চলে গেলেন পুলিৎজারজয়ী কবি জন অ্যাশবেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন অ্যাশবেরি
জন অ্যাশবেরি

পুলিৎজার পুরস্কারজয়ী মার্কিন কবি জন অ্যাশবেরি মারা গেছেন। ৩ সেপ্টেম্বর নিউইয়র্কের হাডসনে নিজ বাড়িতে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। এ সময়কালে তাঁর ২০টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
জন অ্যাশবেরির মৃত্যুতে বার্তাসংস্থা রয়টার্সসহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে শোক প্রকাশ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর অ্যাশবেরির মৃত্যুসংবাদ নিশ্চিত করেন তাঁর স্বামী ডেভিড কেরমানি। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাননি তিনি।
১৯৫০ ও ৬০-এর দশকে নিউইয়র্কেই অ্যাশবেরির কাব্যযাত্রার শুরু। ১৯৭৬ সালে সেলফ পোর্ট্রেট ইন আ কনভেক্স মিরর (উত্তল দর্পণে আত্মপ্রতিকৃতি) শীর্ষক কাব্যগ্রন্থের জন্য তিনি পুলিৎজার পুরস্কার পান। এ বইয়ের জন্য একই বছর তিনি ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ও ন্যাশনাল বুক সার্কেল ক্রিটিকস অ্যাওয়ার্ডও অর্জন করেন।
অ্যাশবেরি তাঁর কর্মজীবন শুরু করেন একজন শিল্পসমালোচক হিসেবে। তাঁর কবিতায় বিমূর্ত অভিব্যক্তিবাদের প্রভাব ছিল লক্ষণীয় মাত্রায়। নিউইয়র্কের রচস্টারে জন্ম নেওয়া এ কবিকে তাঁর কাজের জন্য ২০১১ সালে ন্যাশনাল হিউম্যানিটিজ পদক দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।