চাপ সামলাতে পারবেন ট্রাম্প?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাহী আদেশ জারি করে সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে প্রবেশ বন্ধ করে দেওয়ায় ব্যাপক সমালোচনা ও বিক্ষোভের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার ওই আদেশে তিনি শরণার্থীদের প্রবেশেও সাময়িক নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করেছেন।

ট্রাম্পের এই পদক্ষেপে বিশ্বের বিভিন্ন দেশেই শুধু নয়, নিজ দেশেই যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে, তাতে এটা তাঁর জন্য প্রথম বড় পরীক্ষা হিসেবে ধরা হচ্ছে। শুক্রবার ট্রাম্প ওই আদেশে সই করলেও কয়েক দিন আগে থেকে তিনি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাত মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপের ইঙ্গিত দিয়েছিলেন।

সাত মুসলিম দেশের নাগরিকদের ওপর বিধিনিষেধ আরোপের পরদিন শুরু হওয়া বিক্ষোভ গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো অব্যাহত ছিল। যুক্তরাষ্ট্রের ভেতরে ট্রাম্পের এ পদক্ষেপের সমালোচনা বিরোধী ডেমোক্র্যাট দল ও তার সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ নেই; সমালোচনায় যোগ দিয়েছেন নিজ দল রিপাবলিকানের মিত্ররাও। দলটির আইনপ্রণেতাদের মধ্যেও বাড়ছে ক্রমবর্ধমান অস্বস্তি। এ অবস্থায় তাঁর সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। নিন্দা, সমালোচনা, বিক্ষোভের মধ্যে ট্রাম্পকে ধরাশায়ী করতে মোক্ষম হাতিয়ারও খুঁজে ফিরছেন ডেমোক্র্যাটরা।

ইতিমধ্যে ভিসাধারীদের ফিরিয়ে দেওয়া বা শরণার্থীদের বের করে দেওয়ার আদেশের ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের চার ফেডারেল বিচারক। ট্রাম্পের আদেশ চ্যালেঞ্জ করে মানবাধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) শনিবার মামলা করলে বিচারকেরা এই স্থগিতাদেশ দেন।

ট্রাম্পের ওই নির্বাহী আদেশের পর যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা প্রায় ৩০০ লোককে থামানো বা আটক করা হয়েছে। নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা মার্কিন আইনজীবীরা সতর্ক করে বলেছেন, ট্রাম্পের আদেশের বিরুদ্ধে লড়াই শেষ অবধি মার্কিন সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে।

ট্রাম্পের বিধিনিষেধে বিরূপ প্রভাবের শিকার অভিবাসী ও শরণার্থীদের প্রতি সমর্থন জানাতে গতকাল যুক্তরাষ্ট্রের প্রধান বিমানবন্দরগুলোতে সমবেত হন হাজার হাজার বিক্ষোভকারী। নানা স্লোগানে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানান তাঁরা।

ওয়াশিংটনের একটি বিমানবন্দরে আগের চেয়ে অতিরিক্ত তল্লাশিতে পড়া ইরাকি-আমেরিকান সাইফ রহমান (৩৮) বলছিলেন, ‘আমি আশা করি, একটা দেশ হিসেবে আমরা আমাদের মূল্যবোধকে বজায় রাখার মাধ্যমে এই কঠিন সময় পার করতে সক্ষম হব।’

নির্বাহী আদেশের পর বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়া বা আটক ভিসাধারীদের ছাড়াতে গতকালও বিপুলসংখ্যক আইনজীবী তাঁদের সহায়তায় বিমানবন্দরগুলোতে যান। ট্রাম্প যখন আদেশে সই করেন, তখন এই ভিসাধারীদের অনেকেই মাঝ আকাশে ছিলেন।

বৈধ ভিসা থাকার পরও যুক্তরাষ্ট্রে এসে পৌঁছানোর পর অন্তত ১০৯ জনকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে রোববার রাত পর্যন্ত ঠিক কতজন আটক ছিলেন তা পরিষ্কার নয়। ট্রাম্পের শীর্ষস্থানীয় সহযোগীরা এই সংখ্যা কমিয়ে কয়েক ডজন বলে উল্লেখ করেছেন। কানাডা বলেছে, নিষেধাজ্ঞায় পড়ে যাঁরা বিভিন্ন দেশে আটকা পড়েছেন, তাঁদের সাময়িকভাবে সে দেশে বসবাসের প্রস্তাব দেবে তারা।

ট্রাম্পের আদেশের কারণে যুক্তরাষ্ট্রে অন্তত ১২০ দিনের জন্য সব শরণার্থীর প্রবেশ বন্ধ থাকবে। সিরীয় শরণার্থীদের জন্য এই মেয়াদ অনির্দিষ্টকাল। আর আপাতত ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ থাকছে সাত মুসলিম দেশ ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের।

ঘরে-বাইরে সব মহলের সমালোচনায় বিদ্ধ হয়ে হোয়াইট হাউস থেকে এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ট্রাম্প বলেছেন, এটা কোনো মুসলিমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নয়। সেই সঙ্গে এই ইস্যু নিয়ে খবর প্রচার করায় গণমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন তিনি।

ট্রাম্প বিবৃতিতে বলেন, ‘এটা স্পষ্ট, এটা কোনো মুসলিম নিষিদ্ধ করা নয়; গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করছে। এটা কোনো ধর্ম-সম্পর্কিত নয়। এই নিষেধাজ্ঞা সন্ত্রাসীদের ব্যাপারে। এর লক্ষ্য আমাদের দেশের নিরাপত্তা।’ এদিকে সিদ্ধান্তের সমালোচনা করা রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন ও লিন্ডসে গ্রাহামের ওপর ক্ষুব্ধ ট্রাম্প তাঁর টুইটারে বলেছেন, তাঁরা ভুল করছেন, অভিবাসন নিয়ে তাঁরা দুর্বল। তাঁরা তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন।

বিক্ষোভ-সমাবেশ

ওয়াশিংটন, নিউইয়র্ক, বোস্টনসহ বিভিন্ন স্থানে রোববার থেকে বিক্ষোভ চলছে। ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরেও বিক্ষোভ হয়।

বড় ধরনের বিক্ষোভ হয়েছে ম্যানহাটনের ব্যাটারি পার্কে। নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টির কাছেও বিক্ষোভ হয়েছে। প্রায় ১০ হাজার মানুষ বিক্ষোভ করে ম্যানহাটনে যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্তরক্ষা কার্যালয়ের দিকে এগিয়ে যান। ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে লাফায়েত স্কয়ারে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। তাঁরা ‘ঘৃণা নয়, ভয় নয়, শরণার্থীরা এখানে স্বাগত’ বলে স্লোগান দেন।