ঘরে কাজের লোক দরকার কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল শাহেদুল ইসলাম একদিন কারাবাসের পর ১৩ জুন রাত ৮টা ২০ মিনিটে ব্রঙ্কসের একটি ডিটেনশন সেন্টার থেকে ৫০ হাজার ডলারের জামিনের জন্য ২৫ হাজার ডলারের ক্যাশ বন্ড দিয়ে মুক্তি পেয়েছেন। তাঁর গ্রেপ্তারের খবর নিউইয়র্ক ও ঢাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বাসায় কাজের জন্য বাংলাদেশ থেকে নিয়ে আসা এক ব্যক্তিকে দিনে ১৫-১৬ ঘণ্টা খাটিয়ে বেতন দেননি, পাসপোর্ট কেড়ে নিয়েছেন এবং শ্রমিক পাচারের সঙ্গে জড়িত ছিলেন—এসব অভিযোগ তাঁর বিরুদ্ধে এনেছেন নিউইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড ব্রাউন।
অভিযোগকে ‘খুবই উদ্বেগজনক’ বলে উল্লেখ করে এক বিবৃতিতে অ্যাটর্নি রিচার্ড ব্রাউন বলেন, ‘এই ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। একজন কনস্যুলার অফিসার তাঁর বাড়িতে কাজে বাধ্য করতে একজনের ওপর শারীরিক জোর খাটিয়েছেন, হুমকি দিয়েছেন, বেতন দিতে অস্বীকার করেছেন৷ প্রথম দিন থেকেই ওই কর্মী যাতে পালাতে না পারে, সে জন্য তাঁর পাসপোর্ট কেড়ে নিয়েছেন। এসব অভিযোগ প্রমাণিত হলে নিশ্চিতভাবেই অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি পেতে হবে৷ এ-সংক্রান্ত আইন অনুযায়ী আদালতে অভিযোগ প্রমাণিত হলে শাহেদুল ইসলামের ১৫ বছর পর্যন্ত শাস্তি হতে পারে।’
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কর্তৃক আনীত আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে বাড়ির কাজে সহায়তার জন্য মোহাম্মদ আমিন নামের এক ব্যক্তিকে বাংলাদেশ থেকে নিউইয়র্কে নিয়ে আসেন শাহেদুল ইসলাম। জানা গেছে, ১৩ মাস আগে ওই গৃহপরিচারক ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামের বাসা থেকে পালিয়ে যান। সে সময় আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিষয়টি মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে জানানো হয়েছিল। এরপরও কেন শাহেদুল ইসলামকে গ্রেপ্তার হতে হলো, ঢাকায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জোয়েল রিফম্যাকের কাছে তা জানতে চেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব।
প্রায় তিন বছর আগে (২০১৪ সালের মার্চ মাসে) নিউইয়র্কের সাবেক কনসাল জেনারেল মনিরুল ইসলামের বিরুদ্ধেও প্রায় একই অভিযোগ উত্থাপন করেছিলেন নিউইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড ব্রাউন।
মাসুদ রানা নামের একজন বাংলাদেশি, যাঁকে নিউইয়র্কে ঘরের কাজে সহায়তা করার জন্য সে সময়ের কনসাল জেনারেল মনিরুল ইসলাম ঢাকা থেকে মার্কিন ভিসায় নিউইয়র্ক নিয়ে এসেছিলেন। মনিরুল ইসলামের বিরুদ্ধে ভিসায় আনা গৃহপরিচারক মাসুদ রানার যে অভিযোগ, তিন বছর পর ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামের বিরুদ্ধে গৃহপরিচারক মোহাম্মদ আমিনের আনা অভিযোগ প্রায় একই রকমের।
আমেরিকার বাইরে থাকার কারণে মনিরুল ইসলাম তখন গ্রেপ্তার এড়াতে পেরেছিলেন। সেই তিন বছর আগের মামলা এখনো চলছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উত্থাপনকারী অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই আমেরিকায় পারমানেন্ট রেসিডেন্ট কার্ড (গ্রিন কার্ড) পেয়ে গেছেন। কাকতালীয় হলেও সত্য, সেই সময় শাহেদুল ইসলাম কিন্তু নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটেই চাকরি করতেন। ভাগ্যের কী নির্মম পরিহাস! শাহেদুল ইসলামও মামলা-গ্রেপ্তার এড়াতে পারলেন না।
গ্রেপ্তারের পর নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান সাংবাদিকদের বলেছেন, গ্রিন কার্ড পাওয়ার মতলবেই শাহেদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। কনসাল জেনারেলের এ মন্তব্য হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। কমিউনিটি বেশির ভাগ মানুষেরও ধারণা এ রকমই। আমেরিকার একটি গ্রিন কার্ডের জন্য যেকোনো পদক্ষেপ গ্রহণে অনেক বাংলাদেশিই আছেন, যাঁরা কোনো প্রকার ভাবনাচিন্তা করেন না। আমেরিকার ইমিগ্রেশন নীতিমালার বিভিন্ন ফাঁকফোকর বের করে তা থেকে ফায়দা লুটার সময় দেশের ভাবমূর্তি ও মর্যাদার বিষয়টি বিবেচনা রাখার প্রয়োজনই মনে করেন না তাঁরা। তবে মনিরুল ইসলাম ও শাহেদুল ইসলামের বিষয়টি যেভাবে আমেরিকার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোতে এসেছে, তা দেশ হিসেবে বাংলাদেশ ও এখানে বসবাসকারী সে দেশের মানুষদের জন্য খুবই লজ্জার।
এ বিষয়ে মানবাধিকারকর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নুর খান জার্মান বেতার ডয়চে ভেলেকে বলেছেন, ‘বিদেশে কর্মরত বাংলাদেশিদের কেউ কেউ গৃহের কাজের জন্য কখনো আত্মীয় পরিচয়ে, আবার কখনো গৃহকর্মী পরিচয়ে কাউকে কাউকে নিয়ে যান৷ কিন্তু যেসব শর্তে নিয়ে যান, অনেক সময় সেই সব শর্ত তাঁরা পূরণ করেন না৷ ফলে জটিলতার সৃষ্টি হয়৷’
অনেকেরই এখন প্রশ্ন, বাংলাদেশের ভাবমূর্তির কথা বিবেচনা করে আমেরিকায় বাংলাদেশের কূটনীতিবিদদের বাংলাদেশ থেকে ভিসা দিয়ে বাড়ির কাজের লোক আনার প্রক্রিয়া কবে বন্ধ হবে?