যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের নর্থ মায়ামি বিচ পুলিশ চাঁদমারি প্রশিক্ষণের সময় কৃষ্ণাঙ্গ মানুষের ছবিকে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করে সমালোচনার মুখে পড়েছে। এতে পুলিশের খাতার জন্য তোলা সন্দেহভাজন কৃষ্ণাঙ্গ অপরাধীদের ছবি ব্যবহার করা হয়েছিল। খবর বিবিসির।
নারী সেনাসদস্য সার্জেন্ট ভ্যালেরি ডিন্ট প্রশিক্ষণের জন্য রেঞ্জে গিয়ে বিষয়টি প্রথম দেখতে পান। ওই রেঞ্জে তাঁদের আগে পুলিশ সদস্যরা প্রশিক্ষণ নিয়েছিলেন। ভ্যালেরি ডিন্ট দেখতে পান, গুলি করার লক্ষ্য হিসেবে তাঁর ভাইয়ের একটি ছবি রাখা হয়েছে।
তবে এ ক্ষেত্রে বর্ণবাদী আচরণের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় পুলিশপ্রধান জে স্কট ডেনিস। নিছক ‘সুবিবেচনার অভাবেই’ এমনটা ঘটেছে বলে তিনি দাবি করেন। স্থানীয় পুলিশের একজন মুখপাত্রও গত শুক্রবার বলেন, তাঁদের প্রশিক্ষণে বর্ণ ও লিঙ্গ-নির্বিশেষে সব ধরনের মানুষের ছবিই ব্যবহার করা হয়।
ফ্লোরিডা আর্মি ন্যাশনাল গার্ডের সদস্য ভ্যালেরি ডিন্ট এনবিসিকে বলেন, ‘কেন আমার ভাইয়ের ছবি ওই কাজে ব্যবহার করা হয়েছিল?’
ভ্যালেরির ভাই উডি ডিন্টকে মাদক বহনের অভিযোগে সন্দেহভাজন হিসেবে কিশোর বয়সে একবার গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর ছবি লক্ষ্য করে নিশানা মকশো করার কথা শুনে উডি হতবাক হয়ে পড়েন। তিনি বলেন, ‘এখনো আমাকে গুলির লক্ষ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে? কিন্তু আমি তো ফেরারি জীবন যাপন করছি না। এখন আমি একজন বাবা, একজন স্বামী, পুরোদস্তুর পেশাজীবী। নয়টা-পাঁচটা অফিস করি।’
পুলিশপ্রধান জে স্কট ডেনিস বলেন, সন্দেহভাজন কাউকে গ্রেপ্তারের পর তার ছবি এভাবে আর ব্যবহার করা হবে না।