ঘরের ধুলাতেই বাসিন্দার পরিচয়
ঘরের ধুলাবালুতে মিশে থাকে অতি ক্ষুদ্র অনেক প্রাণী। এগুলো বিশ্লেষণ করে ঘরটির ভৌগোলিক অবস্থানের পাশাপাশি জানা যেতে পারে সেখানে বসবাসকারী নারী নাকি পুরুষ, ঘরে কোনো পোষা প্রাণী থাকে কিনা ইত্যাদি তথ্য। যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ কথা জানিয়েছেন।
কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষক নোয়া ফিয়েরার বলেন, ‘বাড়িতে প্রতিদিন অসংখ্য জীবসত্তা আমাদের চারপাশ থেকে ঘিরে রাখে। এগুলোর বেশির ভাগই খালি চোখে দেখা যায় না। আমরা আসলে জীবাণুর চিড়িয়াখানায় বাস করি। এসব জীবসত্তার বৈচিত্র্যের তালিকা তৈরি করাই ছিল আমাদের গবেষণাটির লক্ষ্য।’
যুক্তরাষ্ট্রের প্রায় ১ হাজার ২০০ বাড়ির ওপর পরিচালিত ওই গবেষণা প্রতিবেদন প্রসিডিংস অব দ্য রয়েল সোসাইটি বি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, প্রতিটি বাড়িতে গড়ে অন্তত পাঁচ হাজার ব্যাকটেরিয়া ও প্রায় দুই হাজার ছত্রাক বসবাস করে। আইএএনএস।