চালকের আসনে 'মাতাল' পুলিশ কর্মকর্তা
মাতাল অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ডেট্রয়েটের এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছেন তাঁর অধস্তন পুলিশ। ২৬ জানুয়ারি সকালে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অপরাধে সহকর্মীদের হাতে গ্রেপ্তার হন ডেট্রয়েট পুলিশ বিভাগের জেনারেল কমান্ডার জনি থমাস। তাঁর শরীরে অ্যালকোহলের মাত্রা ছিল নির্ধারিত সীমার দ্বিগুণ।
থমাস ট্রাফিক সিগনালের লাল বাতিতে দাঁড়ানো একটি পিকআপ ট্রাকে আঘাত করেন। ওই ট্রাকের চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। থমাস তখন পুলিশ বিভাগেরই একটি গাড়ি চালাচ্ছিলেন।
ডেট্রয়েটের পুলিশ প্রধান জেমস ক্রেইগ সংবাদ সম্মেলনে ঘটনাটিকে ‘খুব হতাশাজনক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, থমাসকে এ জন্য আইনের মুখোমুখি হতে হবে। অধস্তন কর্তৃক ঊর্ধ্বতন কর্মকর্তার গ্রেপ্তার হওয়াটা অস্বস্তিকর হলেও বিষয়টির প্রশংসা করেছেন ডেট্রয়েটের পুলিশ প্রধান। ক্রেইগ বলেন, অবশ্যই এটি তাদের জন্য একটি অস্বস্তিকর কাজ ছিল। এমন উচ্চ পদে থাকা কর্মকর্তাকে গ্রেপ্তার করতে আরও উচ্চ পদে থাকা কর্মকর্তার অনুমতি নিতে হয়।
প্রসঙ্গত, আইনিভাবে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি অ্যালকোহল গ্রহণ করে গাড়ি চালালে, তা অপরাধ বলে গণ্য হয়। কোনো গাড়ি চালকের শরীরের রক্তে অ্যালকোহলের মাত্রা দশমিক ৮ শতাংশ পাওয়া গেলে তার ১৮ মাস থেকে ১০ বছর পর্যন্ত জেল এবং ড্রাইভার লাইসেন্স বাতিল হতে পারে।