চাপে পড়ে মুখ রক্ষার চেষ্টা ট্রাম্পের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মেঘনাদবধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, ‘এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে/জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষঃপুরে।’ মহাকবির স্মরণ নিতে হলো কারণ, এত এত বন্দুক হামলার পর অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ঘৃণা বিকৃতির জন্ম দেয়, হৃদয়কে রক্তাক্ত করে এবং আত্মাকে হনন করে। দেশের মানুষকে বর্ণবাদ, বর্ণবিদ্বেষ ও শ্বেত শ্রেষ্ঠত্ববাদের বিরুদ্ধে সমস্বরে নিন্দা জানাতে হবে।’
গুলিতে যখন মানুষ মরছে নির্বিচারে, তখন আমেরিকাকে আবারও ‘গ্রেট’ বানানোর একই গল্প দিয়ে যাচ্ছেন এই সময়ের খেয়ালি রাজা ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয় একের পর এক বন্দুক হামলার কারণ হিসেবে যখন উগ্র শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের বিষয়টি উঠে আসছে, তখন তিনি কৃষ্ণাঙ্গ কংগ্রেস সদস্যদের নানা ধরনের অপমানজনক কথা বলছেন। উসকে দিচ্ছেন শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ধারণা। এরই ফল হিসেবে টেক্সাস ও ওহাইওতে প্রাণ দিতে হলো ২৯ জন মানুষকে। তাও তিনি নিশ্চুপই ছিলেন। কিন্তু আর থাকতে পারলেন কই। টেক্সাসবাসীর তীব্র প্রতিবাদের মুখে অবশেষে তিনি বর্ণবাদবিরোধী বক্তব্য দিলেন। অবশেষে তাঁর ঘুম ভাঙল যেন। কিন্তু ভাঙল কি?

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে আমেরিকায় নির্বিচারে বন্দুক হামলার ঘটনা বেড়েই চলেছে। চলতি বছরেই দেশটিতে আড়াই শয়ের বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ২০১৭ সাল থেকে হিসাব করলে, এ সংখ্যা রীতিমতো চমকে দেবে সবাইকে। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, শুধু ২০১৭ সালেই আমেরিকায় মোট ৩৪৬টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যেখানে চার বা তার বেশি মানুষ হতাহত হয়েছে। এর পরের বছর এ ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটে ৩৪০টি। আর চলতি বছরের সাত মাসেই এ সংখ্যা আড়াই শ ছাড়িয়ে গেছে।
আমেরিকায় প্রতি দিন অন্তত একটি নির্বিচারে বন্দুক হামলা হওয়ার আশঙ্কা থাকে ৬০ শতাংশ। আর একাধিক হওয়ার আশঙ্কা থাকে ১৭ শতাংশ। নির্বিচারে বন্দুক হামলা মানেই কোনো পূর্বশত্রুতার জের ছাড়াই কারও গুলিতে নিহত হওয়ার আশঙ্কা। কিন্তু এত কিছুর পরও মার্কিন প্রশাসন আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিতে রাজি নয়।
সর্বশেষ টেক্সাস ও ওহাইও বন্দুক হামলার পর ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো সরাসরি এর পেছনে বর্ণবিদ্বেষ দায়ী এবং এটি রোধে সবাইকে কাজ করতে হবে বলে বক্তব্য রাখলেন। কিন্তু সবচেয়ে জরুরি যেটি, সেই আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে একটি শব্দও বললেন না। ১০ মিনিট স্থায়ী বক্তব্যে অনেক কথাই তিনি বললেন মূল কথাটি না বলে। বর্ণবাদকে প্রথমবারের মতো সরাসরি দায়ী বলার পেছনেও রয়েছে, তাঁকে নিয়ে হওয়া ব্যাপক সমালোচনা। কারণ, মেক্সিকো থেকে আসা অভিবাসীদের বিষোদ্‌গার করা ট্রাম্পের এ ছাড়া কোনো উপায় ছিল না। টেক্সাসের এল পাসোয় হওয়া হামলায় নিহতদের নয়জনই ছিলেন ম্যাক্সিকান। ফলে স্বাভাবিকভাবেই প্রেসিডেন্টের বর্ণবাদী অবস্থানের দিকেই ছুটে গেছে সমালোচনার তীর। এ অবস্থায় তাঁর পক্ষে বর্ণবাদকে এড়িয়ে যাওয়াটা অসম্ভব ছিল।
আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে একটি কথাও উচ্চারণ না করায় স্বাভাবিকভাবেই তাঁর এ বক্তব্য ‘যথেষ্ট নয়’ বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট নেতা থেকে শুরু করে নাগরিক আন্দোলনের নেতারা। এমনকি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও চুপ থাকতে পারেননি। তিনি যেকোনো ধরনের বিভাজন সৃষ্টিকারী বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এবারের বন্দুক হামলার পরও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। উঠে আসাটাই স্বাভাবিক। কারণ, আমেরিকায় সাধারণ জনগণের হাতে ২৬ কোটি ৫০ লাখের বেশি অস্ত্র রয়েছে। অর্থাৎ, প্রাপ্তবয়স্ক আমেরিকানদের হাতে গড়ে একটির বেশি অস্ত্র রয়েছে। এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্প তাঁর বক্তব্যে এ বিষয়টি একেবারেই এড়িয়ে গেছেন। অবশ্য তাঁর এড়িয়ে যাওয়ারই কথা। সামনে যে নির্বাচন। আর রিপাবলিকানদের নির্বাচনী তহবিলে অন্যতম অর্থদাতা যে এনআরএ, তাকে এই মুহূর্তে কে আর চটাতে চাইবে। রিপাবলিকানরা দল হিসেবে কখনোই এই অস্ত্র ব্যবসায়ীদের চটাতে চায়নি। তাই বারাক ওবামার সময়ে যখন কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইনের প্রস্তাব উঠেছিল, তখন তারাই সে আইন আটকে দিয়েছিল। এবার তো সে কথাটাই তুললেন না প্রেসিডেন্ট।
দুটি বন্দুক হামলার পর টেক্সাসের এল পাসোয় স্থানীয় বাসিন্দারা মিছিল করেছেন। তাঁরা অভিবাসন প্রশ্নে প্রশাসনের অবস্থানের সমালোচনা করেছেন সরাসরি বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে। তাঁরা বলেছেন, ‘হাগস নট ওয়ালস।’ বর্তমান পরিস্থিতির পেছনের ইন্ধনদাতা হিসেবে তাঁরা সরাসরি ট্রাম্পকেই চিহ্নিত করেছেন। তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ক্রুসিয়াস দ্য কিলার, ট্রাম্প দ্য অ্যাকমপ্লিস’। এ অবস্থায় ঘৃণার বিরুদ্ধে বক্তব্য দিলেন প্রেসিডেন্ট। শুধু বাদ পড়ে গেল ঘৃণা ছড়ানোয় নিজের ভূমিকাটির কথা।
কিন্তু প্রেসিডেন্ট এড়িয়ে গেলে কী হবে, বিরোধী পক্ষ তো তাঁকে ছাড়ছে না। তাঁর বক্তব্যের পরপর ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী ও এল পাসোর সাবেক কংগ্রেস সদস্য বেটো ও’রুরক বলেছেন, ‘আমাদের একজন প্রেসিডেন্ট রয়েছেন, যিনি ঘৃণা ছড়াতে সিদ্ধহস্ত, যিনি এই সহিংসতার উসকানিদাতা। তিনি ম্যাক্সিকান অভিবাসীদের “ধর্ষক” ও “অপরাধী”, আর আশ্রয়প্রার্থীদের “পশু” ও “উৎপাত” বলে সম্বোধন করেন। এই সময়ে, এই প্রজন্মে এসে আমেরিকায় বসে কেউ এ ধরনের মন্তব্য শুনতে প্রস্তুত নয়। কিন্তু তা-ই শুনতে হচ্ছে।’
সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প আজকের আমেরিকায় বন্দুক হামলার সংখ্যা বৃদ্ধির পেছনে নিজের বিভিন্ন বর্ণবাদী বক্তব্যের দায় এড়াতে পারেন না। কিছুদিন আগেও তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন। এটা সত্য যে, নির্বাচিত হওয়ার পরপর প্রেসিডেন্ট ট্রাম্প আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে ‘ব্যাকগ্রাউন্ড চেক’ ও অন্যান্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছিলেন। পরে গান লবি (অস্ত্রের পক্ষে ওকালতি করা গোষ্ঠী) ও রিপাবলিকান নেতৃত্বের চাপে সে পথ থেকে সরে আসেন তিনি। ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ গত ফেব্রুয়ারিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে ব্যাকগ্রাউন্ড চেকের ব্যবস্থাসংবলিত দুটি খসড়া আইন পাস করে। কিন্তু সিনেটে প্রস্তাব দুটির একটিও বিবেচনার জন্য উত্থাপিত হয়নি। সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল এ নিয়ে আলোচনার কোনো ইচ্ছা প্রকাশ করেননি। ডেমোক্র্যাটদের দাবি, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে ট্রাম্পের সদিচ্ছা থাকলে তিনি অনায়াসে রিপাবলিকানদের ওপর এ বিষয়ে চাপ সৃষ্টি করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। কারণ তিনিও আদতে মুখের কথাতেই বাজিমাত করতে চান। শোক, সমবেদনা ও উপরভাষা বক্তব্য দিয়েই দায়িত্ব সারতে চান তিনি।