চাঁদরাতের উৎসবে মাতল নিউইয়র্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের আগে হাতে মেহেদি লাগান হবে না তা কী হয়। ছবি: প্রথম আলো
ঈদের আগে হাতে মেহেদি লাগান হবে না তা কী হয়। ছবি: প্রথম আলো

উত্তর আমেরিকার সর্বত্র রোববার ঈদুল ফিতর পালিত হবে। সৌদি আরবে ঈদের ঘোষণা আসার পরপরই আনন্দে মেতে ওঠেন উত্তর আমেরিকা প্রবাসীরা। যারা স্থানীয়ভাবে চাঁদ দেখে ঈদ পালন করেন, তাঁরা অপেক্ষা করেছেন শনিবার সন্ধ্যা পর্যন্ত। নিউইয়র্কসহ বড় বড় নগরগুলোতে ঈদের জামাত হবে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত। প্রতিটি মসজিদে একাধিক ঈদের জামাতের ঘোষণা দেওয়া হয়েছে। সপ্তাহান্তের চমৎকার আবহাওয়ায় অনেকগুলো ঈদের জামাত হবে খোলা মাঠে।

চাঁদ রাতের উৎসবে অদৃতা। ছবি: প্রথম আলো
চাঁদ রাতের উৎসবে অদৃতা। ছবি: প্রথম আলো

শনিবার বিকেল থেকে নিউইয়র্ক, নিউজার্সিতে ঈদের মেলা বসেছে। চাঁদ রাতের উৎসবে শনিবার রাতের নিউইয়র্ক যেন বাংলাদেশিদের দখলে ছিল। গত কয়েক বছর থেকে চাঁদ রাত হয়ে উঠেছে প্রবাসীদের ঈদ আনন্দের অন্যতম উৎসব।
প্রবাসী বহুল জ্যামাইকা জ্যাকসন হাইটসে শনিবার বিকেল থেকে উৎসবে মেতে ওঠেছে প্রবাসীরা। আশপাশের রাজ্য থেকে অনেকে এসে যোগ দেন সেখানে। কেউ সড়ক পাশে বসেছেন মেহেদি নিয়ে, কেউ বসেছেন টুপির পসরা নিয়ে। জামা কাপড়, শাড়ি চুড়ির সঙ্গে চানাচুর, চটপটি নিয়ে চলেছে আড্ডা। জ্যাকসন হাইটসের খোলা মাঠে বেহালা নিয়ে বসেছিলেন একদল প্রবাসী তরুণ। গেয়ে চলছেন একের পর উৎসবের গান, দেশের গান। তাদের ঘিরে দল বড় হচ্ছে। বিদেশিরা চেয়ে দেখেছেন এই উৎসব। কেউ কেউ এসে অভিনন্দন জানাচ্ছে, জানতে চাচ্ছে, কী নিয়ে হচ্ছে এমন উৎসব। শাড়ি আর পায়জামা পাঞ্জাবি পড়ে চাঁদ রাতের উৎসবে যোগ দিয়েছেন প্রবাসীরা। স্কুল-কলেজে গ্রীষ্মের ছুটি হয়ে গেছে, না হয় হচ্ছে। ফলে কিশোর-তরুণদের ভিড় দেখা গেছে চাঁদ রাতের অনুষ্ঠানে।

টুপি নিয়ে বসেছেন কেউ কেউ। ছবি: প্রথম আলো
টুপি নিয়ে বসেছেন কেউ কেউ। ছবি: প্রথম আলো

শনিবার সন্ধ্যার কিছু আগেই শুভ, আফরিন, মারিয়াম, ইভা, ইতিদের সঙ্গে দেখা হয় জ্যামাইকার কে ইউএস কালেকশন নামের দোকানের সামনে। তারা এসেছেন হাতে মেহেদি লাগাতে। পাশে মান্নান গ্রোসারির সামনেই ৫ ডলারের বিনিময়ে যেকারও হাতে মেহেদির রঙ্গে রাঙিয়ে দিতে বসেছিলেন আছেন আন্টিরা। দোকানিদের মধ্যে পাকিস্তান ও ভারতের দোকানিরাও রয়েছেন। পাঞ্জাবি, পায়জামা, টুপির দোকানের ক্রেতাদের ভিড় বেশি দেখা গেল। ব্রঙ্কসের স্টারলিংকে নীরব গ্রোসারিতেও চাঁদ রাতের আয়োজন ছিল। নিউজার্সির প্রবাসীবহুল পেটার্সনের চাঁদ রাতের অনুষ্ঠানে ছিল হাজারো প্রবাসীর ভিড়। সংগীতে, আনন্দ উচ্ছ্বাসে জমে ওঠা প্রবাসীরা বলছেন, প্রবাসে ঈদ করছেন এমন মনেই হচ্ছে না তাদের।
জ্যামাইকা এলাকায় দীর্ঘদিন বসবাস করেন লেখক আবদুল্লা জায়েদ। তিনি প্রথম আলোকে জানালেন, গত দু’বছর থেকে চাঁদ রাতের অনুষ্ঠান প্রবাসীদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। নিজেও যোগ দিয়েছেন। প্রাণের উচ্ছ্বাসে জড় হওয়া প্রবাসীরা ঈদের আনন্দই নয়, এর মাধ্যমে দূর দেশে নিজেদের ঐক্য, সংস্কৃতিকেও তুলে ধরছেন বলে তিনি মন্তব্য করলেন।

চাঁদ রাতের উৎসবে প্রবাসীরা। ছবি: প্রথম আলো
চাঁদ রাতের উৎসবে প্রবাসীরা। ছবি: প্রথম আলো


বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটিতে পড়েন আদৃতা। আমেরিকান তরুণী আদৃতা বাবা মায়ের সঙ্গে ঈদ করতে এসেছেন নিউইয়র্কে। চাঁদ রাতের উৎসবে জ্যাকসন হাইটসের উন্মত্ততায় কথা বলেন প্রথম আলোর সঙ্গে। জানালেন, নিউইয়র্কে ঈদের আনন্দ তাঁর কাছে দেশের চেয়েও বেশি। আমেরিকায় জন্ম নেওয়া আদৃতার বাবা-মা যে নিউইয়র্কে থাকেন!
এসেছেন গৃহবধূ বান্ধবী রিতা ও মিতু। প্রথম আলোকে জানালেন, চাঁদ রাতের আনন্দ ছাড়া, এখন নিউইয়র্কে ঈদের আনন্দ চিন্তাই করা যায় না। নিউইয়র্কে প্রথমবারের মতো ঈদ করছেন ওয়ার্দা চৌধুরী। চাঁদ রাতে নিউইয়র্ক থেকে স্বামীসহ যাত্রা করেছেন নিউজার্সিতে। প্রথম আলোকে জানালেন, বাবা-মা দেশে। চাচার সঙ্গে ঈদ করবেন বলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছুটে চলেছেন। ভার্জিনিয়া থেকে প্রকৌশলী এবং লেখক ইকবাল আনোয়ার জানালেন, তিনি ‘আরাফা রাইত’ পালন করছেন। জানতে চাইলে প্রথম আলোকে জানালেন, সিলেট অঞ্চলে চাঁদরাতকে ‘আরাফা রাইত’ বলা হয়। দীর্ঘদিন প্রবাসে থেকেও তিনি দেশের মতো করে চাঁদরাত উদ্‌যাপন করেন।