চট্টগ্রামের সিআরবি রক্ষায় নাগরিক সমাবেশ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি ধ্বংসের পাঁয়তারা রুখে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
২৪ জুলাই বিকেলে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সিআরবি ধ্বংসের পাঁয়তারা রোধে মানববন্ধন ও নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে হেল্পিং হ্যান্ড ফর চিটাগাংনিয়ান ইন্ক-এর সদস্যরাও অংশ নিয়েছিলেন।
মানববন্ধন ও সমাবেশে দেওয়া বক্তব্যে সাপ্তাহিক ঠিকানার সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান বলেন, পুরোনো ঐতিহ্যবাহী গাছ কেটে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত কোনো সঠিক সিদ্ধান্ত নয়।
প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, এসব পুরোনো গাছ বাঁচিয়ে হাসপাতাল অন্যত্র নির্মাণ করেন।
নাগরিক সংগঠক কামাল হোসেন বলেন, নগরের ফুসফুসে বেনিয়া গোষ্ঠীর চোখ পড়েছে। চট্টগ্রামকে বলা হয় বীর চট্টলা। বীর চট্টলার সাধারণ মানুষ সিআরবি তাদের বুকের পাঁজর দিয়ে ঠেকাবে বলে তিনি উল্লেখ করেন।
হেল্পিং হ্যান্ড চিটাগাংনিয়ানের পক্ষে বক্তব্য রাখেন নুরুল আনোয়ার। তিনি নাগরিক সমাবেশে আগত নিউইয়র্কের সর্বস্তরের মানুষের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এভাবে যদি আমরা সবাই এক থাকি তাহলে সুদূর প্রবাসে থেকেও শুধু চট্টগ্রাম নয়, দেশের যেকোনো সমস্যা সমাধানে আমরা কথা বলতে পারব।
নাগরিক সমাবেশে প্রথম আলো উত্তর আমেরিকা পরিবারের সদস্য ছাড়াও নোঙর টিভির কর্মকর্তা, ভয়েস অব আমেরিকার আকবর হায়দার কিরণ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল হাসান, সন্দ্বীপ চট্টগ্রাম টিভির সোহেল মাহমুদ ও সময় টিভির হাসানুজ্জামান সাকিসহ বিভিন্ন গণমাধ্যমের সদস্যরা উপস্থিত ছিলেন।