চার শ বছরের গৌরবগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের সঙ্গে বাঙালির সাহিত্য ও সংস্কৃতির সম্পর্ক দীর্ঘ। এই ঔপনিবেশিক রাষ্ট্রটির সঙ্গে ভারতবর্ষের প্রতিটি নৃতাত্ত্বিক জাতির একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক জাতি, ভাষা ও সংস্কৃতিকে কতটুকু প্রভাবিত করেছে, তা বর্তমান সময়ে এসে আমরা সহজেই উপলব্ধি করতে পারি। ইংল্যান্ড দেশটি বাঙালির কাছে সেই সতেরো শতাব্দী থেকে ‘বিলায়েত’ বা ‘বিলাত’ নামে পরিচিত। বাংলা ভাষায় প্রচলিত অন্য বিদেশি শব্দের মতো ‘বিলাত’ শব্দটিও ফারসি থেকে এসে বাঙালির কাছে আপন হয়ে উঠেছে। আপন হয়ে ওঠা এই শব্দের দেশে বাঙালি অথবা বাংলাদেশিদের যাতায়াতও শুরু হয় নিদেনপক্ষে চার শ বছর আগে। জীবিকা নির্বাহের জন্য হোক, আর ভ্রমণের উদ্দেশেই হোক, বাংলার মানুষ শুরু থেকেই বিলাতমুখী হয়েছেন। ধীরে ধীরে তারা সেখানে থিতু হয়। এই থিতু হতে হতে তাদের অভিজ্ঞতার ঝুড়িতে জমা হলো রঙিন কত গল্পগাথা। মানুষের মনের এসব কথা-কল্লোল, আর বিলাত বসবাসের রকমারি চিত্রগাথা
উঠে আসতে লাগল সাহিত্যের নানা শাখায়। বিলাতকেন্দ্রিক এক ধরনের সাহিত্যচর্চা
শুরু হলো।
‘বিলাতে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা’ বাংলাদেশি-ব্রিটিশ সাহিত্যিক, গবেষক ও বহু গ্রন্থপ্রণেতা ফারুক আহমদের একটি গবেষণা গ্রন্থ। গবেষক হিসেবে তাঁর দেশ-বিদেশে খ্যাতি রয়েছে। বিলাতে বাঙালির সাহিত্যচর্চা ও সংস্কৃতিযাপন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি নিয়ে লেখক তাঁর গবেষণা গ্রন্থে বাংলাভাষী পাঠকদের জন্য এক অজানা দ্বার উন্মোচন করেছেন। লেখক দীর্ঘদিন থেকে বিলাতে বসবাস করছেন। তাঁর অভিজ্ঞতা ও নিবিড় অনুসন্ধিৎসা গ্রন্থটি রচনায় তথ্যসহায়ক ভূমিকা রেখেছে। ২০১৯ সালের মার্চে বইটি প্রকাশ করে বাংলা একাডেমি। মূল্য রাখা হয়েছিল ৩৪০ টাকা। বইটির প্রচ্ছদ করেন
মামুন কায়সার।
ভূমিকা ও পরিশিষ্ট বাদে বইটিতে মোট বারোটি অধ্যায়ে লেখক তাঁর বক্তব্য তুলে ধরেছেন। ভূমিকায় একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের অবতারণা ও এর উত্তর উপস্থাপন করেন লেখক। বিলাতে বাঙালির সাহিত্যচর্চা ঠিক কখন থেকে শুরু হয়েছিল—এমন এক প্রশ্নের উত্তরে লেখক জানান, ‘বিলাতের প্রথম পত্রিকা পাক্ষিক সত্যবাণী। এটি ১৯১৬ সালে প্রকাশিত হয়। তারপর ১৯৪০ সালে প্রকাশিত হয় প্রথম সাপ্তাহিক পত্রিকা “জগৎ-বার্ত্তা”।’ এর আগে বাঙালির কাছে একটি প্রতিষ্ঠিত সত্য ছিল বিলাতের প্রথম বাংলা পত্রিকা হচ্ছে ‘দেশের ডাক’, যা ১৯৫৪ সালে প্রকাশিত হয়। আর প্রথম সাপ্তাহিক পত্রিকা ‘জনমত’ প্রকাশিত হয় ১৯৬৯ সালে। লেখক এই তথ্যটিকে স্বীকার করে আমাদের সামনে নতুন একটি সত্য উপস্থাপন করেছেন। আর গবেষণা কাজের ধর্মই হচ্ছে তথ্য খণ্ডনের তলোয়ার শাণিত করা।
