চক্রাকারে চলছে জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখতে দেখতে আরেকটা বছর টুপ করে জীবন থেকে ঝরে গেল। বছরগুলো যেন এখন একেকটা সংখ্যা- ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯...লেখা হলেই শেষ হয়ে যায়। একেকটা বছরের তারিখ লেখায় অভ্যস্ত হতে না হতে আরেকটা বছর এসে পড়ে। অথচ সময় একদিন কত আস্তে যেত! সেদিন একজনের সঙ্গে আলাপ করছিলাম, ২০০০ সাল মনে হয় যেন এই তো সেদিন। নতুন শতাব্দীর প্রারম্ভ নিয়ে কত উত্তেজনা, ওয়াইটুকে ভাইরাস নিয়ে কত উদ্বেগ! আর এখন কত দ্রুত ১৯ বছর পার হয়ে গেল। কিংবা ১৯৯০ সাল, বিশ্বকাপের উত্তেজনা, আর্জেন্টিনা সবাইকে চমকে ফাইনালে, এরশাদের পতন, সেও প্রায় ৩০ বছর আগের কথা!
বছর শেষে পত্রিকাগুলো সারা বছরের আলোচিত ঘটনা নিয়ে রং-বেরঙের যে বাহারি ‘সালতামামি’ সংখ্যা বের করে, ছোটবেলায় তা আগ্রহের বিষয় ছিল। ‘সালতামামি’ নামটা বেশ অদ্ভুত লাগত। খোঁজ নিয়ে জানলাম, এটা আসলে ফারসি ভাষার দুই শব্দ একসঙ্গে ‘সাল’ ও ‘তামামি’ যার অর্থ বছর সমাপ্তি বা বছর শেষের খতিয়ান, ইংরেজিতে যাকে আমরা বলি অ্যানুয়াল রিপোর্ট (Annual Report)। বাংলা ভাষা যে নানা বিদেশি শব্দে সমৃদ্ধ, এটি তার অন্যতম উদাহরণ।
বয়স যত বাড়ে, সময়ের প্রবাহ তত দ্রুত হয়, বিষয়টি সম্পূর্ণ মানসিক হলেও বিজ্ঞানীরা গবেষণা করে এর সত্যতা প্রমাণ করেছেন। (https://www.scientificamerican.com/article/why-does-time-seem-to-speed-up-with-age/) এই সাইটে গিয়ে পড়ে দেখতে পারেন। ছোটবেলায় আমরা নতুন নতুন জিনিস শিখি, অনেক নতুন স্মৃতি তৈরি হয়। মস্তিষ্কে যত বেশি স্মৃতি তৈরি হয়, পেছনের সময়টুকু তত দীর্ঘ মনে হয়। নতুন জিনিস শেখার আনন্দ, হাজারো নতুন স্মৃতির ভিড়ে ছোটবেলার সময়টুকু তাই আস্তে আস্তে চলে গেছে বলে আমরা মনে করি। অন্যদিকে, বয়স যত বাড়ে, আমরা তত বেশি গৎবাঁধা জীবনে অভ্যস্ত হয়ে পড়ি। প্রাত্যহিক রুটিনবাঁধা যাপিতজীবনে নতুন স্মৃতি তৈরির হার সীমিত হয়ে আসে। বয়সকালে তাই আমাদের মনে হয়, সময় যেন দ্রুত বয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘হলিডে প্যারাডক্স’। কথায় বলে, ভালো সময় নাকি তাড়াতাড়ি যায়। নতুন স্মৃতি তৈরিতে আমরা যে আনন্দ পাই, তা আমাদের ক্ষণস্থায়ী মনে হলেও মস্তিষ্কে এর প্রভাব দীর্ঘস্থায়ী।
বয়সকালে আরও যেটা হয়, প্রতি বছর শোকের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। এই বছর কত লোক হারিয়ে গেছে জীবন থেকে, পৃথিবী থেকে—নিকটজন, পরিচিতজন, বন্ধু, কীর্তিমান মানুষ। একটা প্রজন্ম এখন চলে যাচ্ছে। আমার বাবাদের প্রজন্ম। কিছুদিন পর সবাই বিদায় নেবে। আর আমাদের প্রজন্মের ক্ষয় শুরু হয়েছে। একদিন আমরাও নিঃশেষ হব। একটি অ্যানিমেশন বানানো গেলে বেশ হতো। একটা প্রজন্ম শুরু হচ্ছে, ক্ষয় হচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, একই সঙ্গে অন্য আরেকটা প্রজন্ম শুরু হচ্ছে। এভাবেই চক্রাকারে চলছে জীবন। পৃথিবীতে এ পর্যন্ত কত প্রজন্ম, কত মানুষ এসেছে—আজ তার কোনো চিহ্ন নেই।
‘লোটাকম্বলে’ সঞ্জীব চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘এসেছিস যখন, আঁচড় কেটে যা।’ সেটা যদি সহজ হতো! খুব কম লোকই পারে মহাকালের দেয়ালে আঁচড় কেটে যেতে। তবুও সংসার সমরাঙ্গনে দৃঢ় চিত্তে লড়ে যাওয়াই জীবনের সার্থকতা। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন—
‘দিন যায় ক্ষণ যায় সময় কাহারো নয়
বেগে ধায় নাহি রয় স্থির;
সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল
আয়ু যেন শৈবালের নীর।
সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ় পণে
ভয়ে ভীত হইও না মানব;
কর যুদ্ধ বীর্যবান যায় যাবে যাক প্রাণ
মহিমাই জগতে দুর্লভ।’

নতুন বছরে তাই হোক আমাদের পাথেয়।