
সমিতির অর্থ লুটপাটের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সমিতির নেতাদের মধ্যে বিরোধ চলছিল। ৪ ফেব্রুয়ারি তাদের সেই বিরোধ প্রকাশে রূপ নিয়েছে। সংবাদ সম্মেলনে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে পুলিশ ডেকে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
জানা গেছে, ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের নেতৃত্বাধীন পক্ষ সমিতির ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সেলিম লিখিত বক্তব্য উপস্থাপন শুরু করার কয়েক মিনিটের মধ্যেই সমিতির সভাপতি আবদুল হাই জিয়া পক্ষের লোকজন ঘটনাস্থলে এসে চ্যালেঞ্জ করেন। তাঁরা বলেন, সভাপতির অজ্ঞাতে কোনো সংবাদ সম্মেলন হতে পারে না। এ কথা বলেই তাঁর সমর্থকেরা একযোগে মঞ্চে ওঠার চেষ্টা করলে তুমুল বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংবাদ সম্মেলনের ব্যানার খুলে নেন আবদুল হাইয়ের সমর্থকেরা।
এ অবস্থায় কিংকর্তব্যবিমূঢ় সেলিম মঞ্চে দাঁড়িয়ে থাকলেও দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা, ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। মুহূর্তেই পালকি পার্টি সেন্টার রণক্ষেত্রে পরিণত হয় । সংবাদ পেয়ে ছুটে আসেন পার্টি সেন্টারের দুই মালিক কামরুল ও হারুন ভূঁইয়া। তাঁরা সবাইকে শান্ত হওয়ার অনুরোধ করেন। কিন্তু তাঁদের কথায় কোনো কাজ হয়নি। একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে পুলিশের আহ্বানে সবাই ওই এলাকা ত্যাগ করেন।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পেছনে সংগঠনের সভাপতি আবদুল হাই জিয়া দুর্নীতির অভিযোগ আনেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, ‘সমিতির সিদ্ধান্ত ছাড়াই ব্যাংক হিসাব থেকে ৪৪ হাজার ৬২২ ডলার সরিয়েছেন সাধারণ সম্পাদক মো. সেলিম ও কোষাধ্যক্ষ মীর কাদের রাসেল। সমিতির ব্যাংক হিসাব থেকে এই অর্থ তারা আত্মসাতের উদ্দেশ্যে সরিয়েছেন। এখন তারা আমার অজ্ঞাতে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম সমিতির সদস্যদের বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছিলেন। চট্টগ্রাম সমিতির ব্যানার ব্যবহারের কোনো সুযোগ অন্যদের নেই বলেই আমরা বাধা দিলাম।’
অন্যদিকে, সমিতির সাধারণ সম্পাদক মো. সেলিম বলেন, ‘চট্টগ্রাম সমিতির ভবিষ্যৎ মর্যাদার কথা চিন্তা করে আমরা এত দিন গণমাধ্যমের সামনে কিছু বলিনি। আজ সময় এসেছিল সমিতির ভেতরে অপতৎপরতায় লিপ্তদের মুখোশ উন্মোচনের। কিন্তু তা সম্ভব হলো না সন্ত্রাসী আচরণের কারণে।’
আমেরিকার অন্যতম বৃহত্তম বাংলাদেশি সামাজিক সংগঠন চট্টগ্রাম সমিতির মালিকানাধীন একটি ভবন রয়েছে নিউইয়র্ক নগরের ব্রুকলিনে বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ডে। চার তলা এই ভবনের অ্যাপার্টমেন্ট থেকে মাসিক ভাড়া বাবদ ৭ হাজার ডলারের বেশি অর্থ আদায় হয়। এই অর্থই সমিতির নেতাদের মধ্যে হিংসা-বিদ্বেষের অন্যতম কারণ বলে অনেকে মনে করছেন। গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয় সমিতির নির্বাচন। সেই নির্বাচনে দুটি প্যানেল মনোনয়নপত্র জমা দিলেও ‘জাহাঙ্গীর-বিল্লাহ’ প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়ায়। নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন ‘জাহাঙ্গীর-বিল্লাহ’ প্যানেলের কর্মকর্তারা। এ অবস্থায় ‘জিয়া-সেলিম’ প্যানেলকে একতরফা বিজয়ী ঘোষণা করা হয়। সেই ‘জিয়া-সেলিম’ প্যানেলের মধ্যেও এখন বিভক্তি দেখা দিয়েছে। চট্টগ্রাম সমিতির অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম হয়েছে বলে প্রবীণ প্রবাসীরা আশঙ্কা করছেন।