ঘড়ির কাঁটা ঘোরানোর নিয়ম বন্ধের পক্ষে জনমত বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেলাইট সেভিং টাইমের (ডিএসটি) নামে বছরে আমেরিকার সময় দুবার ঘড়ির কাঁটা ঘুরিয়ে সময় পরিবর্তন করার নিয়ম সমালোচনার মুখে পড়েছে। যদিও সবাই জানেন দুবার সময় পরিবর্তন করা কোনো কঠিন কাজ নয়। রাষ্ট্রীয় সিদ্ধান্তে আমেরিকার জনগণ ৫ অক্টোবর তাদের ঘড়ির কাঁটা ঘুরিয়ে এক ঘণ্টা পিছিয়েছেন।
তবে বিশেষজ্ঞরা মনে করেন, প্রতি বছর দুবার সময় কমানো বা বাড়ানোর রীতি যান চলাচল ও কর্মস্থলে গমনে বিঘ্ন ঘটায়। এমনকি হৃদ্‌রোগে আক্রান্ত রোগীদের ওপরও এই সময় আগানো-পিছানোর প্রভাব পড়তে পারে।
লস অ্যাঞ্জেলেস টাইমসকে মেইন অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদ সদস্য ডোনা ব্যাইলি বলেন, ‘শীত মৌসুমে আমাদের বহু লোক স্বাস্থ্যগত মৌসুমি সমস্যায় ভোগেন। গবেষণায় দেখা গেছে সকালের (যখন মানুষ ঘুমিয়ে থাকেন) পরিবর্তে বিকেল বেলা বাড়তি সময় থাকলে শারীরিক সমস্যা অনেকখানি কমে যায়। তিনি তাঁর রাজ্যে ‘ডিএসটি’ রীতি অবসান করার জন্য বলবেন।
কৃষকদের বাড়তি সময় দেওয়ার উদ্দেশ্যে সময় পরিবর্তনের ধারণা সামনে আসে। ১৮৯৫ সালে জর্জ হাডসন দিবালোক ব্যবহারের প্রস্তাব করেন। আমেরিকায় ১৯৬৬ সালে এ নিয়ম সরকারিভাবে চালু করা হয়।
বাস্তবে কিছু লোক নভেম্বরের শুরু থেকে সকালে বাড়তি সময় ঘুমানোর সুবিধা পেয়ে খুশি হন। কিন্তু অন্যদের যুক্তি হলো, কৃষকেরা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জেগে যান। দিবালোক ব্যবহারের নামে তাঁরা ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে চলেন না। রাজনীতিবিদরা নিজেদের প্রতিভাদীপ্ত ব্যক্তি হিসেবে জাহির করার জন্যই দিবালোক ব্যবহারের ধারণাকে সামনে এনেছেন।
এদের মতে বছরে প্রতি ছয় মাস পর পর সময় পরিবর্তননের কারণে কেবল আপনি একাই অস্বস্তিবোধ করেন না, এর সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন ঘটে। বহুলোক বিশ্বাস করেন, বছরে দুবার সময় পরিবর্তন স্বেচ্ছাচারী উদ্যোগ এবং হাস্যকর যুক্তি। ‘চেইঞ্জ ডট র্অগ’ নামের একটি সংস্থার কাছে ইতিমধ্যেই ডিএসটির বিরুদ্ধে ডজন ডজন আবেদন এসেছে। আবেদনকারীদের মতে সময় পরিবর্তনের রীতির অবসান হওয়া দরকার, কারণ এটা বিভ্রান্তি ও বিবাদ সৃষ্টি করে।
কিন্তু কীভাবে এই তালগোলের অবসান করা যায় সে সম্পর্কে কেউই নিশ্চিত নন। ইতিমধ্যে ‘লক দ্য ক্লক মুভমেন্ট’ নামক একটি সংস্থা ডিএসটির বিরোধীদের তাদের স্থানীয় ও রাজ্যের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।
লক দ্য ক্লক মুভমেন্টের সংগঠক স্কট ইয়্যাট্স বলেন, ‘ওয়াশিংটনের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সেখানে কিছু করতে পারব বলে মনে হয় না। ডিএসটি আপনাকে রূঢ় প্রকৃতির কিংবা নৈরাশ্যবাদী আচরণসম্পন্ন মানুষে পরিণত করতে পারে।’
রাজনৈতিকভাবে ডিএসটি রীতির অবসান তেমন গুরুত্ব পাচ্ছে না। তবে ডিএসটি থেকে বেরিয়ে যাওয়ার অধিকার আমেরিকার প্রতিটি অঙ্গরাজ্যেরই রয়েছে। অ্যারিজোনা ও হাওয়াই অঙ্গরাজ্য স্থায়ীভাবে স্ট্যান্ডার্ড টাইম অনুসরণ করে। ইন্ডিয়ানার কৃষকদের বিশাল অংশ এই রীতির সঙ্গে অঙ্গীভূত হতে অস্বীকার করেছেন। তারা এখন আর মনে করেন না, সময় পরিবর্তন কৃষিকাজকে কোনোভাবে সহযোগিতা করছে। তারা একে ভাঁওতা বলে মনে করেন।
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যও এই রীতির অবসানের বিষয়ে চিন্তা-ভাবনা করছে। এ বিষয়ে একটি কমিশন কাজ করছে। তবে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সিনেটর অ্যালেন ডোনো গুই্ই সিবিএস নিউজকে বলেন, বিশেষ কমিশন কমনওয়েলথ টাইমিং জোনের বিষয়টি খতিয়ে দেখছে।
এটি অবশ্য সহজ কাজ নয় এবং পরিবর্তন অতি দ্রুত
আসে না। তাঁর মতে, এ ব্যাপারে আরও চিন্তা-ভাবনার অবকাশ রয়েছে।