ঘরবাড়ির দাম বেড়েই চলেছে
আমেরিকায় পাড়ি জমানোর পর সবারই লক্ষ্য থাকে নিজের একটা বাড়ি। কিন্তু চাইলেই কি এখানে সম্ভব হয়? নিজের বাড়ির বিষয়টি দিন দিন অসম্ভব হয়ে উঠছে। কারণ আমেরিকার বিভিন্ন শহর, অঞ্চলভেদে ঘরবাড়ির দাম ভিন্ন ভিন্ন। বেশির ভাগ শহরেই ঘরবাড়ির দাম আকাশচুম্বী।
তাই স্বপ্ন থাকলেও অনেকে ঘরবাড়ি কেনার কথা এখন অনেকেই চিন্তাও করতে পারে না। অভিবাসী–বান্ধব দেশ হিসেবে আমেরিকাও এর নাগরিকদের সাহায্য-সহযোগিতা করতে সর্বদাই সচেষ্ট। সেজন্য ফ্ল্যাট বা বাড়ি কেনার ক্ষেত্রে রয়েছে ব্যাংক থেকে মর্টগেজ নেওয়ার ব্যবস্থা।
মর্টগেজ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, ২৪ জানুয়ারি, ২০২০ সাল পর্যন্ত মর্টগেজের জন্য আবেদন বেড়েছে প্রায় ৭.২ শতাংশ। যার মধ্যে ঘরবাড়ি কেনার জন্য মর্টগেজের আবেদন বেড়েছে প্রায় ৫.৩ শতাংশ। ২০০৭ থেকে ২০২০ সাল পর্যন্ত আমেরিকায় মর্টগেজের জন্য আবেদনের গড় হচ্ছে প্রায় ০.৫৩ শতাংশ। যার মধ্যে ২০১৫ সালের জানুয়ারিতে সর্বোচ্চ ৪৯.১০ শতাংশ ছিল।
২০১৮ সালে আমেরিকায় প্রায় ৫.৯৬ মিলিয়ন বাড়ি কেনাবেচা হয় এবং ২০২০ সালে এ সংখ্যা ৬.১২ মিলিয়নে উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে। জিলো ডাটা অ্যানালাইসিসের তথ্যমতে, প্রায় ৩৭ শতাংশ ঘরবাড়ির মালিক “ফ্রি অ্যান্ড ক্লিয়ার” যার অর্থ তাদের কোনো প্রকার মর্টগেজ প্রদান করতে হয় না।
আমেরিকায় জীবনধারণের ক্ষেত্রে ঘরবাড়ির ভাড়া ও দাম বিরাট প্রভাব রাখে। প্রতিনিয়তই অভিবাসীরা এমন সব শহর, অঞ্চলে স্থানান্তরিত হচ্ছে যেখানে ঘরবাড়িসংক্রান্ত ব্যয় হাতের নাগালে থাকে। কিন্তু গবেষকদের মতে, পুরো আমেরিকা জুড়েই বাড়ছে ঘরবাড়ির দাম এবং ২০২০ সালে এই দাম আরও বাড়বে।