চাপ আরও বাড়াল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উ. কোরিয়া বুধবার তাদের মহড়ার এ ছবিটি প্রকাশ করে l রয়টার্স
উ. কোরিয়া বুধবার তাদের মহড়ার এ ছবিটি প্রকাশ করে l রয়টার্স

উত্তর কোরিয়ার ওপর আরও চাপ বাড়াল যুক্তরাষ্ট্র। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ‘থাড’ বসানো শুরুর পাশাপাশি পিয়ংইয়ংকে আলোচনায় বসতে বাধ্য করতে নিষেধাজ্ঞা আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউসে সিনেটরদের সঙ্গে বিরল আলোচনার পর ট্রাম্প মিত্রদেশ এবং আঞ্চলিক সহযোগীদের সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
থাড হচ্ছে টিএইচএএডি বা ‘টার্মিনাল হাই-অলটিচিউড এরিয়া ডিফেন্স’ কথাটির সংক্ষেপ। এটি শত্রু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার একটি ব্যবস্থা।
উত্তর কোরিয়া ইস্যুতে আলোচনার জন্য গত বুধবার ১০০ সিনেটরকেই হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এ সময় পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যান কোটসসহ মার্কিন সরকারের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে আলোচনায় সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তাঁরা।
পরে জিম ম্যাটিস, রেক্স টিলারসন এবং ড্যান কোটস এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়াকে আলোচনার পথে আনতে ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্যদের’ সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এ প্রেক্ষাপটে বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান অ্যাডমিরাল হ্যারি হ্যারিস বুধবার জানান, আগামী কয়েক দিনের মধ্যেই ‘থাড’ ব্যবস্থা কাজ শুরু করবে। এটি যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরিয়া এবং সেখানে অবস্থানরত ২৮ হাজার মার্কিন সেনার শক্তি বৃদ্ধি করবে।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণের একটি এলাকায় থাড বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবারই এই আলোচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার কিছু অংশ ওই এলাকার একটি পুরোনো গলফ মাঠে পৌঁছায়। এ সময় কয়েক শ গ্রামবাসী বিক্ষোভ প্রদর্শন করে। থাড-এর উপস্থিতির কারণে তারা আক্রমণের লক্ষ্যবস্তু হওয়ার ভয় করছে।
আগামী ৯ মে অনুষ্ঠেয় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মুন জায়-ইনও থাড স্থাপনে আরও কিছুটা সময় নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর ভাষ্য, ওয়াশিংটনের সঙ্গে আরও আলোচনা এবং জনগণ কী চাইছে, জানার পরই এ ব্যাপারে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া উচিত।
এক ছবিতে দেখা গেছে, থাড-এর ভ্রাম্যমাণ উৎক্ষেপকটি আকাশের দিকে তাক করা এবং এর আশপাশ দিয়ে সামরিক হেলিকপ্টার চক্কর দিচ্ছে।
অস্ত্র পরীক্ষা থেকে উত্তর কোরিয়াকে নিরস্ত করতে যুক্তরাষ্ট্রের সুর নরম করার বিষয়টিকে স্বাগত জানালেও দক্ষিণ কোরিয়ায় থাড বসানোর বিরোধিতা করেছে চীন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র গতকাল বৃহস্পতিবার বলেন, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ চীনও গোলাবর্ষণের মহড়া এবং নতুন অস্ত্রের পরীক্ষা চালাবে।
চীন বরাবরই দক্ষিণ কোরিয়ায় থাড মোতায়েনের বিরোধিতা করে আসছে।
উত্তর কোরিয়ার দিক থেকে নমনীয়তার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। তারা বরং ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি আরও এগিয়ে নিয়ে যাবে বলে জানিয়ে দিয়েছে। পিয়ংইয়ংয়ের ভাষ্য, ‘মার্কিন আগ্রাসন’ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের এ কর্মসূচি এগিয়ে নিতেই হবে। গত মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক সামরিক মহড়ার আয়োজন করা হয়। এরপর একাডেমি অব সোশ্যাল সায়েন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা সোক চল ওন সিএনএনকে বলেন, ‘যুক্তরাষ্ট্র তার আগ্রাসনমূলক কর্মকাণ্ড বন্ধ না করলে আমরা কখনোই পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করব না।’