চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান নেতা-কর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একাংশ ও দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এ উপলক্ষে ২৩ জুন বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় যেকোনো চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন নেতা-কর্মীরা।

২৩টি লাল-সবুজ বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর খান। এ সময় ৭২টি লাল গোলাপ দিয়ে নেতা-কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এতে নেতৃত্ব দেন আবদুর রহমান বাদশাহ ও হিন্দোল কাদির। ফরিদ আলম ও দুরুদ মিয়ার ব্যবস্থাপনায় শোভাযাত্রা সড়কপথ অতিক্রম করার সময় স্বদেশিদের সঙ্গে বিদেশিদেরও হাত নেড়ে অভিনন্দন জানাতে দেখা যায়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নেতা–কর্মীরা

শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দ বসারত আলী। কাজী কয়েছ আহমদ ও ফরিদ আলমের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল। পরে ভাষা আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা আবদুল বাতেন শোকপ্রস্তাব পাঠ করেন।

আওয়ামী লীগের ৭২ বছরের সংগ্রাম, ত্যাগ, সফলতা ও বিশাল অর্জনের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করেন চন্দন দত্ত।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রকৃত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দেশে ও প্রবাসে সতর্ক থেকে যেকোনো চক্রান্ত রুখে দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সভায় দলের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়। নিজেদের স্বার্থে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলোতে ভাগ করে শাসন করার চতুর কাজ চালানো হচ্ছে বলে সভায় বক্তারা অভিযোগ করেন।

বক্তারা বলেন, ২০১৯ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা সভায় তিনি নিজেই সভাপতিত্ব করার পর থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতির পদ সাংবিধানিক বিধিতে বিলুপ্ত হয়েছে। শেখ হাসিনার প্রথম অনুমোদিত কমিটির সদস্য সংখ্যা ছিল ৭৬ জন। বর্তমানে সম্পূর্ণ অসাংগঠনিক প্রক্রিয়ায় এসে দাঁড়িয়েছে ১৭৩ জনে। অনুমোদিত কমিটির বয়স ১১ বছর পেরিয়েছে। গত ৮ বছরে সিদ্দিকুর রহমান নিজের পছন্দের লোকদের সম্পূর্ণ অসাংগঠনিক প্রক্রিয়ায় যুক্ত ও বহিষ্কার করছেন। এখনো তিনি সেটাই করছেন এবং নানা ধরনের বিতর্কিত বক্তব্য দিচ্ছেন।

সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে উল্লেখ করে তাঁরা বলেন, আমরা যুক্তরাষ্ট্র প্রবাসীরা সব দুর্নীতিবাজের বিচার চাই। বঙ্গবন্ধুর আদর্শের এ দলটিকে আজ নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন শেখ হাসিনা। আন্তর্জাতিক মহলের কাছেও বাংলাদেশ প্রশংসিত হয়ে বিশ্বের অন্যতম সফল রাষ্ট্রনায়কে উপনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু প্রবাসে অবস্থানরত কিছু ব্যক্তির জন্য প্রধানমন্ত্রীর সুন্দর ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। যা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা কিছুতেই মেনে নিতে পারছেন না। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা রথীন্দ্র নাথ রায়, বীর মুক্তিযোদ্ধা রহুল আমীন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল, মাসুদুল হাসান, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর খান, আওয়ামী লীগের নেতা আবদুর রহিম বাদশা, হিন্দোল কাদির, আজিজুর রহমান, গোলাম রব্বানী চৌধুরী, ইলিয়ার রহমান, নুর উদ্দিন, শেখ মকলু মিয়া, তোফাজ্জল হোসেন, হাসান, এনায়েত হোসেন, ফারুক লস্কর প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের নেতা মাহি উদ্দিন, সৈয়দ আতিকুল ইসলাম, শাহীন আজমল, মেহরাজ ফাহমী, নিউজার্সি আওয়ামী লীগের নেতা টিপু সুলতান, আনোয়ার চৌধুরী, সৈয়দ শওকত আলী, রিন্টু দাস, মোহাম্মদ বদরুজ্জামান, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা শেখ জামাল হোসেন, হেলিম উদ্দিন, ইফজাল আহমদ, রহিমুজ্জামান সুমন, মিজানুর রহমান চৌধুরী, আকমল খান, শাখাওয়াত হোসেন, শেখ আবদুল বাতেন, রাজীব খান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের নেতা জাফর আহমদ, হাসান জিলানী, শেখ রাসেল ফাউন্ডেশনের সেক্রেটারি আল আমীন, মহিলা আওয়ামী লীগের জেসমিন বখারি, নিনা ইসলাম, নার্গিস আহমেদ, ফেন্সি বেগম ও খায়রুন নাহার চৌধুরী এবং আবদুল ওয়াদুদ সৈয়দ জালাল, লিটু আহমেদ, লাল রহমান প্রমুখ। পরে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে এবং জাতীয় সংগীতের মাধ্যম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।