ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘা

ভীষণ রাশভারী মানুষ তিনি। বয়স বায়ান্ন হলেও দেখে মনে হয় এখনো চল্লিশের ঘরেই আটকে আছেন। প্রথম যেদিন তাঁকে দেখি, তখন স্বামীসহ আরও কয়েকজন মিলে গল্প করছিলেন। বন্ধুদের আড্ডার টেবিলে বসতেই বারবার চোখ তাঁর দিকে চলে যাচ্ছিল। কপালে টিপ, পরনে গানইউ চোল নামক নেপালি বসন। হাসিতে কেঁপে কেঁপে উঠছেন। যতবার চোখ পড়ে, ততবার লজ্জায় কাজল কালো চোখ ফিরিয়ে নেন। ভাবছিলাম কিছুক্ষণ তাঁর সঙ্গে বসে কথা বলব। কিন্তু তিনি ব্যস্ত থাকায় সেদিন আর বেশি কথা না বলে খাবারের বিল মিটিয়ে পরদিন আবার যাওয়ার প্রতিজ্ঞা করে ফিরে আসি।
দু দিনপর আবার গেলে দেখি ছোট দোকানটায় চার-পাঁচজন ক্রেতা, দুজন কর্মচারী ও দিদি বসে কিছু কাটছেন। দিদি মানে উষা গৌছালি, যাকে দেখে মুগ্ধ হয়েছিলাম। দিদি আমাদের দেখে খুশি হয়ে বসতে বলে নিজেই অর্ডার নিয়ে রান্নাঘরে ঢুকে গেলেন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে। আজ দিদিকে দেখে আগাগোড়া কর্মজীবী নারী মনে হচ্ছিল। ব্যস্ততার পাশাপাশি আমাদেরও দেখছেন; আবার রসুইঘরে গিয়ে শেফ প্রিয়াকেও সাহায্য করছেন। যেহেতু দিদি ভালো ইংলিশ জানেন না, তাই পাশের নেপালি ভদ্রলোক সুশীল শেরপার কাছে সাহায্য চাইলাম। তিনি বললেন, ‘অবশ্যই।’ খাবারের অর্ডার দিয়েই বললাম, ‘দিদি আসুন গল্প করি।’ এরপর খেতে খেতেই কথা হয় তাঁর সঙ্গে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের ছোট একটু জায়গায় গত চার মাস আগে গড়ে উঠেছে এই টিপিক্যাল নেপালি রেস্তোরাঁ; নাম কাঞ্চনজঙ্ঘা। সহজ ভাষায় বললে এটা হলো এমন এক রেস্তোরাঁ, যেখানে রয়েছে শুধু একটি রান্নাঘর। সাত-আটজন মানুষ কোনোমতে বসে খাবার খেতে পারেন। ক্রেতা অনলাইনে খাবার অর্ডার করতে পারেন, আবার চাইলে সেখানে বসেও খেয়ে নিতে পারেন। মালিক উষা গৌছালি। কাঠমান্ডুতে নিজের রেস্তোরাঁ ও বোর্ডিং বিজনেস ছেড়ে এ দেশে এসে রাস্তার দুপাশে মম ভেন্ডার দেখে নিজেই এ রেস্তোরাঁ দিয়ে বসেন ২০১৮ সালে।
উষা গৌছালির বড় মেয়ে মাকে নিয়ে এসেছেন আমেরিকায়। কোনো এক পারিবারিক কারণে তিনি গত ১৮ বছর ধরে নেপাল যেতে পারেননি। তবে দেশ ছাড়ার এত বছর পরও কাঞ্চনজঙ্ঘার স্মৃতি হৃদয় থেকে সরাতে পারেননি বলেই মায়ের রেস্তোরাঁর নাম রাখেন ‘কাঞ্চনজঙ্ঘা’।
উষা গৌছালিকে ব্যবসা কেমন চলছে জিজ্ঞেস করতেই বললেন, ‘আজকাল তো সবাই রেস্তোরাঁ ব্যবসাই করছে। বিশেষ করে মম বিজনেস। আমি খুব বড় কিছুর স্বপ্ন দেখিনি। আমার দেশে যেমন ব্যবসা ছিল, তেমনই একটা কিছু বিদেশের মাটিতে করার আশা করেছি। দেশে সব বিক্রি করে যখন এই রেস্তোরাঁর কাজ শুরু করি, তখন ভাবছিলাম চ্যালেঞ্জটা নিতে পারব কিনা? যখন দেখলাম ধীরে ধীরে ব্যবসাটা জমছে, তখনই নিচের বেসমেন্টটা ঠিক করে সেখানে ৩/৪ জন মানুষের থাকার ব্যবস্থা করে দিলাম। ব্যস আরও বেড়ে উঠল ব্যবসা। চার হাজার ডলার ভাড়া ও ইনস্যুরেন্স দিয়ে সুন্দর কেটে যাচ্ছে।’
উষা বললেন, ‘বাজার-সদাই সব জ্যাকসন হাইটস থেকেই করি। সবচেয়ে বেশি চলে সুকুতি (শুকনো মাংস), চিকেন থালি, আচার, হট মম ও চাওমিন। অনেক বড় বড় রেস্তোরাঁ আছে। সেখানে দামি খাবার আছে। কিন্তু তার চেয়ে আমার এই ছোট রেস্তোরাঁর কিছু স্পেশাল খাবার বেশি চলে।’
কাঞ্চনজঙ্ঘায় নিয়মিত খেতে আসেন সুশীল রাজপুত (৩৯)। তিনি বলেন, ‘এখানে আসার প্রথম কারণ হচ্ছে দেশীয় পরিবেশ ও ঘরের খাবারের স্বাদ। এখানে এলে দিদি নিজের ঘরের মানুষের মতো আদর আপ্যায়ন করেন। নেপালি উবার ড্রাইভাররা এখানে বিশেষ করে অল্প পয়সায় সেট মেনু খেয়ে যায়।’
গৌছালি প্রথম আমেরিকায় এসে হাইজকিপিংয়ের কাজ করেছেন। এরপর শেফের কাজ পেলে আগের কাজ ছেড়ে দেন। কিছুদিন পর তাঁর স্বামী ও ছেলে এলে তিনি নেপালে বিক্রি করা রেস্তোরাঁর টাকা এবং নিজের ও স্বামীর উবার চালিয়ে জমানো টাকা নিয়ে রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন। এর আগে নেপালি ও ভারতীয়দের কাছ থেকে এখানে রেস্তোরাঁ ব্যবসার জন্য প্রশিক্ষণ নিয়েছেন। এরপর ব্যবসা শুরুর পর আর তাঁকে পেছন ফিরে তাকাতে হয়নি। চাইলে আপনিও একবার বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন কাঞ্চজঙ্ঘায়। নেপাল নয়; ৭২-২৪ রুজভেল্ট অ্যাভিনিউ, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২—এই ঠিকানায় গেলেই দেখা পাবেন উষা গৌছালির কাঞ্চনজঙ্ঘার। খোলা থাকে সোমবার থেকে রোববার সকাল ১১টা রাত ১১টা পর্যন্ত।