ঘূর্ণিঝড় ডোরিয়ানে লন্ডভন্ড বাহামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ান আঘাত হানে বাহামায়। ছবি: এএফপি
শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ান আঘাত হানে বাহামায়। ছবি: এএফপি

আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জ বাহামায় এখনো অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ান। গতকাল রোববার স্থানীয় সময় দুপুরে বাহামার অ্যাবাকো দ্বীপের এলবো কে অঞ্চলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঘূর্ণিঝড়টি বাহামায় আঘাত হানার সময় সাগরে ১৫ থেকে ২০ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়। তবে স্থানীয় লোকজনকে আগেই নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দ্বীপপুঞ্জে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে ডোরিয়ানের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে বাহামা দ্বীপপুঞ্জ। দ্বীপে ঘণ্টায় ১৮০ মাইল বেড়ে বাতাস বইছে। এখানকার বহু বাড়ির ছাদ উড়ে গেছে এবং মারাত্মক বন্যার সৃষ্টি হয়েছে। ঝড়ের প্রভাবে গ্র্যান্ড বাহামা দ্বীপে তীব্র বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।

আঘাতের সময় ক্যাটাগরি চার মাত্রার ছিল ডোরিয়ান। পরে তা ক্যাটাগরি পাঁচ মাত্রার ঝড়ে পরিণত হয়। ঘূর্ণিঝড়টি খুব ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, জর্জিয়া, উত্তর এবং দক্ষিণ ক্যারোলাইনা রাজ্যের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বাহামাবাসীর পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ঘূর্ণিঝড়ে দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে, অনেক বাড়ির ছাদ উড়ে গেছে। ভিডিওতে আরও দেখা যায়, ধ্বংসস্তূপে ভরা একটি নৌকা পানিতে ভাসছে।

ধারণা করা হচ্ছে, আজ সোমবার ঘূর্ণিঝড়টি এই দ্বীপপুঞ্জ থেকে সরে যাবে। গতকাল গ্রিনিচ সময় রাত তিনটার বুলেটিনে জানায়, আজ স্থানীয় সময় রাতে অথবা কাল মঙ্গলবার ফ্লোরিডায় আঘাত হানতে পারে ডোরিয়ান।

গতকাল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) পরিচালক কেন গ্রাহাম বলেন, ঘূর্ণিঝড়টি ১০ ঘণ্টা বা তারও বেশি সময় ধরে বাহামায় অবস্থান করবে। দ্বীপপুঞ্জের বেশ কিছু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। তবে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটি রোববার পর্যন্ত খোলা রয়েছে।