চালু হচ্ছে বিনা মূল্যের সুইসাইড হটলাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে চালু হচ্ছে নতুন সুইসাইড হটলাইন সেবা। ১২ ডিসেম্বর ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) পাঁচ সদস্য এ হটলাইন চালুর প্রস্তাবের পক্ষে ভোট দেন, যা এখন জনসাধারণের মতামতের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
সুইসাইড হটলাইনের নতুন নম্বর হিসেবে ৯৮৮ নির্ধারণ করা হয়েছে। জরুরি সেবা নম্বর ৯১১ সঙ্গে মিল রেখে এ নম্বর নির্ধারণ করা হয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে সুইসাইড হটলাইনের জরুরি এই নম্বর চালু হবে। এ বিষয়ে এফসিসির চেয়ারম্যান অজিত পাই বলেন, ‘আমরা বিশ্বাস করি তিন অঙ্কের এই ৯৮৮ নম্বরের ব্যবহার অনেক সহজ হবে। এর ব্যবহারের মাধ্যমে আত্মহত্যা ও মানসিক চাপ হ্রাস করা সম্ভব হবে।
গত বছর কংগ্রেসে পাস হয় আত্মহত্যা মোকাবিলায় নতুন আইন। এই আইনে হটলাইনের কার্যকারিতা তুলে ধরার পাশাপাশি এর জন্য একটি ডায়ালিং কোড নির্ধারণের কথা বলা হয়। এ বছরের আগস্ট মাসে হটলাইনের জন্য ৯৮৮ নম্বর নির্ধারণ করা হয়, যা ১২ ডিসেম্বর এফসিসির সদস্যদের ভোটে চূড়ান্ত হয়। স্বাস্থ্য ও মানবসেবা অধিদপ্তরের তথ্যমতে, ২০১৭ সালে ৪৭ হাজারেরও বেশি মানুষ আত্মহত্যা করেছে। এ ছাড়া ১৪ লাখের বেশি মানুষ আত্মহত্যার চেষ্টা করে ওই বছর।
ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্যমতে, আমেরিকায় মৃত্যুর কারণগুলোর মধ্যে আত্মহত্যা দশম। বর্তমানে আমেরিকায় আত্মহত্যার হার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ। এফসিসি পরিচালিত এ জরিপে দেখা গেছে, ১৯৯৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে আত্মহত্যার প্রবণতা ৩৩ শতাংশ বেড়েছে। সুইসাইড হটলাইনের বর্তমান নম্বর ১-৮০০-২৭৩-৫২৫৫, যা গত বছর প্রায় ২২ লাখ কল রিসিভ করেছে। এই নম্বরের মাধ্যমে প্রায় এক লাখ অনলাইন পরামর্শ দেওয়া হয়েছে।