নিউইয়র্ক নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে। একের পর এক সহিংস ঘটনা ঘটছে। ঘরে বসেও নিরাপদ নয় মানুষ। বাইরে থেকে আসা বন্দুকের গুলিতে মারা পড়ছেন বেডরুমে থাকা মানুষ। ফুটপাথ ধরে হেঁটে যাওয়ার সময় গুলিবিদ্ধ হচ্ছেন পথচারী। গাড়ি, মোটরবাইক ছিনতাই হচ্ছে অহরহ। পুলিশের তৎপরতা থাকলেও অপরাধ বেড়ে যাওয়ায় নগরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চরম উৎকণ্ঠায় সময় কাটছে মানুষের।
নিউইয়র্কে নগরের জ্যাকসন হাইটসে নিজের ঘরে গুলিবিদ্ধ হয়ে মারা যান এক নারী। ৩৪ অ্যাভিনিউ ও ৯৩ স্ট্রিটের নিজের ঘরেই ছিলেন বারতা আরিয়াগা (৪৩)। ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে একটার দিকে তিনি নিজ ঘরে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুলিটি বাইরের সড়কপথ থেকে আসা। বারতা আরিয়াগার ১৪ বছরের ছেলে পাশের রুম থেকে গিয়ে মাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা আরিয়াগাকে মৃত ঘোষণা করে।
নগরের পুলিশ কমিশনার ডারমট শেই বলেন, কাণ্ডজ্ঞানহীন বন্দুক সহিংসতার আরেকটি দুঃখজনক ঘটনা এটি। এতে আরেকটি পরিবারের অপূরণীয় ক্ষতি হল। সড়ক পথে কে, কেন গুলি করেছে, তাঁর কোন হাদিসই পাওয়া যায়নি। ঘাতককে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি।
ঘটনার কিছুক্ষণ আগে একই এলাকায় একটি মোটরসাইকেল চুরির চেষ্টা চলছিল বলে পুলিশের কাছে খবর থাকলেও দুর্বৃত্তদের গ্রেপ্তার করা যায়নি। এর কয়েক ঘণ্টা আগে আধা মাইল দূরত্বে জ্যাকসন হাইটসের বাংলাদেশি বাণিজ্যিক এলাকা থেকে একটি গাড়ি নিয়ে পালিয়ে গেছে আরেক দুর্বৃত্ত। তাঁকেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
একই দিন জ্যাকসন হাইটসের ট্রেন স্টেশন থেকে একজন যাত্রীর ২০ ডলারের নোটের অর্ধেক নিয়ে গেছে এক ছিনতাইকারী। ভেন্ডিং মেশিন থেকে সাবওয়ে কার্ড কেনার জন্য ২০ ডলার হাতে নিয়েছিলেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন। ছিনতাইকারী ২০ ডলারের নোট ঝাপটি মেরে অর্ধেক ছিড়ে নিয়ে গেছে। অর্ধেক নিজ হাতে রেখে বিস্ময় আর আতঙ্কে চিৎকার করছিলেন এই ব্যক্তি। ছিনতাইকারী পালিয়ে যায়।
পরদিন ৩০ সেপ্টেম্বর ব্রঙ্কসের উয়েকফিল্ড এলাকার ২২৪ স্ট্রিটে একজন ৫২ বছর বয়সী নারী ফুটপাথ দিয়ে হাঁটছিলেন। এ সময় পায়ে গুলিবিদ্ধ হন ওই পথচারী নারী। তাকে জ্যাকবি হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে ২৫ সেপ্টেম্বর কুইন্সে চলন্ত গাড়ি থেকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালালো আরও তিনজন আহত হয়। নিউইয়র্ক পুলিশ ওই ঘটনার তদন্ত করছে।