চলমান সহিংসতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ
বাংলাদেশের চলমান বিশৃঙ্খলা ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের চলমান অস্থিরতা ও সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। অযৌক্তিকভাবে বাসে আগুন দেওয়া, দাহ্য পদার্থ ছোড়া, ট্রেন লাইনচ্যুত করাসহ এ ধরনের অযৌক্তিক হামলায় নির্দোষ মানুষ হতাহতের ঘটনায় আমরা মর্মাহত। রাজনৈতিক উদ্দেশ্যে এই সহিংসতা ঘটানোর তীব্র নিন্দা জানাচ্ছি।’
গণতান্ত্রিক বাংলাদেশে এসব কাণ্ড ঘটানোর কোনো যৌক্তিকতা নেই। বাংলাদেশের সব মানুষের অবশ্যই শান্তিপূর্ণভাবে মত প্রকাশের অধিকার ও সামর্থ্য রয়েছে। বিবৃতিতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রয়োজনীয় স্থান দিতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। একই সঙ্গে সহিংসতা থেকে দলীয় সদস্যদের বিরত থাকার নির্দেশ দিতে সব দলের প্রতি আহ্বান জানানো হয়।