যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে সান্ধ্য আইন (কারফিউ) ও জরুরি অবস্থা জারি নজিরবিহীন ঘটনা। একটি কেব্ল টেলিভিশন চ্যানেল তো প্রশ্ন তুলেছে, ঘটনাস্থলটি কি কোনো মার্কিন শহর, না যুদ্ধক্ষেত্র? এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সমাজে জাতিগত উত্তেজনার বিষয়টি আবারও সামনে চলে এসেছে।
কারফিউ বা জরুরি অবস্থা জারির মতো ঘটনা যুক্তরাষ্ট্রে বিরল। সর্বশেষ জরুরি অবস্থা জারি করা হয়েছিল ২০০৫ সালে প্রচণ্ড শক্তিশালী সামুদ্রিক ঝড় ক্যাটরিনার আঘাতের পর। এ ছাড়া ১৯৯২ সালে লস অ্যাঞ্জেলেসে কৃষ্ণাঙ্গ শ্রমিক রডনি কিংয়ের ওপর পুলিশি নির্যাতনের জেরে ছড়িয়ে পড়া দাঙ্গা এবং ২০১১ সালে ‘অকুপাই মুভমেন্ট’ এবং সিয়াটলে ১৯৯৯ সালের বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সম্মেলনবিরোধী বিক্ষোভের সময় নানা মাত্রায় জরুরি অবস্থা জারি হয়।
মিজৌরির গভর্নর জে নিক্সন গত শনিবার থেকে একাধিকবার কারফিউ জারি করেন। সরকারের এ পদক্ষেপের সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও নাগরিক অধিকার আন্দোলনের নেতারা। ডেমোক্র্যাট দলের গভর্নর নিক্সন যুক্তি দেখিয়েছেন, ‘যারা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কণ্ঠ রুদ্ধ করে দিতে চাইছে, তাদের মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একদল লুটেরা অন্যদের হুমকির মুখে রাখবে, তা চলতে দেওয়া হবে না।’
ফার্গুসনে ক্ষোভ ছড়িয়ে পড়ার বিভিন্ন কারণের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো, তরুণ মাইকেল ব্রাউনের ওপর গুলি করার ঘটনায় দায়ী শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে কর্তৃপক্ষ প্রথমে আড়াল করার চেষ্টা করেছিল। এ ছাড়া নিহত কৃষ্ণাঙ্গ কিশোরটি একটি দোকান থেকে জিনিস কেড়ে নিতে গিয়েছিল বলে প্রচার চালানো হয়। এ নিয়ে একটি সিসিটিভির ভিডিও দেখানো হয়েছে। কৃষ্ণাঙ্গ সম্প্রদায় এ ধরনের প্রচারণার সমালোচনা করে বলছে, নিরস্ত্র ছেলেটি যদি মাস্তানির চেষ্টা করেও থাকে, পুলিশ তো আইনের মধ্যে থেকেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত।
ফার্গুসনের ঘটনা এটাই প্রমাণ করে যে আয়তনে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ যুক্তরাষ্ট্রে স্বাধীনতার প্রায় ২৪০ বছর এবং দাসপ্রথা বিলোপের প্রায় ১৫০ বছর পরও সাদা ও কালো মানুষের মধ্যে বৈষম্য এখনো রয়ে গেছে।