চাঁদে অবতরণকারী ষষ্ঠ মানবের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭১-এর ৫ জানুয়ারি চাঁদে মিচেল
১৯৭১-এর ৫ জানুয়ারি চাঁদে মিচেল

চাঁদের বুকে পা রাখা ষষ্ঠ মানুষ মার্কিন নভোচারী এডগার মিচেল মারা গেছেন। নিজের চাঁদে অবতরণের ৪৫তম বার্ষিকীর মাত্র কয়েক ঘণ্টা আগে ফ্লোরিডার পশ্চিম পাম বিচ এলাকায় একটি হাসপাতালে বৃহস্পতিবার রাতে ৮৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। খবর বিবিসির।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো-১৪ মিশনে অংশ নিয়ে ১৯৭১ সালের ৫ জানুয়ারি মিচেল চাঁদে অবতরণ করেন। চাঁদের বুকে তিনি নয় ঘণ্টা হাঁটাহাঁটি করেন। ওই মিশনে তাঁর সঙ্গে ছিলেন মার্কিন নৌ-কর্মকর্তা ক্যাপ্টেন অ্যালান শেপার্ড। তাঁরা চন্দ্রপৃষ্ঠের প্রায় ৪৫ কেজি পাথর ও কাঁকর নিয়ে ফেরেন।
অভিযান শেষে সাংবাদিকদের মিচেল বলেছিলেন, মহাকাশযানে তাঁর অদ্ভুত উপলব্ধি হয়েছে। তাঁর মনে হয়েছে, মহাবিশ্বের সবকিছুই পরস্পরের সঙ্গে যুক্ত একটি একক সত্তা। আত্মজীবনীতে তিনি লিখেছেন, ‘মহাকাশযানে হঠাৎ উপলব্ধি হয়, আমার দেহের আণবিক কণা এবং ধাতব মহাকাশযানের অণুকণা বহু আগে অন্য কোনো নক্ষত্রে তৈরি হয়েছিল।’