ঘূর্ণিঝড় লরার আঘাতে বিপর্যস্ত লুইজিয়ানা
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলে ঘূর্ণিঝড় লরা ২৭ আগস্ট ভোরে আঘাত হেনেছে। লুইজিয়ানা অঙ্গরাজ্যের পশ্চিম ও মধ্যাঞ্চলে ক্যাটাগরি চার শক্তি নিয়ে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
টেক্সাস সীমান্তের কাছাকাছি লুইজিয়ানার লেক চার্লস নগরীর প্রায় ৫৪ মাইল অদূরের উপকূলে ঘূর্ণিঝড় লরার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২৬ আগস্ট রাত থেকেই দমকা বাতাস আর সমুদ্র উপকূলে ঝোড়ো বৃষ্টি শুরু হয়। শেষ রাতের দিকে ঘণ্টায় ১০০ মাইলের বেশি গতিতে জনপদে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এতে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে অনেক ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকার প্রায় পাঁচ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছে। ঘরের ওপর গাছ উপড়ে এক কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৭ আগস্ট দুপুর পর্যন্ত লুইজিয়ানার জরুরি বিভাগ ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছে।
লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস ২৭ আগস্ট সকালে এক টুইট বার্তায় ঘূর্ণিঝড় লরার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়ে নাগরিকদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন। বেশ কিছু ভবন ভেঙে গেছে। একটি ক্যাসিনোর অর্ধেকই ধসে পড়েছে। রাজ্য গভর্নর ওই এলাকায় জরুরি সাহায্যের আবেদন জানিয়েছেন। ২৭ আগস্ট সকালে নিউজার্সি থেকে লুইজিয়ানার পথে একটি জরুরি সাহায্যের ট্রাক উদ্ধার সামগ্রী নিয়ে রওনা দিয়েছে বলে জানা গেছে।
রাজ্য গভর্নরের প্রধান সহকারী ক্রিস্টিনা স্টিফেনস বলেন, তাঁরা আশঙ্কা করছেন ঘূর্ণিঝড় লরার আঘাতে আরও মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্তমানে বিদ্যুৎহীন নগরীর প্রায় সব সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ কারণে ক্ষয়ক্ষতি নিরূপণে দেরি হচ্ছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, লস অ্যাঞ্জেলসের কেলকাসিও পাস উপকূলেও ১২৭ মাইল বেগে লরা আঘাত হানে। ঘূর্ণিঝড় লরা বর্তমানে দুর্বল হলেও থেমে থেমে দমকা বাতাস বইছে। এখন ক্যাটাগরি-২ হিসেবে এর প্রভাব বিস্তৃত হয়ে আরাকানসাস পর্যন্ত যাবে। এর প্রভাবে মিসিসিপি নদী ফুঁসে উঠেছে।
ঘূর্ণিঝড় লরার কারণে ২৬ আগস্ট বিকেল থেকেই উপকূলের মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। তবে টেক্সাসের সান লুইস এলাকা থেকে লুইজিয়ানার প্রায় ৩২২ কিলোমিটার জুড়ে লোকজনকে সরে যেতে বলা হলেও অনেকেই তা মানেননি।