
নিউইয়র্কের গ্রোসারিগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ খুবই কম। তারপরও ক্রমশ ক্রেতাদের ভিড় বেড়ে যাচ্ছে।
১৬ মার্চ মধ্য রাত থেকে নিউইয়র্কে সাট ডাউনের খবর প্রচারিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে এক ভিন্ন যুদ্ধ। বাঙালি অধ্যুষিত এলাকার বাসিন্দাদের অধিকাংশই গ্রোসারি অভিমুখে যাত্রা করছেন। বাংলাদেশি অভিবাসীদের অনেকেই জ্যাকসন হাইটস, জ্যামাইকাসহ বাঙালি অধ্যুষিত এলাকার গ্রোসারিতে ব্যাপক কেনাকাটা শুরু করেছেন। বিশেষ করে বাংলাদেশি ছোট বড় মাছসহ মোরগ ও গরু-ছাগলের মাংসের অর্ডার দিতে লম্বা লাইনের সৃষ্টি হয়।
দোকানের কর্মচারীদের হঠাৎ করে বিপুলসংখ্যক ক্রেতার চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। জ্যাকসন হাইটসের প্রায় সব গ্রোসারিতে ক্রেতাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহে ব্যস্ত দেখা যায়।
নিউইয়র্কের বৃহত্তম চেইন গ্রোসারি শপের মালিক সাকিল চৌধুরী বলেন, ইতিমধ্যে বাংলাদেশি সব জাতের মাছের সরবরাহ সীমিত হয়ে আসছে। সরবরাহকারীদের অনেকেই প্রয়োজনীয় নিত্য সামগ্রী সরবরাহ করতে অপারগতা প্রকাশ করছেন। সব ধরনের মাংস সরবরাহ সীমিত।