ঘোড়া দাবড়!

আমি তখন অনেক ছোট সম্ভবত ক্লাস ওয়ানে পড়ি। ঘটনাটা অনেক আগের কিন্তু আমি এখনো স্পষ্ট মনে করতে পারি। আমার বাড়ির আশপাশে কেউ আমার সমবয়সী ছিল না। তাই আমি একটু সিনিয়র আপুদের সঙ্গে মাঠে গিয়ে সঙ্গে খেলা করতাম। তারা হয়তো কেউ দ্বিতীয় শ্রেণিতে পড়ছে অথবা তৃতীয় শ্রেণিতে।
এখনো হয়তো গ্রামের মেয়েরা মাঠে ঘাটে খেলতে যায়, যেমনটি আমিও যেতাম। অবশ্য, আমাকে বাবা-মা অনেক আদর করে চোখে চোখে রাখত, সেটা ফাঁকি দিয়েই যেতাম। সেরকমই এক বিকেলে মাঠে গিয়ে জানতে পারলাম, এখানে ঘোড়দৌড় হবে, গ্রামের ভাষায় যাকে বলা হতো ঘোড়া দাবড়।
ঘোড়া দাবোর শব্দটা ওই দিন প্রথম শুনলাম আমি। খুবই কৌতূহলী হলাম। কী জিনিস দেখতে হবে। আমি বয়সে ছোট হওয়ায় আমার খেলার সাথিরা আমাকে তাদের সঙ্গে নেবে না। আমিও নাছোড় বান্দা যাবই। আপুরা বলল, তোমাকে নিতে পারি যদি তুমি বাসা থেকে অনুমতি নিয়ে নিতে পারো। মাঠ থেকে বাসায় যেতে সময় লাগে ৫ মিনিট। এক দৌড়ে বাসায় এলাম। আম্মু বলল ঘোড়দৌড় তো দেখতে যাবে না, এখন আর মাঠে যাওয়ারই দরকার নেই। মনটাই খারাপ হয়ে গেল। বাসা থেকে বের হতে না পারলে ঘোড়দৌড় মিস! আম্মুকে অনেক বুঝিয়ে মাঠে আসার অনুমতি নিলাম আর ওয়াদা করলাম ঘোড়দৌড় দেখতে যাব না।
নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের যেমন আগ্রহ বেড়ে যায়, তেমনি আমারও আগ্রহ আরও বেড়ে গেল। মাঠে এসে আপুদের মিথ্যা কথা বলে দিলাম, যে আম্মু অনুমতি দিয়েছেন। অবশেষে আপুদের সঙ্গে গেলাম কাঙ্ক্ষিত ঘোড়দৌড় দেখতে। আমরা রাস্তার পাশের একটা বাড়ির সুপারি গাছের কাঠ দিয়ে বানানো বেড়ার পেছনে দাঁড়িয়ে শুধু মাথা বের করে উঁকি দিয়ে দাঁড়িয়ে আছি। এবার আমি আরও বেশি উত্তেজিত। ঘোড়দৌড় কি এমন জিনিস যা দেখতে বেড়ার পেছনে দাঁড়িয়ে উঁকি দিতে হয়? অপেক্ষা আর অপেক্ষা ।
অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম, হঠাৎ একটা ঘোড়া পিঠে একজন মানুষ নিয়ে এক সেকেন্ডেই চোখের পলকেই চলে গেল। মনে মনে ভাবলাম কি হলো এটা? এতক্ষণ অপেক্ষা করার পরে কিছুই দেখতে পারলাম না, একটা ঘোড়া ঝড়ের গতিতে চলে গেল! একটু আস্তে গেলে কি হতো? কিন্তু গেল কোথায় ? আমি কাউকে কিছু না বলে ঘোড়াটা কোথায় গেল, দেখার জন্য বেড়ার ফাঁক দিয়ে দৌড়ে রাস্তার মাঝখানে চলে এলাম। খেলার সাথিরা আমাকে পিছু ডাকছে, আমি পাত্তা দিইনি। এর মধ্যে হঠাৎ আমি আবিষ্কার করলাম, আমি ১০/১২ ফিট সামনে ছিটকে পরলাম, কারণ প্রতিযোগিতার পরের ঘোড়াটা আমাকে বেশ জোরে ধাক্কা দিয়ে চলে গেল। স্পষ্ট মনে আছে, যতক্ষণ জ্ঞান ছিল মনে হচ্ছিল, আমার মাথাটা মাটির সঙ্গে টেনিস বলের মতো ঘুরপাক খাচ্ছিল। এরপর আর কিছু মনে নেই জ্ঞান হারিয়ে ফেলি।
পরে জানতে পারলাম, আমার খেলার সাথিরা পরের ঘোড়াটি আসার আগেই আমাকে টেনে রাস্তা থেকে নামিয়ে আনে। না হলে হয়তো ওই দিনই আমার জীবনের শেষ দিন হতে পারত। আমার যখন জ্ঞান ফিরল আমি শুধু বলেছিলাম, দয়া করে আমার আম্মুকে কেউ জানাবেন না। এ ঘটনা শুনলে আমার আম্মু আমাকে মেরেই ফেলবে। শরীরের কত জায়গায় কেটেছে সেদিকে খেয়াল নেই আমার। আমার চিন্তা আম্মুর নিষেধ অমান্য করেছি, আম্মু আমাকে মেরেই ফেলবে। একটু পরে লক্ষ্য করলাম, আমার মাথাটা তখন আম্মুর কোলেই ছিল।
মানুষের ভিড়ে আম্মুকে খেয়াল করতে পারিনি। আর আমার আম্মু কাঁদছে কত বড় বিপদ থেকে আমি বেঁচে ফিরেছি এই ভেবে। এরপর বাসায় যখন বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম, মনে হচ্ছিল মাথাটা তখনো ঘুরপাক খাচ্ছে। সে সময় ভয় হচ্ছিল, রেসের ঘোড়া যদি রাস্তা ভুল করে আমার বাসায় চলে আসে!
জীবনের প্রথম ঘোড়দৌড়ের স্মৃতি এখনো স্পষ্ট মনে আছে, হাঁটুতে একটা দাগ এখনো আছে। ওই দুর্ঘটনাকে মায়ের নিষেধ না শোনার ফলও বলা যেতে পারে।