‘বিলাতে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা’ বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে ‘পটভূমি’। লেখক এই অধ্যায়ে বিলাতে বাঙালির সাহিত্যচর্চা শুরুর কথা বলেছেন। একটি ভ্রমণ আখ্যান দিয়ে মূলত বিলাতে বাঙালির সাহিত্যচর্চার প্রেক্ষাপট গড়ে ওঠে। ১৭৬৫ সালের জানুয়ারি মাসে মির্জা ইতিশামুদ্দিন রাজা তৃতীয় জর্জের কাছে সম্রাট শাহ আলমের দূত হিসেবে ভারত থেকে বিলাতে যান। সেখানে তিনি প্রায় তিন বছর থাকেন। ১৭৬৮ সালের সেপ্টেম্বর মাসে তিনি ভারতে ফিরে আসেন। ফিরে এসে তিনি তাঁর ভ্রমণের এই আখ্যান লেখেন সেকালের রাষ্ট্রীয় ভাষা ফারসিতে। তাঁর বইয়ের ফারসি নাম দেওয়া হয় ‘শিগুর্ফ-নামা-ই বিলায়েত’, যা বাংলা অনুবাদে ‘বিদেশ ভ্রমণের আশ্চর্য গল্প’ শিরোনামে প্রকাশিত হয়। এই বইটিকেই লেখক
বিলাতে বাঙালির সাহিত্যচর্চার ভিত বলে
নিশ্চিত করেছেন।
বিলাতে আধুনিক বাংলা সাহিত্যের বিকাশ ঘটে ১৮৬১ সালে আইন বিষয়ে পড়তে যাওয়া ছাত্র রাখালদাস হালদারের হাত ধরে। বিলাতে অধ্যয়নকালে তিনি যে ডায়েরি লেখেন, পরে তা ‘দ্য ইংলিশ ডায়েরি অব অ্যান ইন্ডিয়ান স্টুডেন্ট’ শিরোনামে প্রকাশিত হয়। ‘পটভূমি’ অধ্যায়ে লেখক বিলাতে সাহিত্য সাধনায় নারীর অবদান নিয়েও আলোচনা করেছেন। ফারুক আহমেদ জানান, ১৮৮২ সালে কৃষ্ণভাবিনী দাস তাঁর স্বামীর সঙ্গে ইংল্যান্ড ভ্রমণে যান। ১৮৮৫ সালে তিনি ছদ্মনামে ‘ইংল্যান্ডে বঙ্গমহিলা’ শিরোনামে তাঁর ভ্রমণ আখ্যান প্রকাশ করেন। লেখক তাঁকেই বিলাতে বাঙালি নারীর সাহিত্যচর্চায় অগ্রদূত হিসেবে ধারণা করেছেন।
বইটির দ্বিতীয় অধ্যায়ে বিলাতে বাংলা ছাপাখানা ও প্রকাশনা সংস্থা নিয়ে লেখক পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন। ১৯১৬ সালের ১ নভেম্বর বহুভাষিক কাগজ ‘পাক্ষিক সত্যবাণী’ বিলাত থেকে প্রথম প্রকাশিত হয়। কাগজটি প্রকাশ করে লন্ডন স্ট্যান্ডের মিলফোর্ড লেইন প্রেস। এটিই বাঙালির বিলাতে প্রথম প্রকাশনা। তবে ১৯৮৪ সালে বাঙালি মালিকানায় প্রথম প্রকাশনা সংস্থা গড়ে ওঠে বিলাতে। ‘র‌্যাডিকেল এশিয়া পাবলিকেশনস’ নামের এই সংস্থাকে বিলাতের সবচেয়ে প্রাচীন বাংলা প্রকাশনা সংস্থা হিসেবে লেখক উল্লেখ করেছেন। এর স্বত্বাধিকারী ছিলেন লেখক ও সাংবাদিক আবদুল মতিন। এই প্রকাশনা সংস্থার প্রথম প্রকাশিত গ্রন্থ ‘জেনেভায় বঙ্গবন্ধু’। বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ১৯৭৪ সালে আবদুল মতিনের জেনেভা ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা।
‘বিলাতে বাংলা সাহিত্যের ক্রমবিকাশ’ আলোচিত হয়েছে বইটির তৃতীয় অধ্যায়ে। লেখক এই অধ্যায়ে গেল শতকের দুইয়ের দশক থেকে হালের শূন্য দশক পর্যন্ত বিলাতে বাঙালির সাহিত্যচর্চার একটি বিস্তৃত ও সারগর্ভ প্রেক্ষাপট উপস্থাপন করেছেন। ১৯১৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সময়কে তিনি কয়েকটি পর্বে ভাগ করেছেন; যেমন—সলতে পাকানোর পর্ব, সূচনা পর্ব, উত্থান পর্ব, বিকাশ পর্ব, সমৃদ্ধকাল, সংকটকাল ও পতনোন্মুখকাল। তবে লেখক বর্তমান একুশ শতকের শূন্য ও দুইয়ের দশককে সংকটকাল ও পতনোন্মুখকাল বলার কারণ অনেকটা বোধগম্য হলেও বাস্তবচিত্র এতটা হতাশাজনক নয় বলেই মনে হয়।
