চাকরি নিয়ে শঙ্কায় যাত্রীরা সাবওয়ে ট্রেন যাত্রীদের কাছে আতঙ্কের নাম!
নিউইয়র্কের সাবওয়ের যাত্রীরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন। ট্রেন চলাচলের ধীরগতি, কিছু দূর গিয়েই ট্রেন থেমে যাওয়া, সময়মতো ট্রেন না আসার কারণে অনেক যাত্রী নিয়মিত সময়মতো কর্মস্থলে পৌঁছতে পারছেন না। ফলে অনেকে এখন চাকরি হারানো নিয়ে আতঙ্কে আছেন।
সকাল-বিকালের ব্যস্ততম সময়ে পাঁচ মিনিট পর পর ট্রেন আসার কথা থাকলেও ১৫/২০ মিনিট দাঁড়িয়েও ট্রেন পাওয়া যায় না। হাজার হাজার যাত্রী স্টেশনে উদ্বিগ্ন হয়ে ট্রেনের অপেক্ষা করলেও ট্রেনে ওঠার সুযোগ পান না। কারণ আগের স্টেশনগুলো থেকেই যাত্রী ভর্তি হয়ে আসায় ট্রেনে তিল ধারনের স্থান থাকে না।
ট্রেনে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেললেও প্রায়ই দেখা যায়, একটু পর পরই ট্র্রেন অনির্ধারিতভাবে যেখানে সেখানে থেমে যায়। ঠায় দাঁড়িয়ে থাকে। যেখানে যেতে ১৫ মিনিট সময় লাগার কথা, সেখানে অনেক সময় এক ঘন্টায়ও পৌঁছানো যায় না। কিছু দূর গিয়ে ট্রেন থেমে যায়। বার বার ঘোষণা আসে, সামনে ট্রেন থাকায় ট্রেন থেমে আছে। এ জন্য দুঃখ প্রকাশ করা হলেও যাত্রীরা এই অজুহাত মানতে রাজি নন।
অনেকেই মনে করেন, সামনে কোনো ট্রেন না থাকলেও এটিকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমটিএর সাবেক এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসলে রেললাইনগুলো সেকেলে। এগুলো মেরামত করা হলেও ক’দিন পরপরই ট্রেন চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। ফলে প্রায় প্রতিদিনই ট্রেন চলাকালীন এ বিড়ম্বিনা পোহাতে হচ্ছে যাত্রীদের।
নিয়মিত সাবওয়েতে যাতায়াত করেন কুইন্সের এমন একজন যাত্রী বলেন, এমটিএর লোকবল নিতান্তই অপ্রতুল। মাটির নিচের সাবওয়ে যাত্রীরা এমন স্থানে গিয়ে আটকা পড়েন, যেখান থেকে বের হয়ে বিকল্প কোন বাহন ব্যবহার করে কর্মস্থলে পৌঁছানো সম্ভব হয় না। ফলে প্রায় প্রতিদিনই কর্মস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে। এতে নিয়োগকর্তা আমাদের কোন ব্যাখ্যাই শুনতে চান না।
রাতের বেলায় সাবওয়ে যাত্রীরা অনেক সময় নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন থাকেন। সময় মতো বাসায় ফিরতে না পারলে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় ভোগেন। সাবওয়ে অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ৭ জুন ম্যানহাটনগামী এফ ট্রেন হঠাৎ থেমে যায়। ৪৫ মিনিটি যাবত ট্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় ট্রেনের বাতি ও শীতিতপ যন্ত্র বন্ধ হয়ে পড়লে যাত্রীরা চরম বিপাকে পড়েন। অন্ধকারের সঙ্গে গরমে যাত্রীরা অস্থির হয়ে পড়েন। আর ট্রেনগুলো এমনভাবে তৈরি, যাত্রীরা চরম বিপদে পড়লেও বের হওয়ার কোনো সুযোগ থাকে না।
অন্যদিকে ট্রেনে কোনো টয়লেট না থাকায় দীর্ঘ সময় ট্রেনে অবস্থান করলে যাত্রীদের দুর্বিষহ পরিস্থিতির মুখে পড়তে হয়। যাত্রীদের মধ্যে শিশু থেকে বয়োবৃদ্ধ, এমনকি রোগাক্রান্ত ব্যক্তি থাকেন। এক কথায় সাবওয়ে অনেক সময় যাত্রীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। এমটিএ এ ধরনের সমস্যা সমাধানে আন্তরিক হবেন বলে যাত্রীো আশা করলেও কোনো সুরাহা হচ্ছে না। উল্টো সমস্যা দিন দিন আরও বাড়ছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।