ঘরের জঙ্গিদের নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
বিশেষ করে ইউরোপে একের পর এক সন্ত্রাসী ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রেও ‘গৃহ কোণে বেড়ে ওঠা’ জঙ্গিবাদী সন্ত্রাসীদের নিয়ে উদ্বেগ চরমে। সদ্য যুক্তরাষ্ট্র সফর করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হুমকি মোকাবিলায় কয়েকটি করণীয়ও ঠিক করেছেন দুই নেতা।
ফ্রান্সের প্যারিসের সাম্প্রতিক সন্ত্রাসবাদী ঘটনার পর যুক্তরাষ্ট্রে আরও বেশি সতর্কাবস্থা বিরাজ করছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে পাশে নিয়ে ওবামা বলেছেন, কেবল গোয়েন্দা বা সামরিক শক্তি দিয়ে অভ্যন্তরীণ জঙ্গিবাদের উত্থান রোধ করা যাবে না। তিনি বলেন, ধীর এবং পদ্ধতিগত কাজের মধ্য দিয়ে, যুক্তরাষ্ট্রের মুসলমানদের সঙ্গে নিয়ে এ সমস্যার সমাধান করতে হবে।
প্রেসিডেন্ট ওবামার জ্যেষ্ঠ উপদেষ্টা ডেনিস ম্যাকডোনো অভ্যন্তরীণ জঙ্গিদের উত্থান ঠেকাতে গৃহীত পদক্ষেপ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে মুসলমান সম্প্রদায়ের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে সমস্যাটির মোকাবিলার প্রয়াস চলছে।
২০১১ সাল থেকে যুক্তরাষ্ট্রে দেশীয় সন্ত্রাসীদের উত্থান নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। নিউইয়র্কের টাইম স্কোয়ারে গাড়ি বোমা বিস্ফোরণসহ বেশ কটি ঘটনায় মার্কিন কর্তৃপক্ষ সচকিত হয়ে ওঠে। এসব ঘটনায় অন্তত কিছু মুসলমান যুবকের জঙ্গি ভাবাদর্শে লিপ্ত হয়ে সন্ত্রাসী কাজে জড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল সেনা ছাউনিতে নির্বিচারে গুলি ছোড়া, বোস্টন ম্যারাথনে বোমা হামলা, গত সপ্তাহে ওহাইওতে গ্রেপ্তারের ঘটনা। এসব ঘটনায় আন্তর্জাতিক কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। জঙ্গি নেতাদের বক্তব্যে প্রভাবিত হয়ে এরা নিজেরাই সন্ত্রাসী কাজে লিপ্ত হয়েছে। এদের কোনো সংগঠন নেই। ফলে আইনশৃঙ্খলা বাহিনী এসব হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে। পারিবারিক পরিবেশ, ব্যক্তিগত হতাশা, সমাজ বিচ্ছিন্নতা, বিভ্রান্তিসহ ধর্মীয় উন্মাদনাকে এসব জঙ্গির উত্থানের কারণ বলে মনে করছেন পশ্চিমা সমাজ বিশ্লেষকেরা। অবশ্য যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে মুসলমানদের ওপর নজরদারির অভিযোগ উঠেছে আগে থেকেই। তবে মসজিদসহ মুসলমানদের স্থাপনায় সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি সত্ত্বেও গৃহ কোণে বেড়ে ওঠা জঙ্গিদের উত্থান ঠেকানো যায়নি।
‘সি সামথিং-সে সামথিং’-এ স্লোগানটি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যুক্তরাষ্ট্রে। সন্দেহজনক কিছু দেখলে নীরব না থেকে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান করা হয়েছে এ প্রচারণায়। যদিও ভুল তথ্য দিয়ে হয়রানি করা, আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার অনেক ঘটনা ঘটেছে এর মধ্যে। মুসলমানদের মধ্যে ফাঁদ পেতে সন্ত্রাসী কার্যক্রমে প্ররোচিত করার বিতর্কিত গোয়েন্দা কার্যক্রম ব্যাপকভাবে সমালোচিত হয়েছে সম্প্রতি।