চলে গেলেন ইফতেখার আহমদ
চলে গেলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সুনামগঞ্জের সন্তান ইফতেখার আহমদ (খসরু)। করোনা আক্রান্ত হয়ে মেরিল্যান্ডের মন্টোগোমারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ ডিসেম্বর সকাল ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। কবি ও লেখক ইশতিয়াক রূপু তাঁর বড় ভাইয়ের মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন।
ইফতেখার আহমদ দীর্ঘদিন ধরে নানা জটিল সমস্যায় ভুগছিলেন। শেষে মহামারি করোনার কাছে তাঁকে হার মানতে হলো। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, তিন ভাই ও এক বোনসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১০ ডিসেম্বর বেলা আড়াইটায় জানাজার নামাজ শেষে মরহুমকে মেরিল্যান্ড ফ্রেট্টিকের মুসলিম করস্থানে দাফন করা হয় বলে জানিয়েছে তাঁর পরিবার।
মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল বারির বড় ছেলে ইফতেখার আহমদ ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রে আসেন। এখানে এসে পালন করেছেন ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব। তাঁর বাবা মোহাম্মদ আবদুল বারী তৎকালীন পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে আওয়ামী লীগে যোগ দেন এবং পরে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন। ছেলেদের সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। পরে দেশে চলে যান। সেখানেই ২০১৭ সালের মার্চে ৮৮ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে সুনামগঞ্জে নিজ বাসায় মারা যান।
আশির দশকের সুনামগঞ্জ যাদের পদচারণায় মুখরিত ছিল, তাঁদের একজন ইফতেখার আহমদ। ১৯৭৩ সালে গঠিত ‘আমরা কতিপয় তরুণ সাহিত্য সেবী’ সংগঠনের মাধ্যমে তাঁর সঙ্গে আমার সখ্য গড়ে ওঠে। ব্যক্তিগত ব্যস্ততার কারণে মাঝে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। কাজের সুবাদে আমরা ছিটকে পড়ি দেশে-বিদেশে। ১৯৮৮ সালে খসরু চলে আসেন যুক্তরাষ্ট্রে। আমি আসি ১৯৮৯ সালে। আমি নিউইয়র্কে, আর খসরু মেরিল্যান্ডে। ফোনে কিংবা ফেসবুকে যোগাযোগ হতো।
ইফতেখার আহমদ ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান সাদামনের মানুষ। তাঁর মৃত্যুতে দেশে ও প্রবাসে পরিচিত সবাই গভীর শোকে বাকরুদ্ধ। এরই মধ্যে শোক প্রকাশ করেছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও কূটনীতিবিদ এ কে এম ফজলুর বারি, বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী, প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী, মুতাসিম আলি, আশরাফ আহমদ, সাবেক কমিশন চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মাহমুদুল চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি সামাদ আজাদ, জিয়া উদ্দিন আহমদ, ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগ নেতা মাহমুদুন্নবি বাকি, নিউইয়র্কের আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান শাহি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সউদ চৌধুরী, সংসদ সদস্য পীর মিসবাহ, রোকেস লেইস, সুখেন্দু সেন, সাংবাদিক পীর হাবিব, নাসরিন জাহান, রোমেনা লেইস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজলুল তুহিন, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, রিয়েলেটর নজির উল্লাহ, কমিউনিটি অ্যাকটিভিস্ট জাহেদ আহমদ ও আবদুল মুতালিব। যুক্তরাজ্য থেকে ইমানুজ্জামান মহি, সিহাব উদ্দিন আহমদসহ অগণিত মানুষ।