বইয়ের চতুর্থ অধ্যায়ে বিলাতের সাহিত্য সংগঠন ও সাহিত্যিক তৎপরতা নিয়ে আলোচনা করেছেন লেখক। তাসাদ্দুক আহমদ, নুরুল ইসলাম ও আব্দুল মান্নান সানু মিয়া, যাঁরা লন্ডনের গ্রিনমাস্ক রেস্টুরেন্ট থেকে সংগঠিত হতে শুরু করেন। লেখক বলেন, ১৯৫০-এর কোঠায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক এ কে নাজমুল করিম, ইসলামের ইতিহাসের অধ্যাপক আব্দুল মাজেদ খান থেকে শুরু করে তৎকালীন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজ ও সংস্কৃতিসেবী—খুব কম ব্যক্তিই ছিলেন, যাঁরা তাসাদ্দুক আহমদের আতিথেয়তা লাভ করেননি। তাঁদের সেই সংঘবদ্ধতাই বাংলার রাজনীতি, সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের রূপ নেয়। এরই ধারাবাহিকতায় গড়ে ওঠে বাংলা একাডেমি, অ্যাংলোপাক এন্টারপ্রাইজ লিমিটেড, রূপসী বাংলা লিমিটেড, বেঙ্গলি ইন্টারন্যাশনাল, বাংলাসাহিত্য পরিষদ, রেনেসাঁ সাহিত্য মজলিস, সুরমা ইয়াং রাইটার গ্রুপ, সংহতি সাহিত্য পরিষদ, বিশ্ববঙ্গ সাহিত্য সম্মেলন, উদীচী, বিশ্বসাহিত্য কেন্দ্র, চারণ, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ, বাংলা ভবন ও বার্মিংহাম সাহিত্য পরিষদের মতো সংগঠনগুলো।
‘বিলাতে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা’ বইয়ের পঞ্চম অধ্যায়ে কবিতা নিয়ে আলোচনা করা হয়েছে। এতে বিলাতে কবিতাচর্চা নিয়ে লিখেছেন, দশকভিত্তিক হিসেবে বিশ শতকের সত্তর দশকই হচ্ছে বাঙালি-ব্রিটিশ সমাজে বাংলা ভাষার কবিদের সূচনা পর্ব। বইয়ের ষষ্ঠ অধ্যায়ে বিলাতে বাঙালিদের কথাসাহিত্যচর্চার বিষয়ে লেখক বিশদ আলোচনা করেছেন। ১৯৭৫ সালে রচিত হিরণ্ময় ভট্টাচার্যের ‘ক্রন্দসী’ উপন্যাসটিকে লেখক বিলাতে প্রকাশিত মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস হিসেবে আখ্যায়িত করেছেন। এ ছাড়া কথাসাহিত্যিক ফজলুল আলম, সৈয়দ শামসুল হক, আব্দুল মতিন, আব্দুর রউফ চৌধুরী, কুদরতুল ইসলাম, কাদের মাহমুদ, সালেহা চৌধুরী প্রমুখ ব্যক্তিত্বের ওপরও তিনি আলোকপাত করেছেন।
উল্লেখ্য, লেখক তাঁর বইটি কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক কাদের মাহমুদকে উৎসর্গ করেছেন। সপ্তম অধ্যায়ে বিলাতে নাট্যচর্চা করেছেন যেসব বাঙালি লেখক, তাঁদের কথা তুলে ধরেছেন ফারুক আহমেদ। ১৯১০ সালে বিলাতে নীরঞ্জন পাল দুটি নাটক রচনা ও মঞ্চায়ন করেন। নাটক দুটি হচ্ছে, ‘দ্য লাইট অব ইন্ডিয়া’ ও ‘সিরাজ’। নীরঞ্জন পালকেই লেখক বিলাতে প্রথম নাট্য চর্চাকারী বাঙালি হিসেবে আখ্যায়িত করেছেন। নাটকে যারা অবদান রেখেছেন,
এই অধ্যায়টি পাঠ করলে তাঁদের সম্পর্কে বিশদ জানা যাবে।
