চট্টগ্রাম সমিতির নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইন্ক-এর নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্রুকলিনে সমিতির নিজস্ব ভবনে প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান মাহমুদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবগঠিত কমিশনের সদস্য মুজিবুল হক, আবু তালেব চৌধুরী, এ টি এম নাজির হোসেন, মুরশেদ রেজভী চৌধুরী, মাস্টার নাসির উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
সভার শুরুতে কমিটির সদস্যদের পরিচয় পর্বের পর আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়। আসন্ন নির্বাচনের জন্য সদস্য পদ নবায়ন, নতুন সদস্য সংগ্রহের পর ভোটার তালিকা তৈরি নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজ। সে লক্ষ্যে সভায় উপস্থিত সদস্যদের মাঝে আলোচনা হয়। সবার সম্মতিতে সদস্য পদের ফি কমানোর প্রস্তাব আসে। এ ছাড়া সদস্য পদ নবায়ন, নতুন সদস্য পদ গ্রহণের জন্য এক মাসের সময়সীমা নির্ধারণ করা হয়। আমেরিকাপ্রবাসী চট্টগ্রামবাসী নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। সদস্যপদ নবায়ন, নতুন সদস্যপদের আবেদন গ্রহণের পর যাচাই-বাছাই, আপত্তি-অনাপত্তি পর্বের পর সমিতির কার্যালয়ের নোটিশ বোর্ডে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ওয়েব পেজ, ফেসবুক অ্যাকাউন্ট, ইমেইল ইত্যাদি নিয়েও আলোচনা হয়।
প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান মাহমুদ উপস্থিত সদস্যদের এই সভায় নিজের মূল্যবান সময় ও সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।