চট্টগ্রাম সমিতির সভাপতি আবদুল হাই আর নেই
নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ চট্টগ্রাম সমিতি ইউএসএর সভাপতি আবদুল হাই মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭ ডিসেম্বর সন্ধ্যায় হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আগের দিন রোববার হার্ট অ্যাটাকের পর আবদুল হাই গুরুতর অসুস্থ হলে তাঁকে অ্যাস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকার সময়ই তাঁর কোভিড পজিটিভ শনাক্ত হয়।
নিউইয়র্কের জনসমাজে আবদুল হাই খুবই পরিচিত এক নাম। একজন সজ্জন ব্যক্তি হিসেবে নানা সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সক্রিয় থাকতেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে নিউইয়র্কে কমিউনিটির মধ্যে শোক দেখা দিয়েছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাঁর মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
গত ১ ডিসেম্বর দুপুরে ব্রুকলিনে চট্টগ্রাম সমিতি ভবনের সামনে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে প্রয়াত শিক্ষক আবুল কালাম আজাদের জানাজায় সমিতির সভাপতি হিসেবে অংশগ্রহণ করেন আবদুল হাই। এর দুদিন পর তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। গত রোববার রাতে বাসায় ফেরার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উক্ত জানাজায় অংশগ্রহণকারী আরও কয়েকজন এরই মধ্যে কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন। এ ছাড়া মরহুম শিক্ষক আবুল কালাম আজাদের পরিবারের কয়েকজন কোভিড আক্রান্ত বলে জানা গেছে।
চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সন্তান আবদুল হাই নিউইয়র্কের অ্যাস্টোরিয়ার ডিটমার্সে সপরিবারের বাস করতেন। তাঁর বয়স ৫৬-৫৭ বছর হয়েছিল বলে জানিয়েছে তাঁর পরিবার। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। কাজী আজম মরহুম আবদুল হাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।