ঘরে ব্যবসা শুরু করেও সাফল্যের চূড়ায় তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহেদ ইসলাম ও সাহেরা চৌধুরী
সাহেদ ইসলাম ও সাহেরা চৌধুরী

সাহেদ ইসলাম একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। স্বপ্নের আমেরিকায় পাড়ি দেওয়ার পর এই দেশে বেশ ভালোই চলছিল তাঁর চাকরিজীবন। টুইন টাওয়ারের এক প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। কিন্তু ২০০১ সালে সেখানে সন্ত্রাসী হামলার পর অনেকের সঙ্গে পাল্টে যায় তাঁরও জীবন।

ভেঙে-পড়া ভবনের যে অফিসে চাকরি করতেন, সেই প্রতিষ্ঠানও ভেঙে পড়ে, চাকরি হারান সাহেদ ইসলাম। কিন্তু মনোবল হারাননি। নিয়মিত চাকরি না পেয়ে ফ্রি-ল্যান্সিং কাজ শুরু করেন তিনি ও তাঁর স্ত্রী সাহেরা চৌধুরী। সেটাও বেশি টাকার কাজ ছিল না। কাজ ছোট হলেও তাঁদের সৃষ্টিশীলতা দিয়ে যখন মালিক পক্ষকে খুশি করতে পারতেন, সেটাই তাঁদের কাজের গতি বাড়িয়ে দিত অনেক।

সাহেদ ইসলাম বলছিলেন, তখন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে সফটওয়্যার ডেভেলপমেন্টের আউটসোর্সিং কাজগুলো শুরু হচ্ছিল একটু একটু করে। সে সময় অনেকেই বাংলাদেশ থেকেই এখানকার কোম্পানির জন্য কাজ করতেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যেত—কাস্টমার চাচ্ছেন একটি আপেল, কিন্তু বাংলাদেশ থেকে তাঁরা পাচ্ছেন আপেলের মতোই, কিন্তু ভিন্ন একটি ফল কমলালেবু। এটা ঘটত কেবল যোগাযোগ ব্যবস্থার ভিন্নতার কারণে। এরপর তাঁরা (সাহেদ ইসলাম ও তাঁর স্ত্রী) উদ্যোগ নেন, তাঁরা নিজেরাই দাঁড় করাবেন একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান। নিজের নামের থেকে ‘এস’ আর স্ত্রীর নাম জেনি থেকে ‘জে’ নিয়ে দুজনে মিলে দাঁড় করালেন, ‘এসজে ইনোভেশন’। যেটির যাত্রা শুরু হয়েছিল তাঁদের বেডরুম থেকেই।

সাহেদ ইসলাম বলেন, এমনও দিন গেছে দিনভর তিনি ১৮ শ ই-মেইল করেছেন কাজ পাওয়ার আশায়, উত্তর পেয়েছেন মাত্র একটির। তাঁর স্ত্রী এই প্রতিষ্ঠানের ৫০ শতাংশ মালিকানায় আছেন এবং তিনিও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এমনও রাত গেছে তাঁর স্ত্রী বাচ্চাদের নিয়ে যে বিছানায় ঘুমিয়েছেন, তিনি সেই একই বিছানায় ল্যাপটপ নিয়ে সারা রাত কাজ করেছেন। এমনও গেছে সারা রাত কাজ শেষে যখন সকাল সাতটায় ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাঁর ক্লায়েন্ট ফোন করেছেন। তারপরও তাঁরা খুশি হতেন। কেননা, তখন ক্লায়েন্টদের খুশি দেখতে চাওয়াটাই ছিল তাঁদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যের কারণেই আজ একটি বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছেন। আজ তাঁদের যুক্তরাষ্ট্রের বাইরে ইউক্রেন, ভারতের গোয়া, বাংলাদেশের ঢাকা ও সিলেটসহ মোট পাঁচটি শাখা অফিস সমানতালে কাজ করছে। বর্তমানে তাঁদের প্রতিষ্ঠানের কর্মীর সংখ্যা ১৪০ এর বেশি। এখন তাঁদের বাৎসরিক আয় এক দশমিক ৬ মিলিয়ন ডলার এবং এই বছরে সেটা আরও বাড়বে বলে তাঁদের বিশ্বাস।
এসজে ইনোভেশন-এর প্রধান নির্বাহী সাহেদ ইসলাম জানান, ‘নেইবারহুড ডট কম’ নামে তাঁদের তৈরি একটি ওয়েবসাইট নিয়ে নিউইয়র্ক টাইমসে নিবন্ধ ছাপানো হয় ২০০৪ সালে। এরপর তাঁরা প্রায় শতাধিক কর্মী নিয়োগ করেছিলেন কাস্টমার সামলাতে। এখনো ছোট ছোট প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি, কোম্পানির প্রয়োজনমতো সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করছেন। এ ছাড়া তাঁদের আরেকটি সফর প্রতিষ্ঠান হলো টিচার্স পে টির্টাস ডট কম। মাত্র এক হাজার ডলার নিয়ে শিক্ষকেরা তাঁদের লেকচার বিক্রি করে এই প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ শুরু করেছিলেন। এখন সেই প্রতিষ্ঠানের বাৎসরিক আয় দু শ মিলিয়ন ডলার। এর বাইরে ‘জনসন অ্যান্ড জনসন’ এর অফিশিয়াল ভেন্ডার হিসেবে কাজ করছেন তাঁরা। এ ছাড়া কাজ করছেন এডোবি’র সঙ্গে। মুভ অন নামে একটি উবারের মতো কোম্পানিও তৈরির চেষ্টা করছেন।
সম্প্রতি সাহেদ ইসলাম ও তাঁর স্ত্রীর প্রতিষ্ঠান এসজে ইনোভেশন বাংলাদেশে তাঁদের কর্মক্ষেত্র বিস্তার করেছেন। তরুণদের নিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টকে এগিয়ে নিতে বুট ক্যাম্পের উদ্যোগ নিয়েছেন। উদ্দেশ্য, বর্তমান বাস্তবতায় তাঁদের প্রশিক্ষণ এবং ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা শেখানো।