চাবুকের হিস হিস বনাম ফেডারেল আইন
২০১৬ সালের জানুয়ারি মাসের শেষ দিকে দেশে গেলাম। ঢাকায় নেমে পরদিন বিমানে সিলেট হয়ে সুনামগঞ্জ। দিন দশেক পর ফিরলাম ঢাকায়। সপ্তাহখানেক থাকার কথা। কিন্তু দুদিন পরই জরুরি ভিত্তিতে ফিরতে হলো নিজ শহরে। চড়লাম এনার বিলাসবহুল বাসে। সিট পড়ল একেবারে সামনের দিকে, ড্রাইভারের পেছনে। জোড়া আসনে আমি ও আমার স্ত্রী। মহাখালী থেকে বাস ছাড়ার কিছুক্ষণ পর বাসের ভেতর সামনের দিকে এক যুবক দাঁড়ালেন। পরনে ধবধবে সাদা শার্টের সঙ্গে কালো প্যান্ট। পায়ে চকচকে কালো শু। গলায় সুদৃশ্য একটি টাই। ছোট একটি মাইক্রোফোন হাতে নিয়ে বলতে শুরু করলেন। সম্মানিত সব যাত্রীকে জানাই গুড মর্নিং। মুসলমান ভাইদের সালাম আর হিন্দু ভাইদের নমস্কার। স্বাগত জানাই এনা পরিবহনের এই বিলাসবহুল কোচে। আমাদের গন্তব্য শাহজালালের পুণ্যভূমি দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট নগরী। পথে কোনো ধরনের বাধা-বিপত্তি না থাকলে ইনশা আল্লাহ আমরা নিরাপদে যথাসময়ে সিলেট নগরীতে গিয়ে পৌঁছাব।
আজকের এই যাত্রাপথে চালকের আসনে আছেন বিদেশ থেকে ট্রেনিংপ্রাপ্ত চালক মিম্বার আলী। তাঁকে সহায়তা করবেন সহকারী ফুল মিয়া। আর সম্মানিত যাত্রীদের সব ধরনের সেবায় আছি আমি কচি মজুমদার। আপনাদের যেকোনো প্রয়োজনে আসন থেকে আওয়াজ দেবেন আমি এক সেকেন্ড বিলম্ব না করে আপনাদের কাছে পৌঁছে যাব। বলেই যাত্রীদের একটি ফ্রেশ ব্র্যান্ডের পানির বোতল এবং সঙ্গে ছোট একটি কেক যাত্রীদের হাতে ধরিয়ে দিলেন। সবাইকে পানির বোতল আর কেক দিয়ে আবার সবার মুখামুখি দাঁড়ালেন কচি মজুমদার। আগের মতো টাইটি টেনে ঠিক করে মাইক্রোফোন হাতে নিয়ে প্রথমে বলতে শুরু করলেন ইংরেজিতে। আগে বাংলায় যা বলেছিলেন তারই সার সংক্ষেপ। তবে কার জন্য বললেন তা বোঝা গেল না। কেননা পুরো বাসে তো কোনো ইংরেজ নেই। তবে আমার ভুল ভাঙল বিরতিতে এসে। পুরো বাসে মাত্র একজন চীনা যাত্রী। যে কিনা কন্ডাক্টরের সঙ্গে কথা বলেছে ফোনের সাহায্যে একজন দোভাষীর মাধ্যমে। মনে হলো কচি সাহেব সেই চীনা যাত্রীর জন্যই ইংরেজি ভাষায় বললেন।
ঘোষণা শেষ করে পুরো বত্রিশপাটি অলআউট করে যোগ করলেন সম্মানিত যাত্রীদের মনোরঞ্জনের জন্য আছে ইউটিউবের সাহায্যে নাটক ও গান শোনানোর ব্যবস্থা। আর ঠিক তখনই শুনলাম পাশের সিটের একজনের আওয়াজ। নাউজুবিল্লাহ।
হঠাৎ ‘স্যার’ আওয়াজ শুনে চোখ ফেরালাম। দেখি, পাশে সহাস্য সেই কন্ডাক্টর। হাতে দুটো পানির বোতল। সঙ্গে দুই পিস কেক। আমাদের দিকে সবকিছু বাড়িয়ে দিয়ে বলছেন, স্যার এগুলো আপনার ও ম্যাডামের জন্য একস্ট্রা। রেখে দিন স্যার। ক্ষুধা লাগলে খেয়ে নেবেন।
আমি বললাম, না না এত খাবার আর পানি লাগবে না। ছেলেটি জোর করে সামনের ব্যাগে রেখে দিলেন।
হঠাৎ চালকের সামনের আয়নায় চোখ পড়ল। দেখি বাসের ড্রাইভার আমাদের দিকে তাকিয়ে এসব দেখে হাসছেন। আরে কী বিপজ্জনক ব্যাপার! ড্রাইভারের চোখ থাকবে সামনের রাস্তার দিকে, আর তিনি কিনা বারবার তাঁর ওপরের গ্লাসে আমাদের দেখছেন! কিন্তু কেন?
আর সেই কেনর উত্তর পেলাম ভৈরবে যাত্রাবিরতিতে এসে। বিরতিতে এক রেস্টুরেন্টের সামনে বাস থামলে নামতে যাওয়ার সময় দেখি বাসের কন্ডাক্টর কচি সাহেব দুই হাতে পেছনের সব যাত্রীদের পথ আগলে দাঁড়িয়ে আছেন। আর আমাদের তাগাদা দিয়ে বলছেন স্যার, আপনারা আগে নামুন। বাকি যাত্রীরা বিরক্ত না হলেও দেখি বেশ আগ্রহ নিয়ে কচির এসব পাকামো দেখছে। বাস থেকে নামিয়ে একপ্রকার জোর করে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে গেলেন। বয়দের ডাকাডাকি করে চা, সঙ্গে হালকা খাবার খাইয়ে নিজে সঙ্গে থেকে বাসে তুলে দিলেন। পড়ে গেলাম ভাবনায়। ছেলেটি এসব কী করছেন? আর কেনই বা করছেন?
