চার বছর আগেই বসেছে কোসিসকো ব্রিজের দ্বিতীয় স্প্যান

নির্ধারিত সময়ের চার বছর আগেই কুইন্সের গুরুত্বপূর্ণ কোসিসকো ব্রিজের দ্বিতীয় স্প্যান খুলে দেওয়া হয়েছে। ২৮ আগস্ট রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে এটি উদ্বোধন করা হয়। অনাড়ম্বর এ উদ্বোধনী অনুষ্ঠানে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন থেকে স্যাটেলাইটে বিলি জোয়েলের সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে গভর্নর অ্যান্ড্রু কুমোসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক দলের ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।

অনুষ্ঠানে গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, ‘মূল ছয়-লেনের সেতুটি ছিল ট্র্যাফিক বিঘ্নের অন্যতম উৎস। নতুন কোসিসকো সেতুর ওপরে নয়টি প্রশস্ত লেন, একটি পথচারী ও বাইক লেন রয়েছে। এগুলো ট্রাফিক জটকে ৬৫ শতাংশ কমাবে, যাতে যাত্রীদের সময় সাশ্রয় হবে। যখন আমাদের দেশে এত নেতিবাচকতা, হতাশা ও ক্ষোভ রয়েছে, তখন এই সেতুটি ইতিবাচকতার প্রতীক। সরকার ও সমাজ কী করতে পারে, তার একটি উদাহরণ এটি।’ প্রকল্পটি নিউইয়র্ক নগরীতে ১৯৬৪ সালে নির্মিত ভেরাজাজানো-ন্যারো সেতুর পর নির্মিত প্রথম বড় সেতু। মূল কোসিসকো ব্রিজ ১৯৩৯ সালে খোলা হয়েছিল।