চরমপন্থী ভাবাদর্শ থেকে বাঁচতে মার্কিন কর্মসূচি
যুক্তরাষ্ট্রে চরমপন্থী ভাবাদর্শের উত্থান ঠেকানোর কর্মসূচিতে ‘ধর্মীয়’ শব্দ ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ‘জিহাদ’, ‘শরিয়া’, ‘উম্মাহ্’ বা এ ধরনের শব্দ এড়িয়ে চলার জন্য বারাক ওবামা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। আলোচনা বা সংলাপে ‘আমরা’ বা ‘তারা’ বলে পক্ষ সৃষ্টি না করার পরামর্শও দেওয়া হয়েছে এই বিভাগের প্রতিবেদনে।
হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজরি কমিটির প্রতিবেদনে অভ্যন্তরীণ চরমপন্থী সহিংসতা প্রতিরোধের জন্য ১০ কোটি ডলারের বরাদ্দের সুপারিশ করা হয়েছে। এ অর্থ চলতি শতকে জন্ম নেওয়া আমেরিকান প্রজন্মকে চরমপন্থী ভাবাদর্শের প্রভাব থেকে রক্ষার কর্মসূচিতে ব্যয় করা হবে। প্রতিবেদনে বিশেষ করে মুসলিম কমিউনিটিকে চরমপন্থী ভাবাদর্শের ঝুঁকি থেকে রক্ষার জন্য কর্মসূচিতে সম্পৃক্ত করার কথা বলা হয়েছে। চরমপন্থী ভাবাদর্শ এবং সহিংসতাকে নতুন প্রজন্মের ঝুঁকি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের যুবসমাজকে জঙ্গিবাদের ঝুঁকি থেকে রক্ষার জন্য কার্যকর কর্মসূচি প্রণয়নের কথাও এ রিপোর্টে সুপারিশ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে জঙ্গিবাদ প্রতিরোধে বিশেষজ্ঞ নিয়োগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, প্রযুক্তির ইতিবাচক প্রভাবকে কাজে লাগিয়ে ঝুঁকির হাত থেকে যুবসমাজকে রক্ষার কথা বলা হয়েছে।
প্রতিবেদনে সচেতনতা বাড়ানোসহ জঙ্গিবাদের কারণ এবং পরিণতি নিয়ে আলোচনার কথা বলা হয়েছে। আলোচনার সময় ইসলাম ধর্মকে প্রতিপক্ষ করে কথা না বলার কথাও বলা হয়েছে। ‘তারা’ বনাম ‘আমরা’ না বলে সাধারণ ভাষায় চরমপন্থা ও এর ঝুঁকি নিয়ে সচেতন করার পরামর্শ দেওয়া হয়েছে। ‘জিহাদ’, ‘শরিয়া’, ‘উম্মাহ্’, ‘তাকফির’ বা ইসলামি সংস্কৃতিতে ব্যবহার করা শব্দ আলোচনায় এড়িয়ে এর পরিবর্তে সাধারণ আমেরিকান ইংরেজিতে আলাপ-আলোচনা করার কথা বলা হয়েছে।
প্রতিবেদনে ‘আমরা’ ও ‘তারা’—এই বিভেদমূলক অবস্থান কমিয়ে আনতে সরকারি কর্মসূচিতে ‘মুসলিম আমেরিকান’-এর পরিবর্তে ‘আমেরিকান মুসলিম’ কথাটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।