প্রবন্ধ চর্চা নিয়ে লেখক তাঁর বইয়ের অষ্টম অধ্যায়টি সাজিয়েছেন। তাঁর আলোচনা থেকে টের পাওয়া যায় বিলাতে এখনো বাঙালি প্রবন্ধচর্চায় অনেকটা পিছিয়ে রয়েছেন। এটা হতে পারে সময়, সুযোগ ও পারিপার্শ্বিক অবস্থার কারণে। বিলাতে বাঙালিদের ইতিহাস চর্চা নিয়ে লেখক তাঁর বইয়ের নবম অধ্যায় সাজিয়েছেন। এ অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন, ১৬৩০ সালকে বিলাতে বাঙালির আগমনের সূচনাকাল হিসেবে ধরে নিলে ২০১৮ সাল পর্যন্ত বাঙালিদের বিলাত পর্বের বয়স চার শতাধিক বছর। অনুবাদ সাহিত্য নিয়ে সাজানো হয়েছে বইটির দশম অধ্যায়। এ ছাড়া লেখক বিলাতে ইংরেজি ভাষায় সাহিত্যচর্চা করা বাঙালি, যাদের অনেকেই বর্তমানে লেখালেখি করছেন, তাদের নিয়ে বইটির একাদশ অধ্যায়ে সারগর্ভ আলোচনা করেছেন। ১৭৯৪ সালে শেখ দীন মোহাম্মদ ইংরেজি ভাষায় সর্বপ্রথম তাঁর ভ্রমণকাহিনি লেখেন। তাঁর বইয়ের নাম ‘দ্য ট্র্যাভেল অব দীন মোহাম্মদ’। ছড়া চর্চার আলোচনা স্থান পেয়েছে দ্বাদশ অধ্যায়ে। পরিশিষ্টে লেখক বাঙালি লেখক পরিচিতি তুলে ধরেছেন।
যার বই নিয়ে আজকের এই আলোচনা তিনি ফারুক আহমদ; অত্যন্ত ধীমান-নিরলস এক গবেষক। তাঁর গবেষণাকর্ম দেশে-বিদেশে মর্যাদা পেয়েছে। অকৃতদার মানুষটি স্বদেশে জাতীয় পর্যায়েও পেয়েছেন গৌরবজনক সম্মান। স্বনামে সমুজ্জ্বল ফারুক আহমেদকে তাই নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। জন্মেছেন সিলেটে। গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার গোয়সপুরে। লেখালেখির শুরু গত শতাব্দীর আশির দশকে। সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন।
১৯৯৬ সালে তিনি লন্ডন থেকে প্রকাশিত মাসিক লন্ডন বিচিত্রার প্রধান সম্পাদক ছিলেন। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে, ‘বিলাতে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতা (১৯১৬-২০০১ খ্রি.)’, ‘সাপ্তাহিক জনমত: মুক্তিযুদ্ধের অনন্য দলিল’ (২০১৬), ‘মুক্তিযুদ্ধের স্মৃতি’ (২০১৭), ‘এ মাটির বাউল’ (গীতিকবিতা ১৯৯৪), ‘বিলাতে বাংলার রাজনীতি’ (২০১২) ও ‘গোলাপগঞ্জের ইতিহাস’ (২০১৫)। সম্পাদনা করেছেন বিলেতবাসী সাংবাদিক ও বাম রাজনীতিক তাসাদ্দুক আহমদের জীবনীগ্রন্থ ‘জীবন খাতার কুড়ানো পাতা’। ২০১৩ সালে গবেষণা কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
‘বিলাতে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা’ বইটি লেখক অত্যন্ত প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন। তাঁর গভীর অনুসন্ধানী দৃষ্টি বইটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিলাতের বাঙালিদের এই অধ্যায়টি এত দিন পাঠকের অগোচরে ছিল। লেখকের দূরদর্শী লেখনীর মাধ্যমে বিষয়টি আলোর মুখ দেখতে
পেয়েছে। কৃতি এই লেখক তাঁর আরও নতুন
কাজ নিয়ে অনেক দূর এগিয়ে যাবেন—এটাই আমাদের প্রত্যাশা।