ঘুষ নেওয়ার অভিযোগে ওহাইওর স্পিকার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওহাইও হাউসের স্পিকার ল্যারি হাউসহোল্ডার। ছবি: স্পিকারের টুইটার থেকে নেওয়া
ওহাইও হাউসের স্পিকার ল্যারি হাউসহোল্ডার। ছবি: স্পিকারের টুইটার থেকে নেওয়া

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের পার্শ্ববর্তী রাজ্য ওহাইও হাউসের রিপাবলিকান স্পিকার ল্যারি হাউসহোল্ডারসহ পাঁচজনকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ২১ জুলাই তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে ৬০ মিলিয়ন ডলার ফেডারেল ঘুষ গ্রহণের তদন্ত করছে এফবিআই।

গ্রেপ্তার হওয়া বাকি চারজন হলেন-ল্যারির পরামর্শদাতা জেফরি, স্টেট হাউসের লবিস্ট নীল ক্লার্ক, ওহাইও রিপাবলিকান পার্টির সাবেক চেয়ারম্যান ম্যাথু বোর্জেস ও পরামর্শক সংস্থা দ্য অক্সলি গ্রুপের সহপ্রতিষ্ঠাতা জোয়ান সিপ্পিডিস।

জানা গেছে, এফবিআই স্পিকার ল্যারি হাউসহোল্ডারের গ্রামীণ খামারেও অভিযান চালিয়েছে। অভিযান চালানোর কয়েক ঘণ্টা পর ইউএস অ্যাটর্নি ডেভিড ডিভিলারস বলেন, এটি সবচেয়ে বড় ঘুষ ও অর্থ পাচারের ঘটনা, যা ওহাইও রাজ্যের জনগণের বিরুদ্ধে করা হয়েছে। ওহাইওর দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রায় ১ বিলিয়ন ডলার অর্থ উদ্ধারের অন্যতম ব্যক্তি ছিলেন স্পিকার ল্যারি।

এ ঘটনায় রাজ্য গভর্নর মাইক ডিওয়াইন অবিলম্বে ল্যারিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। গভর্নর বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের কারণে কার্যকর বিধায়ক নেতা হওয়া তার পক্ষে অসম্ভব।

ওহাইও রিপাবলিকান পার্টির প্রধান, রাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং সিনেটের প্রেসিডেন্টও ল্যারিকে পদত্যাগের আহবান জানিয়েছেন। হাউস রিপাবলিকান ককাসের নেতারা এই অভিযোগকে মর্মান্তিক বলে অভিহিত করেছেন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ল্যারি 'জেনারেশান নাউ' নামে একটি দল নিয়ন্ত্রণ করেন। যে দল গত তিন বছরে একটি অজ্ঞাত সংস্থার কাছ থেকে ৬০ মিলিয়ন ডলার গ্রহণ করেছে। বিনিময়ে ল্যারি ও অন্য আসামিরা পারমাণবিক কেন্দ্রের বেল আউট পাস করার জন্য কাজ করছিলেন।