চার বাংলাদেশির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ মাছ আমদানির অভিযোগে নিউইয়র্কের একটি আদালতে চার বাংলাদেশির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাঁদের ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশি মালিকানাধীন মাছ আমদানিকারক এশিয়া ফুড ডিস্ট্রিবিউশনের চার কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়। এঁরা হলেন, মাহমুদ চৌধুরী, বেলায়েত হোসেন, শাকিল আহমেদ ও ফিরোজ আহমেদ।

২০১৪ সাল থেকে এশিয়া ফুড ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ ও মিয়ানমার থেকে মাছ আমদানি করে যুক্তরাষ্ট্রের বাজরে গ্রোসারিগুলোতে পাইকারি দরে সরবরাহ করছে।

জানা গেছে, ২০১৭ সাল থেকে এ দেশের বাজারে ক্যাটফিস বিক্রি নিষিদ্ধ করা হয়। এসব মাছ খেলে মানব দেহের ক্ষতি হতে পারে গবেষণায় দেখা গেছে। সে কারণে মাছগুলো নিষিদ্ধ করা হয়েছে।

কিন্তু এশিয়া ফুড কর্তৃপক্ষ মাছের চালান আমদানির সময় আইন অমান্য করে অন্য মাছের সঙ্গে ক্যাটফিস তথা মাছের সামনের দিকে লম্বা ছোঁড়যুক্ত মাছ আমদানি করেন।

নিউইয়র্ক ইউএসডিএ ও এফডিএ কর্তৃপক্ষ সম্প্রতি অভিযান চালিয়ে গ্রোসারি এবং ওয়্যার হাউস থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ উদ্ধার করে। এ ঘটনায় এশিয়া ফুড কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে অভিযোগের ভিত্তিতে আদালতে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী আসামিদের ২৫ বছর পর্যন্ত কারদাণ্ড হতে পারে।

অভিযোগের বিষয়ে এশিয়া ফুডের প্রধান নির্বাহী মাহমুদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের সঙ্গে এ নিয়ে কথা বলতে বা কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান।