনে আসে। ওই বছরের বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। ৬ অক্টোবর এ তিন পরিকল্পনাকারীকে হামলার ষড়যন্ত্রের দায়ে গ্রেপ্তার দেখানো হয় বলে জানিয়েছে এবিসি নিউজ।
ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট এ তিন পরিকল্পনাকারী নিউইয়র্কের সাবওয়েতে হামলার পরিকল্পনা করেছিল। গত বছরের গ্রীষ্মে এ হামলা চালানোর পরিকল্পনা ছিল তাঁদের। মামলার নথিসূত্রে জানা গেছে, নিউইর্কের সাবওয়ে ও টাইমস স্কয়ারে হামলার পাশাপাশি কনসার্টস্থলে আগত সাধারণ মানুষের ওপর বন্দুক হামলার পরিকল্পনা করা হয়েছিল। এ জন্য ১৯ বছর বয়সী কানাডীয় নাগরিক আবদুল রহমান এল বাহনাসাবি বোমা তৈরির সরঞ্জাম কিনেছিলেন। ওই বছরের মে মাসে নিউজার্সির একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নিউইয়র্কে হামলার উদ্দেশ্যে কানাডা থেকে নিউজার্সিতে এসে তিনি ঘাঁটি গাড়েন। তাঁর কাছ থেকে অন্যান্য বিস্ফোরক দ্রব্যের পাশাপাশি ৪০ পাউন্ড হাইড্রোজেন পার–অক্সাইড উদ্ধার করা হয়। এ রাসায়নিক তিনি এক এফবিআই এজেন্টের মাধ্যমে কেনেন, যিনি সে সময় ছদ্মবেশে ছিলেন। ওই এফবিআই এজেন্টের কাছে আবদুল রহমান প্যারিস ও ব্রাসেলসের মতো নিউইয়র্কেও হামলার পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে তিনি কনসার্টে বন্দুক হামলা চালানোর ইচ্ছাও প্রকাশ করেন। তবে এ ক্ষেত্রে তিনি সুনির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা উল্লেখ করেননি।
একইভাবে তাঁর দুই সন্দেহভাজন সঙ্গীকে একই বছরে পাকিস্তান ও ফিলিপাইন থেকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১৯ বছর বয়সী মার্কিন নাগরিক তাহলা হারুনকে গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান থেকে এবং ৩৭ বছর বয়সী ফিলিপাইনের নাগরিক রাসেল স্যালিসকে এ বছরের এপ্রিলে গ্রেপ্তার করা হয়। তবে এই দুজন এখনো মার্কিন পুলিশের জিম্মায় আসেননি।
মামলার নথির তথ্যমতে, গ্রেপ্তারের সময় হারুন ছিলেন পাকিস্তানে। সে সময় তিনি হামলায় সহায়তার জন্য নিউইয়র্কে পৌঁছাতে চাইছিলেন। আবদুল রহমান ও হারুন নিউইয়র্কের সাবওয়েতে হামলার জন্য একটি নিশ্ছিদ্র পরিকল্পনা করছিলেন, যা তাঁরা একজন ছদ্মবেশী এফবিআই এজেন্টের কাছে স্বীকার করেন। এ লক্ষ্যে তাঁরা একটি এমটিএ সাবওয়ে মানচিত্রের কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিতও করেছিলেন। একই সঙ্গে টাইমস স্কয়ারে একটি গাড়িবোমা হামলা পরিচালনারও পরিকল্পনা করেন তাঁরা। এ বিষয়ে আবদুল রহমান ওই এফবিআই এজেন্টকে বলেন, ‘আমাদের একটি শক্তিশালী বোমা প্রয়োজন।’
এরই মধ্যে অভিযোগের বিপরীতে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আবদুল রহমান। তাঁর মামলার রায় ঘোষণা হবে আগামী ডিসেম্বরে। অন্যদিকে হারুন ও স্যালিস অন্য দেশে গ্রেপ্তার হওয়ায় তাঁরা এখনো আমেরিকান পুলিশের জিম্মায় আসেননি। এক বছরের পুরোনো এ মামলা সম্পর্কিত ঘোষণাটির সঙ্গে নিউইয়র্কে হামলার আশঙ্কা বিষয়ে এফবিআইয়ের সতর্কতার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্প্রতি এফবিআইয়ের জারি করা এক সতর্কতায় নিউইয়র্ক নগরের টাইমস স্কয়ারে হামলার আশঙ্কা প্রকাশ করা হয়। এ–সম্পর্কিত একটি প্রতিবেদনে এফবিআই জানায়, এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী বুধবার (৪ অক্টোবর) একটি পোস্ট দেন। এতে লেখা ছিল ‘আমি একজন সিরীয় শরণার্থী এবং আগামী শুক্রবার (৬ অক্টোবর) নিউইয়র্কে আমি কিছু একটা করতে যাচ্ছি। টাইমস স্কয়ারে আমি এমন কিছু করব, যাতে লাস ভেগাসের ঘটনাকে অনেক ছোট মনে হয়।’
পুলিশ ও এফবিআই পরবর্তী সময়ে এ হুমকিদাতার অবস্থান সম্পর্কে অনুসন্ধান করে। এতে দেখা যায়, দক্ষিণ আফ্রিকার একটি আইপি অ্যাড্রেস থেকে এ হুমকি দেওয়া হয়েছিল। এতে সম্ভাব্য হামলার হুমকির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও যথাযথ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।
৬ অক্টোবর এ বিষয়ে এক বিবৃতিতে পুলিশ জানায়, ‘অনলাইনে দেওয়া এ হুমকি সম্পর্কে নিউইয়র্ক পুলিশ সচেতন। কোনো একটি অঘটনের পর সারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এ ধরনের হুমকি দেওয়া একটি সাধারণ বিষয় হয়ে উঠেছে। এ হিসেবে নতুন এ হুমকির খুব একটা বিশ্বাসযোগ্যতা রয়েছে এমন ধারণার কোনো কারণ নেই। টাইমস স্কয়ারে আমাদের কঠোর নিরাপত্তা রয়েছে, হুমকির পরিপ্রেক্ষিতে তা আরও জোরদার করা হয়েছে।’