উত্তরটি সক্ষিপ্ত করেই বলি। আমাদের কচি, ইউটিউবে আমার রচিত গানে দেশের নামকরা শিল্পীদের গান শুনতে গিয়ে আমাকেও অনেকবার দেখেছেন। আর তাই আজ হঠাৎ করে আমাকে বাসে পেয়ে এসব বাড়াবাড়ি রকমের আদর আর আপ্যায়ন! সব শেষে জানতে চাইলেন আমার পরের সিডি কবে বের হবে। মজার বিষয় হলো, আমাকে কিন্তু প্রথমে আবিষ্কার করেন বাসের চালক তথা বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার মিম্বার আলী।
ম্যারিল্যান্ড থেকে নিউইয়র্ক ফেরত আসার পথে তেমনি গত সপ্তাহে আমি পেয়ে গেলাম আরেক বাসের নারী চালককে। আমেরিকার বিখ্যাত গ্রেহাউন্ড কোম্পানির ২০ হাজার বাসের একটিতে চড়েছি নিউইয়র্ক আসব বলে। যথারীতি স্ত্রীও আছেন সঙ্গে। ৫২ সিটের বাসের একজন চালকই সবকিছু। সঙ্গে দ্বিতীয় কেউ নেই। চালকের সহকারী থেকে শুরু করে ঘোষণাকারী—সব কাজই বাসের সেই নারী চালক একাই করে চললেন।
বাসে ওঠার আগে টিকিট চেক করলেন। যাত্রীদের মালামালও নিচে রাখলেন নিজেই। সব করলেন একাকী হাতে। ছোট্ট একটি ঘোষণা দিলেন চালকের আসনে বসে। বলে গেলেন যাত্রী হিসেবে বাসের ভেতর কী করা যাবে আর কী করা যাবে না! সবশেষে বললেন, বাসের ভেতরে সব কার্যক্রম দেশের শক্তিশালী আইন ফেডারেল আইন মোতাবেক চলবে। ফেডারেল আইন মানেই বড্ড শক্ত আইন। শুধু একবার কেউ যদি ওই আইনে পড়েন, তখন বুঝবেন কত ধানে কত চাল! মজার বিষয়, এসব শক্ত শক্ত আইনকানুন শুধু ভালোবাসার নগরী নিউইয়র্কে নয়, দেশের সর্বত্রই এই আইন খুব কড়া ও কার্যকর।
নারী চালক খুব গম্ভীর হয়ে সহজ ভাষায় সাধারণ সম্বোধনে যা বলে গেলেন, বাসের ৫২ জন যাত্রী পুরোটা সময় বিনা বাক্যব্যয়ে সব নিয়মকানুন মেনে চলল। কারণ চালক একটি শব্দ বেশ কয়েকবারই জোরের সঙ্গে উচ্চারণ করেছিলেন ফেডারেল আইনের কথা! কোনো আওয়াজ নেই, কিংবা নেই কোনো চিৎকার-চেঁচামেচি। কোনো ভিডিও চলল না, কেউ পানির বোতল আর পিস কেক নিয়ে এসে জোরাজুরিও করল না। বরং পুরো পথজুড়েই বজায় ছিল সুনসান নীরবতা। ভালোবাসার নিউইয়র্ক শহরের ম্যানহাটনে কোম্পানির নিজস্ব টার্মিনালে এসে বাস থেকে নামতে নামতে একটি গল্প মনে পড়ল আমার।
ভারত তখন ব্রিটিশ শাসনের অধীনে। লর্ড কর্নওয়ালিশ অবকাশ যাপনে গেলেন যুক্তরাজ্যের স্কটল্যান্ডে। স্কটিশ এক সেনাপতির সঙ্গে ঘোড়ায় চড়ে বেরিয়েছেন বৈকালিক ভ্রমণে। দুর্গের বাইরে একজন মেষ পালক ঘোড়ায় চড়ে বিশেষ ধরনের চাবুক নিয়ে মেষ চরাচ্ছে। সেই চাবুকে হিস হিস করে এক ধরনের ভয় ধরানো আওয়াজ বের হতো, যা শুনে মেষশাবকেরা ভয় পেত। স্কটিশ সেনাপতি কৌতূহলবশত লর্ডকে জিজ্ঞেস করলেন, মাত্র শ দুয়েক ব্রিটিশ কীভাবে লাখ লাখ ভারতীয়কে শাসন করছে? লর্ড কর্নওয়ালিশ সেই মেষ পালকের হাতের বিশেষ শব্দওয়ালা চাবুকের দিকে নির্দেশ করে বললেন, প্রায় তিন শ মেষশাবককে যদি একজন মেষ পালক তার হাতের চাবুকের বিশেষ আওয়াজ দিয়ে পালন করতে পারে, তাহলে লাখ লাখ ভারতীয়কে বিশেষ আইন দিয়ে বশে রাখা কোনো বিষয়?
সেই পরাধীন ভারতীয়দের একজন উত্তরসূরি হয়ে আমার মনে নতুন এক ভাবনা এল, তাহলে নিউইয়র্কসহ গোটা আমেরিকায় ফেডারেল আইনের মতো বিশেষ আইন কি ওই বিশেষ আওয়াজ-সংবলিত চাবুকের হিস হিস আওয়াজের মতো শোনায়! না অন্য কোনো কারণে পুরো বাস থাকে নীরব আর নিস্তব্ধ!