চার দশকের রেওয়াজ ভেঙে তাইওয়ানের নেতার সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রায় চার দশক ধরে চলা রেওয়াজ ভেঙে দেশটির হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের নেতা সাই ইং-ওয়েনের সঙ্গে ফোনালাপ করেছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন; কারণ তাইওয়ান নিজেকে সার্বভৌম বলে দাবি করলেও এই ভূখণ্ডকে বিচ্ছিন্নতাবাদী একটি প্রদেশ মনে করে বেইজিংয়ের কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্র ১৯৭৯ সাল থেকে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক না রাখার নীতি অবলম্বন করে আসছে। এ কারণে তাইওয়ানের কোনো নেতার সঙ্গে এত দিন কোনো মার্কিন প্রেসিডেন্ট কথা বলেননি। ট্রাম্প নিজেই টুইট করে জানান, শুক্রবার তাইওয়ানের নেতা সাই ইং-ওয়েন তাঁকে ফোন করেছিলেন। তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা ট্রাম্প না বললেও তাঁর সহযোগীরা বলেছেন, ফোনালাপে ‘অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা’ বিষয়ে দুজনের মধ্যে ‘ঘনিষ্ঠ আলোচনা’ হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন চীন-মার্কিন সম্পর্কে অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে তাইওয়ানের বিষয়ে সতর্ক ও সঠিক পদক্ষেপ নেয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এই খবর দিয়েছে। এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ট্রাম্পের কাছে তাইওয়ানের ওই ফোন একটা ‘চালাকিপূর্ণ কৌশল’ ছাড়া আর কিছু নয়।
ট্রাম্প গত শুক্রবার টুইটারে লেখেন, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন জানাতে সাই তাঁকে ফোন করেন।
ট্রাম্পের প্রচারদল বলেছে, যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্টও তাইওয়ানের প্রেসিডেন্ট সাইকে গত জানুয়ারিতে জয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। সংবাদমাধ্যম লিখেছে, চীন যাতে ক্ষুব্ধ না হয় সে জন্য ট্রাম্প আরেকটি টুইট করেছেন: ‘যুক্তরাষ্ট্র তো তাইওয়ানের কাছে শত শত কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করে। তবু তাদের নেতার অভিনন্দনবার্তা গ্রহণ করা কীভাবে আমার উচিত হবে না, সেটা কৌতূহলজনক বটে।’
হোয়াইট হাউস বলেছে, তাইওয়ানের নেতার সঙ্গে ট্রাম্পের ওই আলাপচারিতায় মার্কিন নীতির কোনো পরিবর্তনের সংকেত নেই।
তবে ট্রাম্পের মুখপাত্র বলেছেন, তাইওয়ান নিয়ে মার্কিন নীতি সম্পর্কে ট্রাম্প ‘বেশ ভালোভাবেই’ অবগত ছিলেন।
চীনের সঙ্গে তাইওয়ানের বিরোধ অনেক পুরোনো। ১৯৪৯ সালে প্রজাতন্ত্রী চীনের (আরওসি) সরকার পালিয়ে তাইওয়ানের মূল ভূখণ্ডে চলে যায়। ১৯৪৫ সালের পর স্বল্প সময়ের জন্য তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের আসনটি ধরে রেখেছিল। তখন পশ্চিমা কয়েকটি দেশ তাইওয়ানকেই একমাত্র চীনা সরকার বলে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু ১৯৭১ সালের পর জাতিসংঘ বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং আরওসি সরকারকে বের করে দেয়। এখন কেবল গুটিকয়েক দেশই তাইওয়ানের সরকারকে স্বীকার করে। যুক্তরাষ্ট্রও ১৯৭৯ সাল থেকে তাইপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বেইজিংকেই ‘একমাত্র চীন’ বলে সমর্থন দেয়।